সংঘর্ষের মধ্য দিয়ে লন্ডনে বাংলাদেশের মানবাধিকার সম্মেলন পণ্ড
তুমুল হইচই, হামলা-পাল্টাহামলা আর চেয়ার ছোড়াছুড়ির মধ্য দিয়ে ভণ্ডুল হয়ে গেছে গতকাল শুক্রবার লন্ডনের মানবাধিকার সম্মেলন। এ সময় প্রতিপক্ষ দলের সমর্থকদের চেয়ারের আঘাতে লন্ডন মহানগর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজিবুল হকসহ অন্তত পাঁচজন আহত হন।‘বাংলাদেশের গণতন্ত্র, সুশাসন ও মানবাধিকার প্রশ্নে রাজনৈতিক দলগুলোর ভূমিকা’ শীর্ষক ওই সম্মেলনের আয়োজক ছিল ইন্টারন্যাশনাল বাংলাদেশ ফাউন্ডেশন। লন্ডন স্কুল অব ইকোনমিকসে এ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।সম্মেলনে ইউকে অল পার্টি পার্লামেন্টারি হিউম্যান রাইটস গ্রুপের ভাইস চেয়ারম্যান লর্ড এভবারির সভাপতিত্ব করার কথা থাকলেও অসুস্থতার কারণে তিনি উপস্থিত থাকতে পারেননি। অন্যদিকে অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ ফর বাংলাদেশের চেয়ারম্যান অ্যান মেইন এমপিও ছিলেন অনুপস্থিত। উভয়ের অনুপস্থিতিতে সম্মেলনে সভাপতির দায়িত্ব পালন করেন ব্যারোনেস পলা মঞ্জিলা উদ্দীন।লন্ডন সময় বিকেল তিনটার দিকে সম্মেলন শুরু হয়। এতে স্বাগত বক্তব্য দেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাঈদুর রহমান খান। এরপর বিএনপির পক্ষ থেকে দলটির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক কমর উদ্দীন বক্তৃতা দেওয়ার সময় আওয়ামী লীগের সমর্থকেরা হইচই করেন।পরে আওয়ামী লীগের নেতা সুলতান শরীফ বক্তব্য দেন। তিনি বলেন, যারা মানুষ খুন করে ক্ষমতায় আসে, তাদের মুখে মানবাধিকারের কথা মানায় না। বিএনপির মুখে মানবাধিকারের কথার উদ্দেশ্যই হলো যুদ্ধাপরাধীদের বাঁচানোর প্রচেষ্টা মাত্র। এ সময় দর্শক সারিতে বসে থাকা বিএনপির শরিফুজ্জামান ‘স্টপ ইট’ বলে চিৎকার করতে থাকলে উপস্থিত বিএনপির সমর্থকেরাও তাঁকে অনুসরণ করেন।এ সময় পাশের আসনে বসে থাকা লন্ডন মহানগর আওয়ামী লীগের নেতা রাজিবুল হক এর প্রতিবাদ করলে তাঁকে লক্ষ্য করে চেয়ার ছুড়ে মারা হয়। সঙ্গে সঙ্গে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকেরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। একপর্যায়ে ব্যারোনেস পলা মঞ্জিলা মাইকে সবাইকে শান্ত হতে ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে অনুরোধ করেন। কিন্তু সংঘর্ষ অব্যাহত থাকলে কোনো আলোচনা ছাড়াই সম্মেলনের সমাপ্তি টানেন ব্যারোনেস পলা মঞ্জিলা।সম্মেলন ভণ্ডুল হওয়ার পর অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের আব্বাস ফায়িজ প্রথম আলোকে বলেন, এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। ব্যারোনেস পলা প্রথম আলোকে বলেন, এ ধরনের সম্মেলনের জন্য উভয় রাজনৈতিক দলেরই সহনশীল হওয়া প্রয়োজন।সম্মেলনে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা মশিউর রহমান, মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী শিরিন শারমিন চৌধুরী, সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু, সাংবাদিক আবদুল গাফ্ফার চৌধুরী, সাবের হোসেন চৌধুরী, বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার উপদেষ্টা শওকত মাহমুদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খানসহ বেশ কয়েকজন সাংসদ।সম্মেলন ভণ্ডুল হওয়ার পর স্থানীয় বিএনপি ও আওয়ামী লীগ পৃথক সংবাদ সম্মেলন করে এ ঘটনার জন্য একে অন্যকে দায়ী করে।