সংঘাতের রাজনীতি বাংলাদেশের সুযোগ নষ্ট করছে: ফ্রোয়েইন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংঘাতময় রাজনৈতিক সংস্কৃতির কারণে বাংলাদেশের সুযোগগুলো নষ্ট হচ্ছে। সরকারি ও বিরোধী দলের মতভেদ দূর করতে আলোচনায় বসার বিকল্প নেই।ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বিদায়ী রাষ্ট্রদূত স্টিফেন ফ্রোয়েন গতকাল বৃহস্পতিবার এ মন্তব্য করেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে প্রশ্ন করা হলে ফ্রোয়েইন এ মত দেন।স্টিফেন ফ্রোয়েইন বলেন, ‘আমরা এখনো দুই পক্ষের মধ্যে সংলাপ আয়োজনকে উৎসাহিত করি। আমরা সব সময় আলোচনায় বিশ্বাসী। আমাদের বিশ্বাস, একে অন্যের সঙ্গে কথা বললে দ্রুত সমস্যার সমাধান সম্ভব। আমি জানি, এটা অর্জন করা কঠিন। তার পরও আমরা এটি বলে যাব।’ঢাকায় ইইউর শীর্ষ কূটনীতিক জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়ার সঙ্গে বিদায়ী সাক্ষাতের সময় তিনি রাজনৈতিক মতপার্থক্য দূর করতে আরও বেশি কিছু করতে অনুরোধ করবেন।বাংলাদেশে পাঁচ বছরের কিছু বেশি সময় দায়িত্ব পালনের পর ৩ নভেম্বর ঢাকা ছেড়ে যাচ্ছেন ফ্রোয়েইন।বিদায়ী রাষ্ট্রদূত বলেন, ‘সংঘাতমূলক রাজনীতি কখনো ইতিবাচক নয়। আমরা দুই পক্ষকে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানে উৎসাহিত করি।’প্রধান দুই দলের মধ্যে এখন যে রাজনৈতিক বৈরী অবস্থা চলছে, তা অব্যাহত থাকলে তিনি আবারও এক-এগারোর মতো পরিস্থিতির আশঙ্কা করেন কি না, এ প্রশ্নের উত্তরে ফ্রোইন বলেন, ‘ওই ঘটনার পুনরাবৃত্তিটা ঠিক হবে না। কারণ, দেশের জন্য জরুরি অবস্থা মঙ্গলজনক নয়। আর গণতন্ত্র ও জরুরি অবস্থা হাত ধরাধরি করে চলতে পারে না। গণতন্ত্র কখনোই ১০০ ভাগ নিখুঁত হয় না। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য নিরন্তর সংগ্রাম চালিয়ে যেতে হয়।’এক-এগারোর রাজনৈতিক পটপরিবর্তনে বিদেশি কূটনীতিকদের ভূমিকা ছিল—বাংলাদেশের মানুষের এ ধারণাকে তিনি কীভাবে মূল্যায়ন করেন জানতে চাইলে ফ্রোইন বলেন, ‘ধারণাটি একেবারেই উদ্ভট।’২০০৭-এ জরুরি অবস্থা জারির মুহূর্তগুলোর স্মৃতিচারণা করতে গিয়ে ইইউ রাষ্ট্রদূত বলেন, ‘টিউসডে গ্রুপ (সমমনা ১৬ বিদেশি কূটনীতিকের জোট) প্রধান দুই দলের অংশগ্রহণে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান নিশ্চিত করতে শেষ মুহূর্ত পর্যন্ত প্রয়াস চালিয়েছিল। এক-এগারো অনেককে বিস্মিত করেছিল। বিস্মিত হয়েছিলাম আমরাও। বাংলাদেশে সামরিক শাসনের পেছনে বিদেশিদের কোনো ষড়যন্ত্র ছিল না, এমন ধারণা আজগুবি।’বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে মন্তব্য করতে গিয়ে ফ্রোইন বলেন, ‘বাংলাদেশে রাজনৈতিক বিরোধ এতটাই সংঘাতময় যে প্রধান দুটি দলের রাজনীতিকদের মধ্যে সংলাপ কখনো কখনো অসম্ভব মনে হয়।’মানবতার বিরুদ্ধে অপরাধের বিচার প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে বিদায়ী রাষ্ট্রদূত বলেন, যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে আন্তর্জাতিক মান অনুযায়ী বিচার হওয়া উচিত। অভিযুক্ত ব্যক্তি যাতে আত্মপক্ষ সমর্থনের সুযোগ পায়, সেটি নিশ্চিত করতে হবে। বিচার-প্রক্রিয়ায় যেন পর্যবেক্ষকেরা অংশ নিতে পারেন। ফ্রোইন জানান, ইউরোপের কিছু সাংবাদিক এ বিচার-প্রক্রিয়ার ওপর প্রতিবেদন করতে বাংলাদেশে আসবেন।