সংবাদ প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে হবে: মিজানুর রহমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেছেন, সংবাদ প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। তবে কোনো মিথ্যা বা বিকৃত তথ্য যদি সমাজকে বিপন্ন করে, তবে অবশ্যই সেই সংবাদপত্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। তিনি আরও বলেন, সংবাদ প্রকাশের নামে মিথ্যা বিবৃতি বা বিকৃত তথ্য প্রকাশ সাংবাদিকতার নীতিবিরোধী। আজ মঙ্গলবার রাজধানীর গুলশানের একটি স্থানীয় হোটেলে জাতীয় মানবাধিকার কমিশন আয়োজিত এক কর্মশালায় মিজানুর রহমান এ মন্তব্য করেন। ‘সংবাদমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকের নিরাপত্তা’ শীর্ষক কর্মশালায় মানবাধিকার কমিশনের বিভিন্ন কর্মকাণ্ড, লক্ষ্য ও অর্জন বিষয়ে তথ্যচিত্র উপস্থাপন করেন সংস্থার উপপরিচালক ইমাম উদ্দিন কবির। কর্মশালায় সাংবাদিকদের কাজের পরিবেশ ও ঝুঁকি প্রসঙ্গে আলোচনা করেন এটিএন বাংলার বিশেষ প্রতিনিধি শাহনাজ মুন্নী। তিনি বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে সাংবাদিকদের কাজের ঝুঁকি অনেক বেশি। তবে এ ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সাংবাদিকদের নিরাপত্তা দিতে পারে। এসব বিষয়ে রাষ্ট্রের করণীয় সম্পর্কে আলোচনা করেন চ্যানেল আইর বার্তা সম্পাদক মীর মাশরুর জামান। তিনি সাংবাদিকদের পেশাদারিত্ব, কাজের ঝুঁকি ও নিরাপত্তায় রাষ্ট্রের বিভিন্ন পদক্ষেপ এবং এ বিষয়ে রাষ্ট্রের করণীয় বিষয়ক বিভিন্ন ধরনের সুপারিশ তুলে ধরেন। তাঁদের বক্তব্যের ওপর আলোচনায় অংশ নেন বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিনিধিরা।