সংঘাত অনিবার্য হয়ে উঠল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনমতকে উপেক্ষা করে একতরফাভাবে সংবিধান সংশোধনীর মাধ্যমে দেশকে অনিবার্য সংঘাতের দিকে ঠেলে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া।জাতীয় সংসদে পঞ্চদশ সংশোধনী পাসের পর গতকাল বৃহস্পতিবার বিকেলে গুলশানের কার্যালয়ে সংবাদ সম্মেলনে খালেদা জিয়া এ মন্তব্য করেন। এর আগে বেলা দুইটা ৫০ মিনিটে বিরোধী দলের অনুপস্থিতিতে সংসদে সংবিধান (পঞ্চদশ সংশোধন) আইন, ২০১১ পাস হয়। এর মধ্য দিয়ে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার বিলুপ্তি হয়। এর প্রতিক্রিয়ায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, ‘এর মাধ্যমে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের সব সম্ভাবনা তিরোহিত হলো। এই অপচেষ্টায় দেশে সংঘাত অনিবার্য হয়ে উঠল। গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ পন্থায় ক্ষমতা হস্তান্তরের সব পথ রুদ্ধ হয়ে গেল।’খালেদা জিয়া সরকারকে সতর্ক করে দিয়ে বলেন, ‘সংবিধান বদলের পরিণাম শুভ হবে না। তাই অবিলম্বে পঞ্চদশ সংশোধনী বাতিল করুন।’খালেদা জিয়ার দাবি, পঞ্চদশ সংশোধনীর পর বাংলাদেশের সংবিধান আওয়ামী লীগের দলীয় ইশতেহারে পরিণত হয়েছে। তিনি বলেন, ‘আজকের দিনটি জাতির ইতিহাসে কলঙ্কময় দিন। সংবিধান সংশোধন স্বৈরশাসন প্রবর্তনের কালো অধ্যায় সৃষ্টি করল।’বিরোধীদলীয় নেতা বলেন, প্রধানমন্ত্রী বলেছেন সংবিধান সংশোধনের পরও যদি বিরোধী দল ন্যায্য কথা বলে, তাহলে আবারও সংশোধন করা যাবে। প্রশ্ন হলো, বিরোধী দলের ন্যায্য কথা শোনার মানসিকতা যদি থাকত, তাহলে সংবিধান সংশোধনের জন্য এত তাড়াহুড়ো করার কী ছিল? তিনি বলেন, ‘আমাদের ন্যায্য কথা হচ্ছে, সংসদে আপনাদের ব্রুট মেজরিটি রয়েছে। সেই ক্ষমতাবলে আপনারা পঞ্চদশ সংশোধনী বাতিল করুন। তত্ত্বাবধায়ক থাকবে না, দলীয় সরকারের অধীনেই নির্বাচন হবে—এই শর্ত তুলে নিন। শর্ত দিয়ে কোনো আলোচনা হয় না।’খালেদা জিয়া বলেন, জাতির ভাগ্যাকাশে দুর্যোগের কালো মেঘের ঘনঘটা। গোঁজামিল ও জোড়াতালির মাধ্যমে সংবিধান সংশোধন দেখে মনে হয়েছে সরকারের হাতে সময় কম। এ ধরনের তড়িঘড়ি ও তুঘলকি কাণ্ডের উদ্দেশ্য হলো দলীয় সরকারের অধীনে প্রহসনের নির্বাচন করা। তিনি বলেন, ‘জীবনের এই প্রান্তে এসে আমি জনগণের অধিকার রক্ষায় কঠিন সংগ্রামে অবতীর্ণ হওয়ার প্রত্যয় গ্রহণ করেছি। প্রতিটি রাজনৈতিক দল, সংগঠন, সমাজশক্তি ও ব্যক্তিকে এই সংগ্রামে শরিক হওয়ার আহ্বান জানাচ্ছি। আসুন, রাজপথের কঠিন সংগ্রামে ষড়যন্ত্র ও অত্যাচার মোকাবিলা করে আরেকবার চূড়ান্ত বিজয় ছিনিয়ে আনি। বিজয় সুনিশ্চিত ও সন্নিকটে।’ বিএনপির চেয়ারপারসন বলেন, আওয়ামী লীগ তাদের দলীয় স্বার্থে যখন যে প্রস্তাব ও ফর্মুলা নেওয়া প্রয়োজন, তখন সেটাই গ্রহণ করেছে। পরবর্তী সময়ে প্রয়োজন ফুরিয়ে গেলে তারা নিজেদের ফর্মুলার বিরুদ্ধেই অবস্থান নিয়েছে। এবারও তারা একই ঘৃণ্য নজির স্থাপন করল। তিনি বলেন, ‘আদালতের রায়ের অজুহাত তুলে সরকার সংবিধান সংশোধন করেছে। এ জন্য বিতর্কিত দলীয় বিচারপতি নিয়োগ দিচ্ছে। এই দলবাজ বিচারকদের তালিকায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক এক ধিক্কৃত নাম। তাঁর রায়ের অজুহাতে সরকার আজ সংশোধনের নামে সংবিধান তছনছ করল। সংবিধান সংশোধনের দায় নেওয়ার সাহস না থাকায় সরকার আদালতের ঘাড়ে বন্দুক রেখে পাখি শিকার করেছে।’