সংঘাত নয়, সমঝোতাই রাজনৈতিক পথ: সুরঞ্জিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, ষড়যন্ত্র ও সংঘাত নয়, আলাপ-আলোচনা ও সমঝোতার পথই রাজনৈতিক পথ।আজ শনিবার শাহবাগের কেন্দ্রীয় গণগ্রন্থাগারের সেমিনার কক্ষে এক আলোচনা সভায় সুরঞ্জিত এ কথা বলেন। শহীদ জননী জাহানারা ইমাম ও চরমপত্র খ্যাত এম আর আখতার মুকুলের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট এ আলোচনা সভার আয়োজন করে।সংগঠনের জ্যেষ্ঠ সহসভাপতি ও অভিনেতা ফারুকের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন শেখ জাহাঙ্গীর আলম, অরুণ সরকার রানা, শামসুল হক রেজা প্রমুখ।সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘দীর্ঘ একটি বছর ধরে আমরা বিরোধী দলকে আলোচনায় ডেকেছি, অপেক্ষা করেছি, কিন্তু তারা আসেনি। এর পরও আমাদের নেত্রী শেখ হাসিনা বলেছেন, আলোচনার দরজা সব সময়ই খোলা আছে। তারা চাইলেই যেকোনো সময় আলোচনা হতে পারে।’সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘আমরা সংবিধানের এমন একটি সংশোধনী পাস করলাম, যার মাধ্যমে কাউকে খুশি করা যায়নি। ডান, বাম সবাই এর বিরুদ্ধে খেপেছে।’ তিনি বলেন, এ থেকেই বোঝা যায়, জনগণ এ সংশোধনী থেকে উপকৃত হবে। আওয়ামী লীগকে মধ্যপন্থী দল উল্লেখ করে তিনি বলেন, বঙ্গবন্ধু যখন ছয় দফা পেশ করেন, তখনো ডান-বাম সবাই মিলে এর বিরোধিতা করেছিলেন। কিন্তু ছয় দফা যে বাঙালির মুক্তির সনদ ছিল, পরে তা প্রমাণিত হয়েছে। ’৭৫-এর ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর সংবিধানের অনেক সংশোধনী হয়েছে, সেই সঙ্গে জাতীয় ও আন্তর্জাতিক রাজনীতির অনেক বদল হয়েছে। সবকিছু বিবেচনায় নিয়ে বর্তমান বাস্তবতার আলোকে সংবিধানের এবারের সংশোধনীটি পাস করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।‘এ সংশোধনীর মধ্য দিয়ে দেশকে সংঘাতের দিকে ঠেলে দেওয়া হয়েছে’ বিরোধী দলীয় নেতার এমন মন্তব্যের সমালোচনা করে সুরঞ্জিত বলেন, ‘আপনি পরাজিত হলে বলবেন নির্বাচন ঠিক হয়নি। সংসদে না এসে সংসদকে অকার্যকর করে আপনি কার্যকর হবেন—এই পথকে আমরা ঠিক মনে করি না। এ পথ গণতন্ত্রের পথ নয়।’শহীদ জননী জাহানারা ইমাম ও এম আর আখতার মুকুলের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে সুরঞ্জিত সেন বলেন, জাতির এক যুগসন্ধিক্ষণে শহীদ জননী জাতিকে একাত্তরের ঘাতকদের বিচারের দাবিতে একত্র করেছিলেন। আর মুক্তিযুদ্ধে চরমপত্র ছিল মুক্তিযোদ্ধাদের প্রেরণার উত্স। বাসস