সংঘর্ষের ঘটনায় এক ছাত্রলীগ কর্মী বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্য সেন হল ও মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল শাখা ছাত্রলীগ কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় এক ছাত্রলীগ কর্মীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এছাড়া ঘটনা তদন্তে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। বহিষ্কৃত ছাত্রলীগ কর্মী রাকিবুল ইসলাম ওরফে সৌরভ আইন বিভাগের প্রথম বর্ষের ছাত্র। তিনি সূর্য সেন হল শাখা ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী বলে জানা গেছে। গতকাল শুক্রবার রাতে জিয়া হল সংলগ্ন সড়কের পাশের দোকান থেকে সিগারেট কেনাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনাটি ঘটেছিল। ভারপ্রাপ্ত প্রক্টর আমজাদ আলী প্রথম আলো ডটকমকে বলেন, প্রাথমিক তদন্তে রাকিবুল ইসলাম দোকানদারকে প্রথমে মারধর করেছে বলে জানা গেছে। আর এই ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ শুরু হওয়ায় তাঁকে বহিষ্কার করা হয়েছে। তিনি বলেন, সহকারী প্রক্টর আফতাব আলী শেখকে প্রধান করে পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন সহকারী প্রক্টর ফজলুর রহমান, রবিউল ইসলাম, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের আবাসিক শিক্ষক মশিউর রহমান ও সূর্য সেন হলের আবাসিক শিক্ষক মো. বাহাউদ্দিন। পাঁচ কার্যদিবসের মধ্যে তারা তদন্ত করে প্রতিবেদন জমা দেবেন। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, পালি ও বুড্ডিস্ট স্টাডিজ বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র নাজমুল হুদা ওরফে রাজীব শুক্রবার রাতে জিয়াউর রহমান হল সড়কের পাশে দোকান থেকে সিগারেট কিনতে যান। দোকানদার হেলাল সিগারেট দিতে দেরি করলে রাজীব তাঁর উপর চড়াও হন। এরপর তিনি রাকিবুল ইসলামসহ অন্যদের ডেকে পাঠালে তারা দোকানদারকে মারধর করেন। এসময় আশেপাশে থাকা জিয়া হলের ছাত্রলীগ নেতা-কর্মীরা তাদেরকে ধাওয়া করলে তারা সূর্য সেন হলে চলে যায়। পরে দুই হলের কয়েকশ নেতা-কর্মী মুখোমুখি অবস্থান নিয়ে পরস্পরের দিকে ইটপাটকেল ছোঁড়েন। এ ঘটনায় কেউ আহত না হলেও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আমজাদ আলী বলেন, তদন্ত শেষে এর সঙ্গে সংশ্লিষ্ট অন্যদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।