সংবাদপত্রশিল্পের অষ্টম বেতন বোর্ড গঠন পুনর্বিবেচনার আহ্বান নোয়াবের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবাদপত্রশিল্পের শ্রমিক-কর্মচারীদের জন্য সরকার বেতন বোর্ড গঠনের যে ঘোষণা দিয়েছে, তা পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে নিউজপেপারস ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)। গতকাল সোমবার নোয়াবের প্রেসিডেন্ট মাহবুবুল আলম এক বিবৃতিতে এ আহ্বান জানান। তিনি বলেন, সপ্তম বেতন বোর্ড রোয়েদাদের সাড়ে তিন বছরের মাথায় আরেকটি বেতন বোর্ড গঠন সংবাদপত্রশিল্পকে বড় ধরনের সংকটে ফেলবে।সংবাদপত্রশিল্পের বর্তমান পরিস্থিতি তুলে ধরে বিবৃতিতে বলা হয়, সপ্তম বেতন বোর্ড রোয়েদাদ বাস্তবায়নের সময় নোয়াব সরকারের কাছে যেসব দাবিদাওয়া তুলে ধরেছিল, সরকার তা এখন পর্যন্ত বাস্তবায়ন করেনি, যদিও নোয়াবের সদস্যরা সপ্তম বেতন বোর্ড রোয়েদাদ পুরোপুরি বাস্তবায়ন করেছেন।বিবৃতিতে বলা হয়, ‘সপ্তম বেতন বোর্ড ঘোষণার সময় আমরা সরকারি বিজ্ঞাপনের পরিমাণ ও বিজ্ঞাপনের হার বাড়ানো এবং আমদানীকৃত নিউজপ্রিন্টের ওপর কর প্রত্যাহারের অনুরোধ জানিয়েছিলাম। অতীতে এই সুবিধা লাভ করেছিল সংবাদপত্রশিল্প। সংবাদপত্রশিল্পের সমস্যা নিয়ে আমরা মাননীয় প্রধানমন্ত্রী ও তথ্যমন্ত্রীর সঙ্গে একাধিকবার বৈঠক করেছি। তা সত্ত্বেও সরকারি বিজ্ঞাপনের পরিমাণ ও বিজ্ঞাপনের হার বাড়ানো হয়নি। নিউজপ্রিন্টের ওপর আমদানি শুল্ক প্রত্যাহার করা হয়নি।’বিবৃতিতে বলা হয়, ‘কাগজসহ সংবাদপত্রের সব কাঁচামালের দাম বেড়ে চলেছে। ফলে সংবাদপত্রের প্রকাশনা ব্যয় অনেক পরিমাণে বেড়েছে। এ অবস্থায় মাত্র সাড়ে তিন বছরের মাথায় নতুন বেতন বোর্ড গঠিত হলে সংবাদপত্রশিল্প বড় ধরনের সংকটে পড়বে। এতে করে এই শিল্পে কর্মরত সাংবাদিক, কর্মচারী ও শ্রমিকেরা অনিশ্চয়তার মধ্যে পড়বেন। সে জন্য সরকার ও সংশ্লিষ্ট সবাইকে সংবাদপত্রশিল্পে নতুন করে কোনো সংকট সৃষ্টি করে, সে রকম পদক্ষেপ নেওয়া থেকে বিরত রাখার জন্য আবেদন জানাচ্ছি।’বিবৃতিতে বলা হয়, ‘আমরা সাংবাদিক-কর্মচারীদের যৌক্তিক দাবি সমর্থন করি এবং সরকারের সুবিবেচনাপ্রসূত যেকোনো সিদ্ধান্তকে স্বাগত জানাই। আমরা চাই না ঘোষিত কোনো নীতিমালা বা সিদ্ধান্ত অবাস্তবায়িত থাক। এ প্রসঙ্গে উল্লেখ করা যেতে পারে, সপ্তম বেতন বোর্ডে আমরা সাংবাদিক ও শ্রমিক-কর্মচারীদের দাবি সমর্থন করেছি। কিন্তু এই মুহূর্তে অষ্টম বেতন বোর্ড ঘোষণার মাধ্যমে সংবাদপত্রের ওপর বাড়তি আর্থিক ব্যয় চাপানো হলে তা গোটা শিল্পে বিরূপ প্রভাব ফেলবে।’বিবৃতিতে উল্লেখ করা হয়, ‘জাতীয় পে-কমিশন ও সংবাদপত্রশিল্পের সাংবাদিক-কর্মচারীদের বেতন বোর্ড রোয়েদাদ প্রায় একই সময় বাস্তবায়িত হয়েছে। সে ক্ষেত্রে নতুন জাতীয় পে-কমিশন ঘোষণার আগে অষ্টম বেতন কমিশন ঘোষণা কতটা যৌক্তিক, তাও সরকারের নীতিনির্ধারকদের ভেবে দেখতে অনুরোধ করছি।’ বিজ্ঞপ্তি।