সংঘাতপ্রবণ রাজনীতি মাথায় রেখেই নির্বাচনের প্রস্তুতি: সিইসি
‘দেশে সংঘর্ষপ্রবণ রাজনীতি বিদ্যমান আছে। দিন দিন এটা আরও প্রকট হচ্ছে। এই সংঘর্ষপ্রবণ রাজনৈতিক সংস্কৃতি মেনে নিয়েই আমরা আগামী নির্বাচনের পথে অগ্রসর হচ্ছি।’ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা আজ বৃহস্পতিবার চট্টগ্রামে একটি কর্মশালায় এসব কথা বলেন। এলজিইডি মিলনায়তনে নির্বাচন কমিশনের আয়োজনে আঞ্চলিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।শামসুল হুদা বলেন, ‘সাংবিধানিক বাধ্যবাধকতা মেনে ২০১৪ সালেই সংসদ নির্বাচন করতে হবে। ২০০৬ সালের নির্বাচন দুই বছর পিছিয়ে ২০০৮ সালে হয়েছে। এটা কাঙ্ক্ষিত ছিল না।’সংঘর্ষপ্রবণ রাজনীতি মোকাবিলায় নির্বাচন কমিশন সব সময় রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ, মতবিনিময় অব্যাহত রাখবে বলেও সিইসি উল্লেখ করেন।শামসুল হুদা ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতি চালু সম্পর্কে বলেন, ‘নারায়ণগঞ্জ ও কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন ইভিএম পদ্ধতিতে হবে। তাতে যদি কোনো আপত্তি না আসে, তাহলে আগামী সংসদ নির্বাচনও একই পদ্ধতিতে হবে।’সিইসি বলেন, ‘গত ৪০ বছরে কোনো সরকারপ্রধান চাননি, নির্বাচন কমিশন স্বাধীন হোক, প্রধানমন্ত্রীর ক্ষমতা সীমিত হোক। এ জন্য সব সময় সরকারের নির্বাহী প্রধান যাঁকে চেয়েছেন, তিনিই নির্বাচন কমিশনার হয়েছেন। আমাদের পরিকল্পনায় এ সংস্কৃতি থেকে বের হয়ে আসার একটা পথের কথা উল্লেখ আছে। আমরা আর পাঁচ মাস আছি। ২০১২ সালে নতুন নির্বাচন কমিশন দায়িত্ব নেবে। তারা যেন নির্বিঘ্নে কাজকর্ম করতে পারে, সে জন্য আমরা পঞ্চবার্ষিক ও দ্বিবার্ষিক পরিকল্পনা তৈরি করছি।’ কর্মশালার বিরতিতে মিলনায়তনে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নেরও জবাব দেন সিইসি।বর্তমান কমিশনের ওপর জনগণ কতটুকু আস্থাশীল—এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘দেশের ৭০ ভাগ মানুষের আমাদের ওপর অবিচল আস্থা আছে। সংসদ নির্বাচনসহ বেশ কয়েকটি নির্বাচনের পর নানা তথ্য, উপাত্ত পর্যালোচনা করে আমরা তা জানতে পেরেছি। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা আমাদের ওপর আস্থা নেই বলে বক্তব্য দিচ্ছেন, সেগুলো রাজনৈতিক বক্তব্য। তবে আমরা চেষ্টা করছি রাজনৈতিক দলগুলোও যেন আমাদের ভালো বলে।’বিএনপি সংলাপে আসবে কি না, জানতে চাইলে সিইসি বলেন, ‘আমরা তাদের সংলাপে আনার জন্য সব সময় চেষ্টা অব্যাহত রেখেছি। তারা যেকোনো সময় আমাদের সঙ্গে সংলাপে বসতে পারেন।’নির্বাচন কমিশনারদের যোগ্যতা সম্পর্কে এক প্রশ্নের জবাবে শামসুল হুদা বলেন, ‘পরীক্ষায় থার্ড ডিভিশন পাওয়া, ঋণখেলাপি, বিলখেলাপি, আনকোরা এবং জীবনের কোনো পর্যায়ে রাজনৈতিক সংশ্লিষ্টতা ছিল এমন লোককে নির্বাচন কমিশনার করা উচিত হবে না।’শামসুল হুদা বলেন, ‘আমাদের সর্বজনীন নির্বাচনপ্রক্রিয়া গড়ে তুলতে হবে। ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী, ধর্মীয় সংখ্যালঘু, আদিবাসী—এসবের ভিত্তিতে কোনো বৈষম্য করা যাবে না। যাদের টাকা আছে কিংবা টাকা নেই গরিব, ভালো, সত্ সবার জন্যই নির্বাচনে অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করতে হবে।’ এ ছাড়া ভোটার তালিকা সংরক্ষণ, সংশোধনসহ বিভিন্ন কর্মকাণ্ড খুব শিগগিরই উপজেলা পর্যায়ে হস্তান্তর করা হবে বলেও সিইসি জানান।কর্মশালায় আরও বক্তব্য দেন নির্বাচন কমিশনের উপসচিব জেসমিন টুলী।