সংবাদ সম্মেলনে কোনো মন্তব্য করলেন না মুজাহিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে চারদলীয় জোটের অন্য শরিকদের নিয়ে বিএনপির বিরুদ্ধে প্রার্থী দিয়েছে জামায়াতে ইসলামী। তাহলে কি জামায়াত বিএনপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চাইছে—জামায়াতে ইসলামী আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানতে চাইলে দলের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ কোনো মন্তব্য করতে চাননি।আজ মঙ্গলবার দুপুরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে জামায়াতে ইসলামী। ওই প্রশ্নের জবাব না দিয়ে মুজাহিদ বলেন, ‘আমার এক শিক্ষক বলেছেন, যে বিষয়ে পরীক্ষা দাও তার পরিবর্তে অন্য বিষয়ের উত্তর দিলে নেগেটিভ (ঋণাত্মক) নাম্বার পাবে।’বিএনপির ডাকা হরতালে সমর্থন আছে কি না, জানতে চাইলেও মুজাহিদ জবাব না দিয়ে বলেন, যে বিষয়ে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে, তার বাইরে তিনি কথা বলবেন না।গত ৮ ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জামায়াতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবিরের আক্রমণে ছাত্রলীগের কর্মী ফারুক হোসেন নিহত হওয়ার পর রাজশাহীতে জামায়াতের কয়েকজন নেতাসহ বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু শিবিরকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। জামায়াত ও শিবিরের গ্রেপ্তার হওয়া নেতা-কর্মীদের মুক্তির দাবিতে এই সংবাদ সম্মেলন ডাকে জামায়াত।লিখিত বক্তব্যে মুজাহিদ দাবি করেন, গত ৮ ফেব্রুয়ারির ওই ঘটনার পর থেকে সরকার রাজশাহী বিশ্ববিদ্যালয় ও রাজশাহী মহানগরে এক বিভীষিকাময় পরিবেশ সৃষ্টি করে রেখেছে। সেখানে কোনো গণতান্ত্রিক পরিবেশ নেই। পুলিশকে দলীয় বাহিনীর মতো ব্যবহার করা হচ্ছে। পুলিশের উপস্থিতিতে ছাত্রলীগের ক্যাডার বাহিনী বিশ্ববিদ্যালয়ে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করে রেখেছে। বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে চলছে লুটপাট।মুজাহিদ দাবি করেন, ওই ঘটনার পর পুলিশ বিনা কারণে জামায়াত ও শিবিরের নেতা-কর্মীদের গ্রেপ্তার করেছে। সংবাদ সম্মেলনে তিনি সাত দফা দাবি জানান। দাবিগুলোর মধ্যে রয়েছে শিবিরের আটক সব নেতা-কর্মীদের নিঃশর্ত মুক্তি দেওয়া, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিবির নেতা শরীফুজ্জামান, ছাত্রলীগের নেতা ফারুক হোসেন ও চাঁপাইনবাবগঞ্জের শিবিরের নেতা হাফিজুর রহমানসহ সব ছাত্র হত্যার বিচারবিভাগীয় তদন্ত করে দায়ী ব্যক্তিদের উপযুক্ত শাস্তি দেওয়া, ক্যাম্পাসে চাঁদাবাজি ও বিভিন্ন হলে ভাঙচুর, সিট দখলের জন্য দায়ী ছাত্রলীগের সন্ত্রাসীদের গ্রেপ্তার, প্রশাসনের নিরপেক্ষতা বজায় রাখা ও পুলিশকে দলীয় বাহিনীর মতো ব্যবহার বন্ধ করা।