সংবাদপত্রশিল্প রক্ষায় পদক্ষেপ নিতে নোয়াবের আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবাদপত্রশিল্প রক্ষায় সরকারি বিজ্ঞাপনের মূল্য ও পরিমাণ বৃদ্ধি, নিউজপ্রিন্টের আমদানি শুল্ক কমানোসহ বিভিন্ন দাবি পূরণে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে প্রধানমন্ত্রীসহ সবার কাছে আবেদন জানিয়েছে নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)। গতকাল সোমবার এক বিবৃতিতে সংবাদপত্রের মালিকদের এ সংগঠনটি এই আবেদন জানায়। সংগঠনটি বিবৃতিতে আরও বলেছে, ইতিমধ্যে সরকার অষ্টম ওয়েজবোর্ড গঠন করেছে। নোয়াব সব সময়েই সাংবাদিক এবং কর্মচারী ও শ্রমিকদের ন্যায্য দাবির প্রতি ইতিবাচক মনোভাব প্রদর্শন করে এসেছে।বিবৃতিতে বলা হয়, বাংলাদেশে সংবাদপত্র বর্তমানে নানা সংকটের মধ্য দিয়ে চলেছে। সংবাদপত্র প্রকাশনার ব্যয়ভারও ক্রমাগত বৃদ্ধি পেয়ে চলেছে। দৈনিক পত্রিকা ছাপানোর প্রধান উপাদান নিউজপ্রিন্ট উচ্চমূল্যে বিদেশ থেকে আমদানি করতে হয় এবং আমদানিকৃত নিউজপ্রিন্টের ওপর বিভিন্ন শুল্ক ও করের কারণে সংবাদপত্রশিল্পকে বড় সমস্যার মধ্যে কাজ করতে হচ্ছে। এর আগে বিজ্ঞাপনের মূল্য ও পরিমাণ বৃদ্ধি, নিউজপ্রিন্টের শুল্ক হার কমানোসহ সংশ্লিষ্ট বিষয়ে নোয়াবের পক্ষ হতে প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী, তথ্যমন্ত্রী, তথ্যসচিবসহ সবার সঙ্গে সাক্ষাৎ করে বিস্তারিত আলোচনা করা হয়েছে। প্রত্যেকেই ইতিবাচক মনোভাব পোষণ করে বলেছিলেন যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে তাঁরা সচেষ্ট হবেন। কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ করা হয়েছে, চলতি অর্থবছরের বাজেটে নোয়াবের দাবিগুলোর কোনো প্রতিফলন ঘটেনি। বরং সবকিছু আগের মতোই রয়েছে, যাতে ক্ষতিগ্রস্ত হবে সংবাদপত্রশিল্পের সঙ্গে সংশ্লিষ্ট সবাই। বিবৃতি অনুযায়ী, সরকারের আশ্বাস ছিল, সপ্তম ওয়েজবোর্ড বাস্তবায়িত করা হলে বিজ্ঞাপনের মূল্যহার ও পরিমাণ বৃদ্ধি করা হবে। সে আশ্বাসও বাস্তবায়িত হয়নি। বর্তমান বিশ্বে নিউজপ্রিন্টের দাম বেড়েই চলেছে। এই মূল্যবৃদ্ধির কারণে আমদানিকৃত নিউজপ্রিন্টের ওপর বিভিন্ন শুল্ক ও করের পরিমাণও বৃদ্ধি পাচ্ছে। গত এক বছরেই এক ডলারের মূল্য বেড়েছে প্রায় ১২ টাকা। এই কারণেও নিউজপ্রিন্ট আমদানি বাবদ ব্যয় অনেক বেড়ে গেছে। বিবৃতিতে বলা হয়, এসআরও ১৬৮/২০০৯ অনুসারে দৈনিক পত্রিকার নিউজপ্রিন্ট আমদানিতে বর্তমানে আমদানি শুল্ক ৩ শতাংশ, মূল্য সংযোজন কর (মূসক) ১৫ শতাংশ, অর্থাৎ সব মিলিয়ে মোট ১৮ শতাংশ শুল্ক ও কর পরিশোধ করতে হচ্ছে। বিগত দুই বছর প্রতি টন নিউজপ্রিন্ট গড়ে প্রায় ৭০০ মার্কিন ডলারে আমদানি করতে হচ্ছে। এর সঙ্গে উচ্চ শুল্ক পরিশোধ, পরিবহন ব্যয়, শ্রমিক বেতন, ব্যাংক সুদ এবং আনুষঙ্গিক খরচ মিলিয়ে টনপ্রতি মূল্য দাঁড়ায় প্রায় ৭৫ হাজার টাকা। একই সঙ্গে বিদ্যুৎ-ঘাটতির কারণে জেনারেটর ব্যবহারের ফলে পত্রিকার ছাপা খরচও বাড়ছে ক্রমাগত। এই বিপুল অর্থ ব্যয়ে নিউজপ্রিন্ট কিনে এবং তা ছেপে পত্রিকা প্রকাশ করা দিন দিন কঠিন হয়ে পড়ছে।