ভোলার লালমোহন পৌরসভায় গত মঙ্গলবার সংঘর্ষ হয়েছিল দুই মেয়র পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে। কিন্তু থানায় মামলা হয়েছে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর প্রতিদ্বন্দ্বী তিন প্রার্থীর লোকজনের বিরুদ্ধে। ভোটের আগমুহূর্তে মামলার আসামি হয়ে ওই তিন মেয়র পদপ্রার্থীর ৩১ জন সক্রিয় কর্মী এখন এলাকাছাড়া। অথচ মামলার বাদী বলছেন, আসামি কারা তা তিনি জানেন না।মেয়র পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এ কে এম মিজানুর রহমান, বিএনপির প্রার্থী এনায়েত কবির ও বিএনপির বিদ্রোহী প্রার্থী মনিরুজ্জামান অভিযোগ করেছেন, আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী এমদাদুল ইসলাম স্থানীয় সাংসদ নুরুন্নবী চৌধুরী ওরফে শাওনের চাচাতো ভাই। তাই সাংসদের প্রভাবে পুলিশ ও প্রশাসনকে ব্যবহার করে সাজানো মামলায় তাঁদের লোকদের ভোটের আগের দিন এলাকাছাড়া করা হয়েছে। তাঁরা বলেন, মামলাটি হয়েছে গত মঙ্গলবার রাত ১১টায়। আর পুলিশ আসামি গ্রেপ্তারের অভিযানে নামে ওই দিন সন্ধ্যা থেকে। এটা করা হয়েছে মূলত এলাকায় আতঙ্ক ছড়ানোর জন্য।স্থানীয় সূত্রগুলো জানায়, মঙ্গলবার দুপুরে পৌরসভার নয়ানি গ্রামে নির্বাচনের প্রচার নিয়ে বিএনপির প্রার্থী এনায়েত কবির ও আওয়ামী লীগের প্রার্থী এমদাদুল ইসলামের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় সাতজন আহত হয়। পরে পুলিশ ও সেনাবাহিনী সেখানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এ কে এম মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, ‘সংঘর্ষ হয়েছে এনায়েত ও এমদাদের সমর্থকদের মধ্যে। কিন্তু মামলায় আমার নির্বাচনী এজেন্ট জাভেদুর রহমান ও দুজন পোলিং এজেন্টসহ গুরুত্বপূর্ণ ১০ কর্মীকে আসামি করা হয়েছে।’ তিনি অভিযোগ করেন, থানায় মামলাটি করা হয় রাত ১১টায়। কিন্তু পুলিশ সন্ধ্যার পর থেকেই আসামি গ্রেপ্তারের নামে তাঁর কর্মীদের বাড়ি বাড়ি অভিযান শুরু করে। তাঁর নির্বাচনী কার্যালয়েও পুলিশ হানা দেয়। হাসান কাজী নামে তাঁর এক কর্মীকে গ্রেপ্তারও করেছে পুলিশ। এখন ভয়ে তাঁর অনেক কর্মী এলাকা ছেড়েছেন।বিএনপির বিদ্রোহী প্রার্থী মনিরুজ্জামানেরও একই অভিযোগ। তিনি বলেন, তাঁর ছয় কর্মীকে একই মামলায় আসামি করা হয় এবং একজনকে গ্রেপ্তার করা হয়। এ কারণে অন্য কর্মীদের অনেকে গা ঢাকা দিয়েছেন।বিএনপির মেয়র পদপ্রার্থী এনায়েত কবীর প্রথম আলোর কাছে অভিযোগ করেন, ‘মঙ্গলবার আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে বহিরাগত সন্ত্রাসীরা আমার এলাকায় এসে হামলা চালায়। তারা বিএনপির কর্মীদের বাড়িঘর ভাঙচুর করে। পরে আবার আমার কর্মীদের বিরুদ্ধেই মামলা করে।’