সংঘর্ষ-নাশকতা, ছাত্রলীগের দুই নেতা-কর্মী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইল ও চুয়াডাঙ্গায় ছাত্রলীগের দুই নেতা-কর্মীকে হত্যা, হরতাল-সমর্থকদের সঙ্গে হরতালবিরোধী ও পুলিশের সংঘর্ষ, গাড়ি ও বাড়িঘরে আগুন-ভাঙচুরের মধ্য দিয়ে গতকাল মঙ্গলবার শেষ হয়েছে বিএনপি-জামায়াতের নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ৩৬ ঘণ্টার হরতাল। তবে রাজধানীর অধিকাংশ এলাকায় শান্তিপূর্ণ ও ঢিলেঢালা হরতাল পালিত হয়েছে।মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় রেললাইনের ফিশপ্লেট খুলে রাখায় উপবন এক্সপ্রেস লাইনচ্যুত হয়ে বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছে। একাধিক জেলায় আবারও রাস্তার ওপর গাছ কেটে ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। চাঁদপুরের হাজীগঞ্জে রাস্তাজুড়ে কাচের বোতল ভেঙে ফেলে রেখে পথচারীদের জন্য অবর্ণনীয় ঝুঁকি সৃষ্টি করেন বিএনপির কর্মীরা।বিএনপি দাবি করেছে, দুই দিনের হরতালে সারা দেশ থেকে তাদের ৪০০ নেতা-কর্মীকে আটক করা হয়েছে। আর পুলিশ ও সরকারদলীয় নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষে আহত হয়েছেন ৩০০ জন।কাল বৃহস্পতিবার ঢাকা জেলা বিএনপির ডাকে পাঁচটি উপজেলা সাভার, কেরানীগঞ্জ, নবাবপুর, দোহার ও ধামরাইয়ে হরতাল পালিত হবে। ঢাকা মহানগরে হরতাল হবে না।ছাত্রলীগের নেতা নিহত: টাঙ্গাইলের গোপালপুরে হরতাল-সমর্থকদের হামলায় উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ইমরান হোসেন সরকার নিহত হয়েছেন। হরতাল-সমর্থকদের প্রতিরোধ করতে গিয়ে ধারালো অস্ত্রের আঘাতে তিনি নিহত হন। ঘটনার পর আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা মিছিল নিয়ে উপজেলা বিএনপির কার্যালয় ভাঙচুর করেন এবং তাতে আগুন ধরিয়ে দেন। সদর বিএনপির নেতা ও সমর্থকদের অন্তত ২০টি দোকান ও বাড়িতেও হামলার ঘটনা ঘটে।ছাত্রলীগের নেতা-কর্মী ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলা সদরের অবঙ্গি এলাকায় ছাত্রলীগের প্রায় অর্ধশত নেতা-কর্মী ভোর ছয়টার দিকে হরতাল-সমর্থকদের প্রতিরোধে মাঠে নামেন। হরতাল-সমর্থকেরা অবঙ্গির পূর্বদিকে ও ছাত্রলীগের নেতা-কর্মীরা পশ্চিমে অবস্থান নেন। পুলিশ মাঝে অবস্থান নিয়ে দুই পক্ষকে নিবৃত্ত করার চেষ্টা করে। একপর্যায়ে ইমরান হোসেনসহ ছাত্রলীগের ১০-১২ জন কর্মী পুলিশি প্রতিবন্ধকতা ভেঙে হরতাল-সমর্থকদের ধাওয়া করেন। এতে তাঁরা ছত্রভঙ্গ হয়ে যান। ছাত্রলীগের নেতা-কর্মীরা তাঁদের পূর্বের অবস্থানে ফিরে আসছিলেন। ইমরান ছিলেন সবার পেছনে। এ সময় একটি গলির ভেতর থেকে ছাত্রদলের নেতা-কর্মীরা হঠাৎ বেরিয়ে এসে ইমরানকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কুপিয়ে জখম করেন। তাঁকে উদ্ধার করে প্রথমে গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ইমরান ঢাকা কলেজের বাংলা সমঞ্চান চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন।গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অর্ধশতাধিক গুলি ও টিয়ার গ্যাসের শেল নিক্ষেপ করা হয়। হত্যার ঘটনায় সন্দেহভাজন ১২ জনকে আটক করা হয়।