সংঘর্ষের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটি গঠন
ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা তদন্তে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এদিকে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে দুই প্রতিষ্ঠানের কর্মী-সমর্থকদের আজকের ১৪ দলের মহাসমাবেশে যোগ না দিতে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছিল।ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আমজাদ আলী আজ বুধবার প্রথম আলো অনলাইনকে বলেন, ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের অধ্যাপক কামাল উদ্দিন আহমেদকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক মফিজুর রহমান এবং ভূগোল ও পরিবশে বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মাকসুদুর রহমান। তিন দিনের মধ্যে তাঁদের ঘটনার কারণ ও জড়িতদের চিহ্নিত করে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।এদিকে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম প্রথম আলো অনলাইনকে বলেন, আজকের মহাসমাবেশ কর্মসূচিতে যোগ দিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজের ছাত্রলীগের কর্মী-সমর্থকদের নিষেধ করা হয়। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতেই এ সিদ্ধান্ত। তবে দুই প্রতিষ্ঠানে ছাত্রলীগের জ্যেষ্ঠ নেতারা মহাসমাবেশে যেতে পারবেন।নীলক্ষেতের লাভলী রেস্টুরেন্টে বসা নিয়ে গতকাল রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে প্রথমে কথাকাটাকাটি এবং পরে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই দোকানের মালিক দেলোয়ার আজ প্রথম আলো অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেন।প্রসঙ্গত, রাজধানীর নীলক্ষেত এলাকায় গতকাল মঙ্গলবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে ওই সংঘর্ষে প্রায় ৫০ জন শিক্ষার্থী আহত হন। সংঘর্ষ চলাকালে গুলি ও বোমা বিস্ফোরিত হয় বলে অভিযোগ পাওয়া গেছে।