চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভা কার্যালয়ের সামনে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে পৌর মেয়র মনজিল হোসেনসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। আজ দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত মনজিল হোসেনকে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে অবস্থার অবনতি ঘটায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিত্সকেরা।জানা যায়, চাঁদপুরে আগামীকাল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আগমন উপলক্ষে ফরিদগঞ্জ আসনের বিএনপির সাংসদ হারুন-উর-রশিদের সমর্থকেরা আজ বেলা সাড়ে ১১টার দিকে একটি মিছিল বের করে। চাঁদপুর-লক্ষ্মীপুর সড়কের কাছে এলে ওই মিছিলের ওপর হামলা চালায় ফরিদগঞ্জ পৌরসভা মেয়র মনজিল হোসেনের সমর্থক বিএনপির আরেকটি পক্ষ।মিছিলে হামলার কথা ছড়িয়ে পড়লে প্রায় এক ঘণ্টা পরে সাড়ে ১২টার দিকে সাংসদ হারুন-উর-রশিদের সমর্থকেরা ফরিদগঞ্জ পৌরসভায় হামলা চালায়। এতে পৌরসভা মেয়র মনজিলসহ ১০ জন আহত হন। হামলাকারীরা পৌরসভা কার্যালয়ে ব্যাপক ভাঙচুর করে। তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্র তছনছ করে এবং পৌরসভা কার্যালয়ের অধিকাংশ কক্ষের দরজা ও জানালা ভেঙে ফেলে। দুটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। এ সময় আতঙ্কে দোকানপাট ও রাস্তাঘাটে যান চলাচল বন্ধ হয়ে যায়।ফরিদগঞ্জ থানার পুলিশের উপপরিদর্শক জাহাঙ্গীর আলম প্রথম আলো অনলাইনকে বলেন, পৌরসভা কার্যালয়ের সামনে শতাধিক পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ছাড়া আহত ব্যক্তিদের মধ্যে ছয়জনকে ফরিদগঞ্জ থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।