ইমরান হোসেন হত্যার ঘটনায় আওয়ামী লীগকে দায়ী করে টাঙ্গাইল জেলা বিএনপি সংবাদ সম্মেলনে বলেছে, আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীরা পুলিশের উপস্থিতিতে তাদের ওপর হামলা চালান। এ সময় হামলাকারীদের আঘাতেই ইমরান নিহত হন। চুয়াডাঙ্গায় ছাত্রলীগের কর্মী খুন: স্থানীয় ছাত্রলীগ দাবি করেছে, আগের রাতে ছাত্রদলের হামলায় ছাত্রলীগের গুরুতর আহত কর্মী টুটুল হোসেন (২০) গতকাল ভোরে মারা গেছেন। ছাত্রলীগের নেতা-কর্মীরা তাঁর লাশ নিয়ে মিছিল করেন। টুটুল শহরের ইমার্জেন্সি সড়কের আমজাদ হোসেনের ছেলে ও চুয়াডাঙ্গা পলিটেকনিক ইনস্টিটিউটের দ্বাদশ শ্রেণীর ছাত্র। জেলা ছাত্রলীগের সভাপতি শরীফ হোসেন দাবি করেন, ছাত্রদলের কিরণ-সমর্থক ক্যাডাররা টুটুলের ওপর হামলা চালিয়েছে। তবে, জেলা ছাত্রদলের আহ্বায়ক শরীফ উর জামান বলেন, অভিযুক্ত কিরণ বর্তমানে ছাত্রদলের সঙ্গে নেই।ছাত্রলীগের কর্মী আবিদ শাহরিয়ার বলেন, সোমবার সন্ধ্যা সাতটার দিকে ছাত্রলীগের আটজন কর্মী মোটরসাইকেলে শহরের মহিলা কলেজপাড়ায় যান। এ সময় কিরণ গ্রুপের সদস্যরা তাঁদের লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। ইটের আঘাতে টুটুল মোটরসাইকেল থেকে পড়ে গেলে দুর্বৃত্তরা তাঁকে কুপিয়ে জখম করে। স্থানীয় লোকজন তাঁকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠায়।চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক (তদন্ত) ফারুক হোসেন বলেন, দুর্বৃত্তদের ধরতে পুলিশ অভিযানে নেমেছে। সংঘর্ষ: চট্টগ্রামে বেলা ১১টার দিকে কর্ণফুলী তৃতীয় সেতু এলাকায় হরতাল-সমর্থক ও বিরোধীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। দুপুর ১২টায় বহদ্দারহাট এলাকায় দুটি ককটেলের বিস্ফোরণ ঘটে। নাসিমন ভবনের বিএনপির কার্যালয়ের অদূরে দুটি এবং আন্দরকিল্লা মোড়ে একটি ককটেলের বিস্ফোরণ ঘটে। নগরের সীতাকুণ্ডের জলিল গেট এলাকায় সকাল ১০টায় হরতাল-সমর্থকদের সঙ্গে পুলিশ ও র‌্যাবের ধাওয়া-পাল্টাধাওয়া এবং সংঘর্ষ হয়। এতে ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির এক সার্জেন্টসহ পুলিশের ছয় সদস্য ও তিনজন হরতাল-সমর্থক আহত হন। হাটহাজারী উপজেলার চৌধুরীহাট এলাকায় আওয়ামী লীগের মিছিলে ঢিল ছোড়া হলে একজন আহত হয়।রাজশাহীর বিনোদপুরের নিচাবাজারে শিবিরের কর্মীরা তিনটি বাসার ছাদ থেকে ইটপাটকেল ও হাতবোমা ছুড়ে মারেন। আহত হন পুলিশের মতিহার জোনের সহকারী কমিশনার আবুল হাসনাত ও পুলিশের চার সদস্য। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। নগরের মালোপাড়াতেও পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষ হয়েছে। পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছোড়ে। পরে বিএনপির নেতা-কর্মীরা কয়েকটি দোকান ও বাড়িতে ভাঙচুর চালান।সিরাজগঞ্জ সদর উপজেলার ফকিরতলায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে হরতাল-সমর্থকদের সংঘর্ষ হয়েছে। এ সময় কয়েকটি দোকান, বাড়ি এবং একটি কিন্ডারগার্টেন স্কুল ভাঙচুর ও লুটপাট করে আগুন ধরিয়ে দেওয়া হয়। পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করেছে। সংঘর্ষে আহত হয় কমপক্ষে ১০ জন। সিরাজগঞ্জ-রায়গঞ্জ আঞ্চলিক সড়কের বহুলী বাজারেও হরতাল-সমর্থকেরা একটি মোটরসাইকেল ভাঙচুর করে আগুন দেয়। উদ্ভূত পরিস্থিতিতে সদর উপজেলার ১১টি, উল্লাপাড়ার একটি এবং তাড়াশের তিনটি স্থানে ১৪৪ ধারা জারি রয়েছে।