সাংবাদিক ও সংবাদকর্মীদের জন্য ৫০ শতাংশ মহার্ঘ ভাতা দেওয়ার একতরফা সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করেছে বাংলাদেশ সংবাদপত্র মালিক সমিতি (নোয়াব)। গতকাল রোববার নোয়াবের বৈঠকে বলা হয়, এ বিষয়টি নিয়ে অষ্টম ওয়েজ বোর্ডে সুনির্দিষ্ট সিদ্ধান্ত নেওয়া হয়নি। সংবাদপত্র মালিকেরা বলেন, বিগত দুটি বৈঠকে সাংবাদিক, কর্মী ও মালিকদের তরফে বিভিন্ন মতামতই কেবল উপস্থাপিত হয়েছে। এ বিষয়ে ওয়েজ বোর্ডের সভাপতির উচিত ছিল একতরফাভাবে মনস্থির না করে সিদ্ধান্ত গ্রহণের জন্য বৈঠক আহ্বান করা। এমনকি তথ্য মন্ত্রণালয়েরও উচিত ছিল সিদ্ধান্তটি ঘোষণার আগে মালিকদের সঙ্গে আলোচনা করা।সংবাদপত্রের মালিকেরা মনে করেন, সংবাদপত্রশিল্পের সার্বিক অবস্থা এবং দেশের অর্থনৈতিক বাস্তবতা পর্যালোচনা না করেই শিল্পটির ওপর এ সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয়েছে। এ ব্যাপারে নোয়াবের সদস্যরা প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী ও তথ্যমন্ত্রীর সঙ্গে কয়েক দফা বৈঠকও করেছেন। ১৯৯৮ সালের পর সংবাদপত্রে দেওয়া সরকারি বিজ্ঞাপনের পরিমাণ ও মূল্য একেবারেই না বাড়ার বাস্তবতাও ওই সব বৈঠকে তুলে ধরা হয়। অথচ ওই সময়েই আন্তর্জাতিক বাজারে নিউজপ্রিন্টের মূল্য কয়েক দফা বেড়েছে, বেড়েছে মুদ্রণসহ উৎপাদন ও বিপণন খরচ। বেশ কটি সংবাদপত্র এই পরিস্থিতির কারণে বিপুল আর্থিক ক্ষতির মুখে সপ্তম ওয়েজ বোর্ড বাস্তবায়নে অপারগ হয়।বিবৃতিতে আরও বলা হয়, এখন আবার সরকারি বিজ্ঞাপনের পরিমাণ ও মূল্য কোনোটাই না বাড়িয়ে এবং নিউজপ্রিন্টের ট্যাক্স না কমিয়ে সংবাদপত্রশিল্পের ওপর চাপানো হলো ৫০ শতাংশ মহার্ঘ ভাতা বাড়ানোর একতরফা সিদ্ধান্ত। এতে করে গুরুতর আর্থিক বোঝা তো সৃষ্টি হবেই, উপরন্তু অনেকের প্রকাশনাও হুমকির মুখে পড়বে। নোয়াব পরিষ্কারভাবে জানাতে চায়, বিজ্ঞাপন দেওয়ার হার ও বিজ্ঞাপনের মূল্য বাড়ানোর সমান্তরালে ভ্যাট কমানোসহ অন্যান্য কর রেয়াত দিয়ে সংবাদপত্রের আয় বাড়ানোর ব্যবস্থা করতে হবে। নতুবা সংবাদপত্রের পক্ষে ৫০ শতাংশ মহার্ঘ ভাতা দেওয়া সম্ভব হবে না।‘সংবাদপত্র মালিকেরা সব সময়ই সাংবাদিকসহ কর্মচারীদের বেতন বাড়ানোর পক্ষে। কাঠামো ও সদস্যপদে গুরুতর ত্রুটি সত্ত্বেও অষ্টম ওয়েজ বোর্ডের কার্যক্রমে অংশ নেওয়া তারই প্রমাণ। আয় বাড়ানোর পদক্ষেপ নেওয়া হলে আমরা সাংবাদিকদের বেতনসহ অন্যান্য সুযোগ-সুবিধাও বাড়াতে প্রস্তুত’—এই মন্তব্য করে বিবৃতিতে বলা হয়, সাংবাদিক ও কর্মচারী ইউনিয়নগুলোকে সাংবাদিক ও কর্মীদের বেতন এবং সংবাদপত্রের আয় উভয়ই যেন সমান্তরালভাবে বাড়ে, সেই লক্ষ্যে কাজ করার আহ্বান জানানো হয়।’