খালেদা জিয়া বলেন, সংবিধান সংশোধনের উদ্দেশে গঠিত কমিটি স্বাধীনভাবে দায়িত্ব পালন করেনি। কমিটির কো-চেয়ারম্যান বলেছিলেন, তত্ত্বাবধায়ক সরকার থাকবে কি না, সে সম্পর্কে তাঁরা কোনো মতামত কিংবা সুপারিশ করবেন না। কিন্তু প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার পর তাঁরা মত পাল্টান এবং তত্ত্বাবধায়ক সরকারের বিধান তুলে দেওয়ার সুপারিশ করেন।খালেদা জিয়া বলেন, ‘প্রধানমন্ত্রী ফখরুদ্দীন-মইনুদ্দিনের জরুরি অবস্থার অসাংবিধানিক সরকারকে তত্ত্বাবধায়ক সরকার হিসেবে জাহির করে তাঁদের অপকর্ম ও বেআইনি কার্যকলাপের বিবরণ দিয়ে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের পক্ষে যুক্তি দিচ্ছেন। এসব কুযুক্তি।’ তাঁর দাবি, সংবিধান নিয়ে বর্তমান সরকারের স্বেচ্ছাচারিতা, জালিয়াতি, জোচ্চুরি, প্রবঞ্চনা ও প্রতারণার কোনো শেষ নেই।বিরোধীদলীয় নেতা বলেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করে প্রধানমন্ত্রী দেশকে ২০০৬ সালের মতোই সংঘাতের পথে ঠেলে দিলেন। এর ফলাফল ভালো হবে না। এর দায়দায়িত্ব প্রধানমন্ত্রীকে বহন করতে হবে। খালেদা জিয়া অভিযোগ করেন, সরকার নিজেদের দুর্নীতির মামলাগুলো তুলে নিয়ে বিএনপির বিরুদ্ধে পুরোনো অপপ্রচারকে পুঁজি করে মিথ্যা মামলা দায়ের ও অনুগত আদালত থেকে নির্দেশিত রায় আদায় করছে। আইনের শাসন ফিরে এলে দেখা যাবে, অপপ্রচারের ধূম্রজালের আড়ালে কারা প্রকৃতপক্ষে দুর্নীতি ও বিদেশে টাকা পাচার করেছে।পর্যবেক্ষণ: সংবিধানের পঞ্চদশ সংশোধনী বিল পর্যালোচনা করে খালেদা জিয়া বলেন, এর ফলে দেশ গভীর সংকটে পড়বে। এতে সংখ্যাগরিষ্ঠ জনসাধারণের ধর্মীয় অনুভূতি মারাত্মকভাবে আহত করা হয়েছে। নাগরিকদের রাজনৈতিক দল গঠন ও সংগঠন করার অধিকার সীমিত হয়েছে। আদিবাসীদের পরিচিতি ও সংহতি বিপন্ন ও তাদের নাগরিকত্ব নিয়ে বিভ্রান্তি দেখা দেবে। বৃহৎ ও ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক গোষ্ঠীকে জাতীয় স্রোতধারায় একাত্ম করার প্রয়াসে বিঘ্ন ঘটবে। মুক্তিযুদ্ধের মহিমাকে ম্লান ও দলীয় সরকারের অধীনে প্রহসনের নির্বাচনে জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া হবে।এ ছাড়া সমাজতন্ত্রের প্রত্যাবর্তন অর্থনীতির বিকাশকে ব্যাহত এবং রাষ্ট্রধর্ম ও ধর্মনিরপেক্ষতার গোঁজামিল দেশের মানুষকে দিকনির্দেশনাহীন জনগোষ্ঠীতে পরিণত করবে। মুসলিম বিশ্বের সঙ্গে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক জোরদারের বিষয়টি বিলোপ করায় বৈদেশিক কর্মসংস্থানের আওতা সংকুচিত হয়ে পড়বে।বিকেল চারটা ৪৫ থেকে পাঁচটা ৩৩ মিনিট পর্যন্ত সংবাদ সম্মেলনে খালেদা জিয়া তিন হাজার ৬০০ শব্দের লিখিত বক্তব্য পাঠ করেন। সাংবাদিকদের কোনো প্রশ্নের সুযোগ দেওয়া হয়নি।সংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আর এ গনি, মাহাবুবুর রহমান, এম কে আনোয়ার, গয়েশ্বর চন্দ্র রায়, জমির উদ্দিন সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।