নরসিংদীর জেলা প্রশাসকের (ডিসি) হাতে শিক্ষক লাঞ্ছিত হওয়ার ঘটনায় বৃহস্পতিবার প্রথম আলোয় সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি মিথ্যা ও ভিত্তিহীন প্রমাণে নির্যাতিত ওই শিক্ষকসহ চারজনের কাছ থেকে সই নিয়েছেন নরসিংদীর বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাসির উদ্দিন।বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে রাত সাড়ে নয়টা পর্যন্ত বিদ্যালয়ের সব শিক্ষকের সঙ্গে বৈঠক করে ইউএনও ওই সই নেন। এর আগে ইউএনও বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), জেলার সহকারী শিক্ষা কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতিকে নিয়ে ওই বৈঠকে হাজির হন।প্রথম আলোর বিশাল বাংলা পাতায় গত বৃহস্পতিবার ‘এ কী করলেন ডিসি?’ শিরোনামে প্রতিবেদনটি প্রকাশিত হয়। এতে উল্লেখ করা হয়, মঙ্গলবার সররাবাদ ধনু মাস্টার উচ্চবিদ্যালয় পরিদর্শনে যান ডিসি ওবায়দুল আজম। ক্লাস পরিদর্শনের সময় জানতে পারেন, ছেলেদের খেলাধুলা করানো হলেও মেয়েদের কম করানো হয়। এতে ক্ষুব্ধ হয়ে তিনি উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীদের সামনে শরীরচর্চার শিক্ষক সহিদুল ইসলামের চুলের মুঠি টেনে ধরে ঘাড় ও গালে কয়েকটি থাপড় মারেন। সেই সঙ্গে কারণ দর্শানোর নির্দেশ দেন।সংবাদ মিথ্যা ও ভিত্তিহীন প্রমাণে জেলা প্রশাসকের পক্ষে ইউএনও গতকাল সন্ধ্যায় ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে জরুরি সভা তলব করেন।সভায় উপস্থিত থাকা কয়েকজন শিক্ষকের সঙ্গে কথা বলে জানা গেছে, ইউএনও শিক্ষক সহিদুলের কাছে জানতে চান, থাপড়টি কোন গালে দেওয়া হয়েছিল। ডান গালে, না বাঁ গালে। ঘাড় ধরে যে ধাক্কা দেওয়া হয়েছিল, এতে ব্যথা পেয়েছিলেন কি না। সত্যিই কি চুলের মুঠি ধরা হয়েছিল? গাড়িতে কতক্ষণ বসিয়ে রাখা হয়েছিল? ৫ মিনিট, না ১০ মিনিট?অথচ শিক্ষককে নির্যাতনের দিন ইউএনও নাসির ডিসির সঙ্গে বিদ্যালয়ে এসেছিলেন। সব ঘটনা তাঁর সামনে ঘটলেও তিনি নির্যাতিত শিক্ষককে নানা প্রশ্ন করে আরেক দফা মানসিক নির্যাতন করেন বলে অভিযোগ করেন শিক্ষকেরা।নাম প্রকাশে অনিচ্ছুক ওই শিক্ষকেরা প্রথম আলোকে বলেন, ‘আকার-ইঙ্গিতে আমরা আমাদের ক্ষোভের কথা জানানোর চেষ্টা করেছি। কিন্তু পরিবেশ অনুকূলে ছিল না। সবচেয়ে কষ্ট লাগে, সহিদুল স্যারকে জিজ্ঞাসা করা হয়েছিল ‘‘আঘাতে ব্যথা পেয়েছিলেন কি না’’। উত্তরে তিনি বলেন, ‘‘যথেষ্ট ব্যথা পেয়েছি”। এই কথা বলার সময় সহিদুল স্যার চোখের পানি ছেড়ে দেন।’শিক্ষকেরা বলেন, ইউএনও আগে থেকেই হাতে লেখা একটি কাগজ আনেন। পরে তাতে শিক্ষক মো. সহিদুল ইসলাম, প্রধান শিক্ষক মো. হানিফ মিয়া, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. আমিনুল হক ও সররাবাদ ইউপি চেয়ারম্যান তানভীর আহমেদের সই নেন।ওই কাগজে যা লেখা: অংশবিশেষে উল্লেখ রয়েছে, ‘অদ্য ২০.৯.২০১২ তারিখের দৈনিক প্রথম আলো পত্রিকার ৪ পাতায় ‘‘এ কী করলেন ডিসি?’’ শিরোনামে প্রকাশিত সংবাদসহ বেশ কয়েকটি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। উক্ত সংবাদে আমাকে জড়িয়ে যেসব কথা লেখা হয়েছে তা মিথ্যা ও ভিত্তিহীন। আমি এই সংবাদের প্রতিবাদ জানাচ্ছি।’গতকাল শুক্রবার সকালে বেলাবর সররাবাদ গ্রামের বাড়িতে গিয়ে কথা হয় শিক্ষক সহিদুল ইসলামের সঙ্গে। কাগজে সই দেওয়ার কথা স্বীকার করে তিনি বলেন, ‘প্রথম আলোতে যা ছাপা হয়েছে তা সত্য—এই কথা আমি সবার সামনে বারবার বলেছি। শুধু চুলের মুঠি ধরার অংশটি ছাড়া।’তাহলে কেন ইউএনওর কাগজে সই দিলেন—এমন প্রশ্নের জবাবে সহিদুল বলেন, ‘আমি তখন ইউএনও স্যারকে বিব্রত করতে চাইনি।’সহিদুলের স্ত্রী নিশাত আইরিন প্রথম আলোকে বলেন, ‘ছাত্রছাত্রীদের সামনে ঘটনাটি (মঙ্গলবারের নির্যাতন) ঘটায় আমার স্বামী রাতে ঘুমাতে পারেন না। তিনি আমাকেও বলেছেন, ডিসি স্যার তাঁকে শারীরিকভাবে লাঞ্ছিত করে গাড়িতে উঠিয়ে রাখেন।’ইউএনও নাসির উদ্দিন মুঠোফোনে বলেন, ‘সভায় প্রমাণ হয়েছে, প্রথম আলোর সংবাদ মিথ্যা ও বানোয়াট। শিক্ষক (সহিদুল ইসলাম) নিজেও এমন স্বীকারোক্তি দিয়ে স্বাক্ষর করেছেন।’নির্যাতিত শিক্ষক, প্রধান শিক্ষকসহ মঙ্গলবারের ঘটনার প্রত্যক্ষদর্শীদের বক্তব্য প্রথম আলোর কাছে রেকর্ড আছে এবং তাঁদের বক্তব্যের ভিত্তিতে প্রতিবেদন প্রকাশিত হয়েছে জানালে ইউএনও কোনো কথা না বলে ফোন রেখে দেন।প্রধান শিক্ষক মো. হানিফ মিয়া মঙ্গলবারের ঘটনার দিন দেওয়া বক্তব্য থেকে সরে এসেছেন। গতকাল তিনি দাবি করেন, ‘আমার স্কুলে শিক্ষক লাঞ্ছিত হওয়ার কোনো ঘটনা ঘটেনি, যা হয়েছে সঙ্গে সঙ্গে তার সমাধান হয়ে গেছে।’জেলা প্রশাসক ওবায়দুল আজম গতকাল প্রথম আলোকে বলেন, ‘বিদ্যালয়ের প্রয়োজনে শিক্ষককে ধমক দেওয়া হয়। আদর দিয়ে ধমকের দুঃখও ভুলিয়ে দেওয়া হয়।’