সংবর্ধনা তিনটায়, বোমাবাজি ভোর থেকে কেন: হানিফ
সারা দিন ধরে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকার সহিংস ঘটনাগুলো বিএনপি সুপরিকল্পিতভাবে ঘটিয়েছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। আজ রোববার বিকেলে ধানমন্ডিতে দলীয় সভানেত্রীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।হানিফ বলেন, যুদ্ধাপরাধীদের বিচার বানচাল এবং খালেদা জিয়ার দুই ছেলেকে রক্ষার জন্য পরিকল্পিতভাবে বিরোধী দল এ ঘটনা ঘটিয়েছে। আওয়ামী লীগ সভা-সমাবেশের মাধ্যমে এর বিরুদ্ধে জনমত গঠন করবে।বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেছিলেন, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা পণ্ড করতে সরকার পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে।এ ধরনের অভিযোগ প্রত্যাখ্যান করে মাহবুব উল আলম হানিফ বলেন, ‘বিএনপি মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়ার জন্য বিকেল তিনটায় অনুষ্ঠানের আয়োজন করে। অথচ ভোর থেকে তাঁরা বোমাবাজি শুরু করেছে কেন?’ তিনি মির্জা ফখরুলের বিষয়ে বলেন, ‘তিনি চমত্কার মিথ্যা বলতে পারেন।’ তিনি মির্জা ফখরুলকে এমন অসত্য থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, সরকারের বাধা দেওয়ার ইচ্ছা থাকলে ভোর থেকে বাধা দেওয়ার দরকার ছিল না।হানিফ বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ করে বলেন, ‘হত্যা, ষড়যন্ত্র ও রক্তপাতের পথে ক্ষমতায় আসার পরিকল্পনা বাদ দিন।’ মিথ্যাচার ও শঠতা দিয়ে জনগণকে বিভ্রান্ত করা যাবে না বলেও তিনি উল্লেখ করেন।