সংবাদপত্রে বিনিয়োগ বিত্তবানদের জন্য মৃগয়ার বস্তু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান বলেছেন, ব্যক্তি ও সমাজের অধিকার প্রতিষ্ঠা এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আদর্শ সাংবাদিকতা অন্যতম রক্ষাকবচ। ব্যক্তি বা গোষ্ঠীর কায়েমি ক্ষুদ্র স্বার্থ উপেক্ষা করে বৃহত্তর জনগোষ্ঠী তথা দেশের স্বার্থকে ঊর্ধ্বে রেখে এ অবদান রাখতে না পারলে জাতীয় স্বার্থ সংরক্ষণ সম্ভব নয়।গতকাল মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে বাংলাদেশে সাংবাদিকতার অন্যতম পথিকৃৎ জহুর হোসেন চৌধুরীর স্মরণে আয়োজিত স্মারক বক্তৃতায় প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি এ কথা বলেন। ভোরের কাগজ এই অনুষ্ঠানের আয়োজন করে। রাষ্ট্রপতি বলেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার বিকাশে আজ জহুর হোসেন চৌধুরীর মতো দেশপ্রেমে উদ্বুদ্ধ সাংবাদিকের বড়ই প্রয়োজন।তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টা বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান ‘গণমাধ্যম, বিচার বিভাগ ও গণতন্ত্র’ শিরোনামের মূল প্রবন্ধ উপস্থাপন করেন। এতে তিনি বিশ্ব ও বাংলাদেশে সংবাদপত্রের আবির্ভাব ও বিকাশ, সংবাদপত্রের স্বাধীনতা, সংবাদপত্রশিল্পের বর্তমান সংকট নিয়ে দীর্ঘ বক্তব্য দেন।বিচারপতি হাবিবুর রহমান বলেন, বাংলাদেশে নব্বইয়ের দশকের পর এ দেশের জাতীয় ও ছাত্ররাজনীতির এক বিরাট অংশ সন্ত্রাস ও দুর্বৃত্তায়নের পঙ্কে নিমজ্জিত হয়েছে। সামরিক-বেসামরিক নানা গোয়েন্দা সংস্থার অর্থসহায়তায় সংবাদপত্র প্রকাশনার অভিযোগ শোনা যায়। আজ ঋণখেলাপি ও ভূমিদস্যু থেকে শুরু করে গোয়েন্দা বিভাগের এজেন্ট হিসেবে কিছু সংবাদপত্রের প্রকাশক বা সম্পাদক রয়েছেন। সংবাদপত্রে বিনিয়োগ বিত্তবানদের জন্য আজ এক আকর্ষণীয় মৃগয়ার বস্তু। সেই মৃগয়ার শিকারি অনেক সময় আশু প্রাপ্তি, চমক সৃষ্টি কিংবা প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য ছাপার অক্ষরে কিছু প্রকাশ করতে দ্বিধা করে না।সাবেক তত্ত্বাবধায়ক সরকারের এই প্রধান উপদেষ্টা বলেন, প্রতিষ্ঠানকে বাঁচিয়ে রাখতে সংবাদপত্রের একটা ন্যূনতম মান অবশ্যই রাখতে হবে। সেই মান রক্ষা করা না হলে পাঠক সেই সংবাদপত্র না-ও পড়তে পারে। তিনি বলেন, সম্প্রতি জবানবন্দি ও স্বীকারোক্তি নিয়ে আপাতদৃষ্টিতে বিশ্লেষণধর্মী প্রতিবেদন সংবাদপত্রে প্রায়ই ছাপা হতে দেখা যায়। ফলে অভিযুক্ত ব্যক্তিদের যে স্বার্থ ক্ষুণ্ন হয়, তা-ই নয়, অভিযোগকারী বা রাষ্ট্রপক্ষের স্বার্থও বিঘ্নিত হয়।হাবিবুর রহমান বলেন, ‘আমরা স্বাধীনতার ৪০ বছরেও গণমাধ্যমকে পরিচালন করার মতো কোনো প্রতিষ্ঠান তৈরি করতে পারিনি। সরকার ও সমাজের প্রত্যাশা ছিল, গণমাধ্যমে আর পাঁচ-দশটি ব্যবসার মতো না হয়ে এটা হবে সমাজসেবার ব্যবসা, আদর্শ প্রচারের বাহন।’ তিনি বলেন, বস্তুনিষ্ঠতার সংজ্ঞা দেওয়া মুশকিল। যারা সব সময় গণমাধ্যমকে বস্তুনিষ্ঠ হওয়ার পরামর্শ দেয়, তারা নিজেরা অনেক সময় বস্তুনিষ্ঠ থাকে না।বিশেষ অতিথি তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ বলেন, কেউ কোনো বিশেষ উদ্দেশ্য সাধনে গণমাধ্যমকে ব্যবহার করবে, এটা বাঞ্ছনীয় নয়। পুঁজির কাছে গণমাধ্যম যেন বন্দী না হয়, সেদিকে লক্ষ রাখতে হবে।ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। জহুর হোসেন চৌধুরীর পরিবারের সদস্য নাজমুল হোসেন চৌধুরী অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন।