সংঘাতের জন্য সরকারই দায়ী থাকবে: মোশাররফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করে নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করেন। তা না হলে দেশ যদি সংঘাতের দিকে যায় তার দায়িত্ব সরকারকেই নিতে হবে।আজ মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন। ‘সংবিধানে পঞ্চদশ সংশোধনী ও নাগরিক ভাবনা’ শীর্ষক এ আলোচনার আয়োজন করে নাগরিক অধিকার সোসাইটি। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আবুল কালাম আজাদ।মোশাররফ হোসেন বলেন, রাজনীতি একটা অনিশ্চিত গন্তব্যের দিক যাচ্ছে। গোঁজামিলের মাধ্যমে সংবিধানের পঞ্চদশ সংশোধনী করা হয়েছে। এর মধ্যে স্ববিরোধী বক্তব্য রয়েছে। সংবিধানে স্ববিরোধী বক্তব্য গ্রহণযোগ্য নয়। পঞ্চম সংশোধনীতে বিসমিল্লাহির রাহমানির রাহিম সংযোজন করা হয়েছিল এবং আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস রাখা হয়েছিল। এখন তারা বিসমিল্লাহির রাহমানির রাহিম রেখে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস বাদ দিয়েছে। মোশাররফ হোসেন বলেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করে পঞ্চদশ সংশোধনীতে সবচেয়ে বড় যে সমস্যার সৃষ্টি করা হয়েছে। দেশে রাজনৈতিক অস্থিতিশীলতা ও একটি অনিশ্চিত নির্বাচনের দিকে ঠেলে দেওয়া হয়েছে।মোশাররফ বলেন, আওয়ামী লীগ জোর করে একতরফা নির্বাচন করে নিতে পারে। কিন্তু একতরফা নির্বাচনের ফলাফলের ইতিহাস বাংলাদেশে ভালো নয়। ওই নির্বাচনের সংসদ পাঁচ বছর টিকে থাকতে পারে না। বরং জনগণ তাদের দূরে ঠেলে দেয়। একতরফা নির্বাচন কোনো দিন টিকেনি, জনগণ গ্রহণ করেনি। এবারও টিকবে না।মোশাররফ বলেন, যখন আলোচনার মাধ্যমে কোনো সদস্যার ফয়সালা না হয়, তখন রাজপথে ফয়সালা হয়। রাজপথে ফয়সালা হতে হলে সংঘাত হতে পারে। জনগণ এটা চায় না। জনগণ যখন তাদের পছন্দমতো সরকার গঠনের জন্য ভোট দিতে পারে না, তখন অভ্যুত্থান হয়।অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য এ জেড এম জাহিদ হোসেন, বিএফইউজের সভাপতি রহুল আমিন গাজী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক কাজী আবদুস সামাদ প্রমুখ।