বর্তমান পরিস্থিতিকে উদ্বেগজনক মনে করলেও ধৈর্য ও দৃঢ়তার সঙ্গে তা মোকাবিলা করতে চায় সরকার। এ ক্ষেত্রে জনমতকে পর্যবেক্ষণে রেখে সিদ্ধান্ত বা পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। তা ছাড়া বিএনপি-জামায়াত ছাড়া অন্য কোনো ধর্মভিত্তিক দলের সঙ্গে রাজনৈতিক দ্বন্দ্ব-সংঘাতে জড়াবে না সরকার বা আওয়ামী লীগ। সরকারের একাধিক নীতিনির্ধারকের সঙ্গে কথা বলে এ অবস্থানের কথা জানা গেছে। শাহবাগসহ সারা দেশে তরুণ প্রজন্ম গণজাগরণ মঞ্চ তৈরি করে একাত্তরের মানবতাবিরোধী অপরাধীদের বিচার এবং জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে আন্দোলন করছে। এ অবস্থায় জামায়াতে ইসলামীসহ কয়েকটি ধর্মভিত্তিক সংগঠনের পাল্টা কর্মসূচি এবং হরতালে দেশে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। হঠাৎ করে ধর্মভিত্তিক কয়েকটি সংগঠনের রাজপথে সহিংসতা ও শহীদ মিনার ভাঙচুরের ঘটনায় সরকার যথেষ্ট উদ্বিগ্ন।জানতে চাইলে কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘আওয়ামী লীগের কোনো হীনম্মন্যতা নেই। আমরা ওদের চেয়ে বেশি খাঁটি। সরকার ধৈর্য ও দৃঢ়তার সঙ্গে বর্তমান পরিস্থিতি মোকাবিলা করবে।’সরকার ও সরকারি দল মনে করে, বিএনপি-জামায়াত পরিকল্পিতভাবে ধর্মভিত্তিক কয়েকটি সংগঠনকে মাঠে নামিয়েছে। গত শুক্রবার সারা দেশে সহিংসতায় ধর্মীয় সংগঠনের ছদ্মাবরণে জামায়াত-শিবির সম্মুখভাবে ছিল। এ ক্ষেত্রে তিনটি সংবাদপত্রের উসকানি ও অপপ্রচারকেও দায়ী করা হচ্ছে। সরকারের একাধিক নীতিনির্ধারক জানান, বিএনপি-জামায়াত সরকারকে ধর্মীয় সংগঠনগুলোর মুখোমুখি দাঁড় করানোর ষড়যন্ত্র করছে। সরকার বা আওয়ামী লীগের অবস্থান কোনো ধর্ম বা ধর্মীয় সংগঠনের বিরুদ্ধে নয়। সরকার শুধু মানবতাবিরোধী অপরাধের বিচার করার ব্যাপারে রাজনৈতিকভাবে প্রতিশ্রুতিবদ্ধ। তবে মানবতাবিরোধী অপরাধের বিচারের রায় দেওয়া শুরু হওয়ায় রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হবে—এমন আশঙ্কা সরকারের শীর্ষ পর্যায়ে আগে থেকেই ছিল। তাই বর্তমান পরিস্থিতি মোকাবিলার কৌশল নিয়ে তাদের মধ্যে নানা আলোচনা হচ্ছে।সরকার মনে করছে, আপাতত জামায়াতবিরোধী ধর্মীয় সংগঠনগুলো রাজপথে থাকলেও তা স্থায়ী হবে না। কারণ, অন্য সংগঠনের বিরুদ্ধে সরকার বা আওয়ামী লীগের কোনো রাজনৈতিক অবস্থান নেই। তাই অন্যান্য ধর্মীয় সংগঠনের সঙ্গে সরকারের পক্ষ থেকে তলে তলে যোগাযোগ করা হচ্ছে। শাহবাগের আন্দোলন নিয়ে জামায়াত-শিবির ও কয়েকটি সংবাদপত্রের অপপ্রচার নিয়েও তাদের সঙ্গে আলোচনা হচ্ছে।সরকারি সূত্র জানায়, জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করতে তরুণ প্রজন্মের দাবির পরিপ্রেক্ষিতে সরকার বাস্তবতার নিরিখে সিদ্ধান্ত নেবে, কোনো তাড়াহুড়া করবে না। এ ক্ষেত্রে আদালতের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করা হবে। আওয়ামী লীগের নেতারা মনে করেন, জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার ক্ষমতা থাকলেও সরকার এককভাবে কিছু করবে না। নিষিদ্ধ-পরবর্তী পরিণতি বা প্রতিক্রিয়ার বিষয়টিও সরকারের বিবেচনায় রয়েছে। আওয়ামী লীগের নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, জামায়াতে ইসলামীর সহিংসতার বিরুদ্ধে সরকারি পদক্ষেপের পাশাপাশি রাজনৈতিক কর্মসূচিও নেওয়া হবে। তবে দলীয়ভাবে কর্মসূচি না দিয়ে জোটগতভাবে দেশব্যাপী কর্মসূচি দেওয়া হবে।মানবতাবিরোধী বিচার কার্যক্রম চলা পর্যন্ত টানা রাজনৈতিক কর্মসূচি দেওয়া হবে বলে জানিয়েছেন নেতারা। এর ধারাবাহিকতায় হরতালে আওয়ামী লীগের নেতা-কর্মীদের রাজপথে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।