সকালে ব্রাহ্মণবাড়িয়ায় সদর উপজেলার সুলতানপুরে আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষে নয়জন আহত হন। আহত নিজামউদ্দিন নামের বিএনপির এক কর্মীকে ঢাকায় পাঠানো হয়। পরে নিজামউদ্দিন মারা গেছেন, এমন গুজবে দলের নেতা-কর্মীরা তোফায়েল আজম (টি এ রোড) সড়কে বেশ কয়েকটি দোকান ভাঙচুর করেন। পাওয়ার হাউস রোডে পুলিশকে লক্ষ্য করে অর্ধশত ককটেল নিক্ষেপ করে হরতাল-সমর্থকেরা। পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। শহরের বিরাসার, রেলগেট, কান্দিপাড়া এলাকায় মুহুর্মুহু ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। লালমনিরহাটের মিশন মোড় চত্বরে হরতাল-সমর্থক ও বিরোধীদের সংঘর্ষের উপক্রম হলে পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। হরতাল-সমর্থকদের ইটপাটকেলে অতিরিক্ত পুলিশ সুপার মোকবুল হোসেন, এএসপি (সার্কেল) মাহফুজার রহমান ও কনস্টেবল জেরিন খানমসহ কমপক্ষে ১০ জন আহত হন। মুন্সিগঞ্জ সদর উপজেলার মুক্তারপুরে পাঁচটি গাড়ি ভাঙচুর করা হয়। চাঁদপুরের আলীগঞ্জ থেকে হাজীগঞ্জ পূর্ববাজার পর্যন্ত এলাকায় গতকাল বিএনপি ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে কয়েক দফা সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হন। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বিএনপি ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের সময় পুলিশ সদস্যসহ দুজন আহত হন। আটক, মামলা: চট্টগ্রাম নগরে ১৭ জন, সীতাকুণ্ডে দুজন, সাতক্ষীরায় চারজন, রাজবাড়ীতে পাঁচজন, নোয়াখালীতে পাঁচজন, রাজশাহীতে তিনটি ছাত্রাবাসের মালিকসহ ৬২ জন, চাঁদপুরের হাজীগঞ্জে পাঁচজন, মানিকগঞ্জে সাতজন, শেরপুরে তিনজন, ব্রাহ্মণবাড়িয়ায় আটজন ও কিশোরগঞ্জে নয়জনকে আটক করেছে পুলিশ। ফেনীতে রোববার রাতে হরতাল-সমর্থকদের ইটের আঘাতে ট্রাকচালক নিহত হওয়ার ঘটনায় বিএনপি, যুবদল ও ছাত্রদলের ৪৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। ভাঙচুর ও আগুন: চট্টগ্রামে স্টেশন রোডে সিএনজিচালিত তিনটি অটোরিকশা ও একটি ট্যাক্সিক্যাব ভাঙচুর, ফৌজদারহাট রেলস্টেশনে ভাঙচুর, রেললাইনে অগ্নিসংযোগ এবং ঢাকামুখী ময়মনসিংহ এক্সপ্রেস ট্রেনে ঢিল ছোড়ে হরতাল-সমর্থকেরা। ময়মনসিংহ এক্সপ্রেসের ইঞ্জিন-কক্ষের জানালার কাচ ভেঙে ট্রেনচালক হাবিবুর রহমান আহত হন। এর আগে সকালে হরতাল-সমর্থকেরা স্টেশনে ভাঙচুর এবং রেললাইনে টায়ার জ্বালিয়ে ট্রেন চলাচলে বাধা সৃষ্টির চেষ্টা করে। এতে ঢাকামুখী চট্টলা এক্সপ্রেস আড়াই ঘণ্টা দেরিতে যাত্রা করে। ব্রাহ্মণবাড়িয়ায় শিমরাইলকান্দি এলাকায় রেললাইনেও আগুন দেওয়া হয়। লালমনিরহাট রেলস্টেশন রোডে দুপুরে রেলওয়ে শ্রমিক দলের কার্যালয়ে হরতালবিরোধীরা অগ্নিসংযোগ ও ভাঙচুর করে। শহরের সাপটানা বাজার কুলাঘাট রোড এলাকায় পানি উন্নয়ন বোর্ড কার্যালয়ের সামনে দুটি মোটরসাইকেল ও পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় আরও একটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাটে টেম্পোতে আগুন দেওয়া হয়। ভাঙচুর করা হয় সিএনজিচালিত একটি অটোরিকশা। মানিকগঞ্জে বাসে আগুন ও রাজবাড়ীতে দুটি অটোরিকশা ভাঙচুর করা হয়। জামালপুরের সরিষাবাড়ীতে পাঁচটি গাড়ি ভাঙচুর, নরসিংদীতে পিকআপ ভ্যানে আগুন দেওয়া হয়।