ওই ঘটনায় অপর দুই মেয়র পদপ্রার্থী মিজানুর রহমান ও মনিরুজ্জামানের কোনো কর্মী জড়িত ছিলেন কি না, এ প্রশ্নের জবাবে এনায়েত কবীর বলেন, ‘ঘটনা ঘটেছে আমার কর্মীদের সঙ্গে। এর পরও অন্য দুই প্রার্থীর কর্মীদেরও আসামি করা হয়েছে। আসলে আওয়ামী লীগের প্রার্থী ভোটের আগমুহূর্তে প্রতিপক্ষের সব কর্মীকে এলাকাছাড়া করতে পরিকল্পিতভাবে এই হামলা ও মামলা করেছেন।’জানা গেছে, মামলাটির বাদী মজিবুর রহমান ওরফে লিটন আওয়ামী লীগের প্রার্থীর লোক হলেও পৌরসভার ভোটার নন। তাঁর বাড়ি বদরপুর ইউনিয়নে।জানতে চাইলে মজিবুর রহমান প্রথম আলোকে বলেন, তিনি লালমোহনের বদরপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক। মঙ্গলবার তিনি আরও অনেকের সঙ্গে এমদাদুল ইসলামের পক্ষে নয়ানি গ্রামে নির্বাচনী প্রচারে অংশ নেন। এ সময় এনায়েত কবিরের লোকজন তাঁদের ওপর হামলা চালায়। এ ঘটনায় তিনি আহত হন। তিনি দাবি করেন, এ ঘটনায় তিনি বাদী হয়ে থানায় মামলা করেছেন। তবে এজাহারের বিবরণ সম্পর্কে তিনি পুরোপুরি জানেন না।মামলায় কাদের আসামি করেছেন, এই প্রশ্নের জবাবে মজিবুর রহমান বলেন, ‘আমি আসামিদের নাম বলতে পারব না। তবে যারা হামলা চালিয়েছে, তাদের আসামি করা হয়েছে।’এ ব্যাপারে জানতে চাইলে আওয়ামী লীগের প্রার্থী এমদাদুল ইসলাম দাবি করেন, ছাত্রলীগের একদল নেতা-কর্মী তাঁর পক্ষে প্রচার চালাতে নয়ানি গ্রামে গেলে বিএনপির প্রার্থী এনায়েত কবীরের কর্মীরা হামলা চালান এবং তিনজনকে কুপিয়ে জখম করেন।এনায়েত কবীরের সমর্থকদের সঙ্গে সংঘর্ষ হলে মিজানুর ও মনিরুজ্জামানের কর্মীদের কেন আসামি করা হলো, এই প্রশ্নের জবাবে এমদাদুল বলেন, ‘তাঁরা তিনজনেই এক। সংবাদ সম্মেলন করে তিনজনই আমার বিরুদ্ধে বলেছেন।’ এ কারণেই কি তাঁদের কর্মীদের আসামি করা হয়েছে? এই প্রশ্নের জবাবে তিনি বলেন, যাঁরা ঘটনাস্থলে ছিলেন, তাঁদেরই মামলায় আসামি করা হয়েছে।লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন খান প্রথম আলোকে বলেন, ‘মামলায় কাদের আসামি করা হবে, সে ব্যাপারে পুলিশের কিছু করার থাকে না। পুলিশের কাজ তদন্ত করা। কাজেই আসামি হিসেবে যাদেরই নাম থাকুক না কেন, পুলিশ তদন্ত করে কেবল দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। কাজেই যারা ঘটনাস্থলে ছিল না, তাদের আতঙ্কিত হওয়ার কিছু নেই।’ বিভিন্ন প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে পুলিশ অভিযান চালিয়েছে বলে অভিযোগ সম্পর্কে ওসি বলেন, ‘পুলিশ হয়তো আশপাশে ঘোরাঘুরি করেছে। এ কারণে তারা এমন অভিযোগ করেছে।’