সংঘাতের ডামাডোলে আরব বসন্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় দুই বছর হতে চলল উত্তর আফ্রিকার মেনা অঞ্চলসহ মধ্যপ্রাচ্যে ‘আরব বসন্ত’ বিপ্লবের জোয়ার বয়ে গেছে, কিন্তু কাঙ্ক্ষিত সাফল্য এখনো অনেক দূরে। এ বছর আরব বসন্তের বৃত্তে থাকা প্রতিটি দেশেই জাজ্বল্যমান ছিল সংঘাত আর সহিংসতা।তিউনিসিয়া, মিসর, লিবিয়া ও ইয়েমেনে সরকারের পতন ঘটেছে। এসব দেশে গণতান্ত্রিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে এসেছে নতুন নতুন সরকার। কিন্তু গণমানুষের প্রত্যাশা পুরোপুরি পূরণ হয়নি এখনো।নির্বাচনের মাধ্যমে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হওয়ার পর তিউনিসিয়ায় এখন প্রধানমন্ত্রী হিসেবে দেশ চালাচ্ছেন হামাদি জেবালি। ইসলামপন্থীদের সঙ্গে ধর্মনিরপেক্ষ দলগুলো জোট গড়ে ক্ষমতায় রয়েছে। কিন্তু এখনো তিউনিসিয়ায় অন্যতম প্রধান সমস্যা কর্মসংস্থানের অভাব। নতুন সংবিধানে ইসলামি শাসনের প্রভাব নিয়ে এখন সরকারেই চলছে অন্তর্দ্বন্দ্ব। কট্টর রক্ষণশীল সালাফি আর ধর্মনিরপেক্ষ কর্মীদের মধ্যে প্রায়ই দেখা দিচ্ছে প্রকাশ্য সংঘাত।মিসরে মোবারক-পরবর্তী সময়ে সাধারণ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসা প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিও রক্ষণশীল ইসলামপন্থী গোষ্ঠী মুসলিম ব্রাদারহুডের প্রতিনিধি। শুরুতে তিনি অন্তর্বর্তী সময়ে ক্ষমতায় থাকা শীর্ষ সামরিক কর্মকর্তাদের চাপের মুখে থাকলেও কঠোর হস্তে তা দমন করেন। কিন্তু গত ২২ নভেম্বর ডিক্রি জারির মাধ্যমে নিজের ক্ষমতা বাড়ালে তা নিয়ে তুমুল বিতর্ক সৃষ্টি হয়। সমালোচনার ঝড় ওঠে, ক্ষমতা কুক্ষিগত করতে তিনি মোবারকের পথ অনুসরণ করছেন। পরবর্তী সময়ে ইসলামপন্থী আইনপ্রণেতাদের নেতৃত্বাধীন পার্লামেন্টে খসড়া সংবিধান অনুমোদিত হয়ে প্রেসিডেন্টের কাছে গেলে তিনি এ ব্যাপারে গণভোটের আয়োজন করেন। এই খসড়া সংবিধানে মুসলিম শরিয়া আইনের প্রাধান্য থাকায় এ নিয়েও বিতর্ক সৃষ্টি হয়। বিরোধীরা এরই মধ্যে এই গণভোট নিয়ে কারচুপির অভিযোগ তুলেছে। বিশ্লেষকদের মতে, বিরোধীরা যেহেতু এই গণভোট মেনে নেয়নি, কাজেই খসড়া সংবিধান নিয়ে সংকট থেকেই যাবে।ইয়েমেনে এখন অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন আব্দ আল-রব মানসুর আল-হাদি। বর্তমান সরকারের দায়িত্ব হচ্ছে একটি স্থিতিশীল গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর। কিন্তু আল-কায়েদার সঙ্গে জড়িত জঙ্গি ও দক্ষিণাঞ্চলে ক্রমে বেড়ে উঠতে থাকা বিচ্ছিন্নতাবাদীদের কারণে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ এখনো তৈরি হয়নি।লিবিয়ায় এখনো বহাল অন্তর্বর্তী সরকার। গাদ্দাফির পতনের পর মিলিশিয়ারা অস্ত্র ত্যাগ না করে ক্ষমতা ও প্রভাব বিস্তারে মগ্ন হওয়ায় সে দেশেও অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে। অস্ত্রধারীদের কাছে দুর্বল সরকার কোণঠাসা। কাজেই গত জুলাইয়ের পার্লামেন্ট নির্বাচন কার্যত কোনো ফল বয়ে আনেনি। নির্বাচনে ধর্মনিরপেক্ষ জোট জয়ী হলেও দেশের বড় অঞ্চলগুলো এখনো গাদ্দাফিবিরোধী আন্দোলনে জয়ী মিলিশিয়াদের দখলে।এদিকে গাদ্দাফির কিছু সমর্থকও আজকাল মাথাচাড়া দিয়ে উঠছে। এ বছর লিবিয়ায় সবচেয়ে বড় ধরনের সহিংস ঘটনা ঘটে গত ১১ সেপ্টেম্বর। ওই দিন মার্কিন উপদূতাবাসে এক হামলায় মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টোফার স্টিভেন্স ও দূতাবাসের অপর তিন কর্মী নিহত হন। শরিফুল ইসলাম ভূঁইয়া