ঢাকার চিত্র: রাজধানীতে কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বিএনপি-জামায়াতের কর্মীরা কয়েকটি মিছিল করেছেন। পুলিশ মিছিলগুলো ছত্রভঙ্গও করে দেয়। আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলো হরতালবিরোধী মিছিল করেছে।ঢাকা মহানগর পুলিশ জানিয়েছে, ঢাকার বিভিন্ন এলাকা থেকে ৩০ জনকে আটক করা হয়েছে। ১০টি ককটেল উদ্ধার হয়েছে। হরতাল-সমর্থকেরা দুটি গাড়িতে আগুন দিয়েছে।রাজধানীর অধিকাংশ এলাকায় শান্তিপূর্ণ ও ঢিলেঢালা হরতাল পালিত হয়েছে। গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের কারণে নগরবাসীর মধ্যে আতঙ্ক ছিল গতকালও। যান চলাচল ছিল খুবই কম। সরকারি অফিসগুলো খোলা ছিল। সচিবালয়ে স্বাভাবিক কাজকর্ম চলেছে, তবে দর্শনার্থী কম ছিল। শিক্ষাপ্রতিষ্ঠান ও বেশির ভাগ দোকানপাট বন্ধ ছিল। ট্রেন ও লঞ্চ ঢাকা থেকে ছেড়ে গেছে। দূরপাল্লার বাস চলেনি। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের অবস্থান ছিল আগের মতোই। কোনো নেতা-কর্মীকে কার্যালয়ে আসতে দেখা যায়নি। কার্যালয়ের সামনেও কেউ ছিলেন না। সেখানে ছিল না হরতালের সমর্থনে কোনো মিছিল-স্লোগান। কার্যালয়ের ভেতরে ছিলেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কয়েকজন কেন্দ্রীয় নেতা।জামায়াতে ইসলামী দাবি করেছে, তারা ২২টি স্থানে পিকেটিং ছাড়াও গুলশান, শেরেবাংলা নগর, তেজগাঁও, মিরপুর, শাহ আলী, রূপনগর, পল্লবী, কাফরুল, যাত্রাবাড়ী, শাহজাহানপুর, বাড্ডা ও মতিঝিলে মিছিল করেছে।সকাল সাড়ে সাতটার দিকে নটর ডেম কলেজের সামনে একটি মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে চারটি হাতবোমা ছোড়া হয়। মিছিলকারীরা ব্র্যাক ব্যাংকের একটি এটিএম বুথ ভাঙচুর করে। পুলিশ ফাঁকা গুলি ছুড়ে তাদের ছত্রভঙ্গ এবং দুজনকে আটক করেছে। টিটিপাড়ায় রেললাইনের ওপর হাতবোমা বিস্ফোরণের সময় তিন শিশুকে আটক করে পুলিশ। বেলা আড়াইটার দিকে মতিঝিল সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে মিরপুরগামী একটি বাসে আগুন দেয় দুষ্কৃতকারীরা।এ ছাড়া মিরপুরের বিভিন্ন এলাকায় ছয়টি গাড়ি ভাঙচুর করা হয়। এসব এলাকা থেকে মোট নয়জনকে আটক করা হয়।ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পাঁচটি ককটেল বিস্ফোরিত হয়েছে। বিশ্ববিদ্যালয় এবং এর আশপাশের এলাকা থেকে পাঁচটি ককটেল উদ্ধার করেছে পুলিশ। জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি ফয়সাল আহমেদসহ পাঁচজনকে আটক করা হয়েছে। পুরান ঢাকার গেন্ডারিয়া এলাকা থেকে গতকাল দুপুর ১২টার দিকে হরতাল-সমর্থক সন্দেহে তিন পথচারীকে আটক করেছে গেন্ডারিয়া থানার পুলিশ।দুজনকে কারাদণ্ড: সবুজবাগে গাড়িতে আগুন দেওয়ার প্রস্তুতির সময় মো. মনু মিয়াকে (৩০) হাতেনাতে আটক করে পুলিশ। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম তাঁকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন। মতিঝিলে পুলিশকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটানোর দায়ে মো. মোশারফ হোসেনকে (২৮) আদালত এক বছরের বিনাশ্রম সাজা দেন। তাঁদের ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।