সংঘাতময় রাজনীতি বন্ধে সিপিডির সুপারিশ
চলমান ধ্বংসাত্মক রাজনীতির কারণে দেশের অর্থনীতির বেশ কিছু খাতে দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব পড়বে। এ অবস্থা থেকে উত্তরণে তিনটি সুপারিশ করেছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। সুপারিশ তিনটি হলো: ধ্বংসাত্মক ও নাশকতামূলক কার্যক্রম বন্ধ, বিরোধী দলের সব নেতার মুক্তি এবং সব বড় দলের অংশগ্রহণে সুষুম ও অবাধ নির্বাচনের একটি কাঠামো ঘোষণা করা। এর মাধ্যমে বর্তমান অনিশ্চয়তা দূর হবে বলেও মনে করছে সংস্থাটি। সুপারিশগুলো তুলে ধরেন সিপিডির বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য। আজ শনিবার সিপিডির চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহানের সভাপতিত্বে অনুষ্ঠিত ‘বর্তমান বাংলাদেশ: রাজনৈতিক প্রেক্ষিত ও অর্থনৈতিক পরিস্থিতি’ শীর্ষক এক সংলাপে এসব সুপারিশ করা হয়। এতে রাজনীতিবিদ, অর্থনীতিবিদ, ব্যবসায়ী, সাংসদ ও গবেষকেরা বক্তব্য দেন।সভাপতির বক্তব্যে রেহমান সোবহান বলেন, সংঘাতময় রাজনীতি দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। অর্থনীতির স্বার্থে সংঘাতময় পরিস্থিতি এড়াতে সবার মধ্যে মতৈক্য আনতে হবে। তবে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ মনে করেন, রাজনৈতিক সংকট নিরসনে দলগুলোর কঠোর অবস্থানের কারণে সংলাপ সম্ভব নয়। আর এ ধরনের শাসনতান্ত্রিক সংকট সমাধানে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকেই উদ্যোগ আসতে হবে—এমন কথা বললেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য এম ওসমান ফারুক। তিনি সরকারি দলের উদ্দেশে বলেন, ‘হরতাল-সহিংসতার, বোধ করি, এখনো পুরোটা দেখেননি।’সংবিধানপ্রণেতা ড. কামাল হোসেন বলেন, সরকার নিরপেক্ষ থাকার কথা। তারা তা না পারায় আস্থার সংকট তৈরি হয়েছে। অন্যদিকে, সংলাপে অংশ নেওয়া অন্যরা সংঘাত পরিহার করে রাজনৈতিক সংকট উত্তরণের জন্য আলোচনায় বসার আহ্বান জানান।