সংবাদপত্রের গাড়ি ভাঙচুর, পত্রিকা সরবরাহে বাধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবরোধের আওতামুক্ত ঘোষণা করা হলেও গতকাল রোববার বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের নেতা-কর্মীরা দেশের বিভিন্ন স্থানে সংবাদমাধ্যমের গাড়িতে হামলা করেছেন। সংবাদপত্রবাহী গাড়ি ভাঙচুর হয়েছে, গাড়ি থেকে পত্রিকা নামিয়ে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে। এ কারণে গতকাল দেশের কয়েকটি জেলার মানুষ প্রথম আলোসহ জাতীয় পত্রিকা হাতে পাননি। ঢাকায় পুড়িয়ে দেওয়া হয়েছে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের গাড়ি।গতকাল সকালে কিশোরগঞ্জ, সাতক্ষীরা, বগুড়া, নেত্রকোনা ও চাঁদপুরে পত্রিকাবাহী গাড়ি ভাঙচুর করা হয়। সিরাজগঞ্জের কড্ডার মোড়ে পত্রিকায় আগুন দেয় দুষ্কৃতকারীরা। চাঁদপুর, খুলনা ও বরিশাল অঞ্চলের পত্রিকাবাহী কিছু গাড়ি মহাসড়কে দুপুর পর্যন্ত আটকে রাখা হয়। পরে সেগুলো গন্তব্যের দিকে যায়।লালমনিরহাট প্রতিনিধি জানান, ১৮ দলীয় জোটের নেতা-কর্মীদের রোষানলে পড়ে পত্রিকা বহনকারী গাড়ি বগুড়ায় ভাঙচুরের শিকার হয়। এ কারণে গতকাল রংপুর বিভাগের জেলাগুলোতে প্রথম আলোসহ অন্য জাতীয় দৈনিকগুলো পৌঁছায়নি।লালমনিরহাটের সংবাদপত্র এজেন্ট সাজিদ আলম জানান, বগুড়ায় পত্রিকার গাড়ি ভাঙচুরের শিকার হওয়ায় তাঁরা কোনো জাতীয় পত্রিকা পাননি। রংপুর শহরের পত্রিকা এজেন্ট রাশেদুল ইসলাম বলেন, গতকালের অবরোধে পিকেটাররা সংবাদপত্রবাহী গাড়ি ভাঙচুর করেছে।গাইবান্ধা প্রতিনিধি জানান, গতকাল গাইবান্ধায় কোনো সংবাদপত্র যায়নি। গাইবান্ধার সংবাদপত্র এজেন্ট জাহাঙ্গীর আলম জানান, গতকাল সন্ধ্যা পর্যন্ত পাঠকেরা পত্রিকা এসেছে কি না, খোঁজ নেন। পরিবহন শ্রমিকেরা জানান, গতকাল সকাল সাড়ে ছয়টার দিকে সিরাজগঞ্জ কড্ডার মোড়ে পিকেটাররা পত্রিকা বহনকারী গাড়ি আটকে রাখে। বেলা সোয়া দুইটার দিকে পত্রিকা বহনকারী গাড়ি বগুড়ায় পৌঁছে। কিন্তু সকাল সাতটার দিকে বগুড়ায় সংবাদপত্রের অন্যান্য গাড়ি ভাঙচুর করায় গাইবান্ধাসহ উত্তরাঞ্চলের কোনো জেলাতেই পত্রিকার গাড়ি যায়নি।ভৈরবের নিজস্ব প্রতিবেদক জানান, কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ছয়সুতি এলাকায় সংবাদপত্রবাহী একটি মাইক্রোবাস ভাঙচুর করে অবরোধকারীরা। গাড়িটি প্রায় দুই ঘণ্টা আটকে রাখা হয়। পরে পুলিশের সহায়তায় গাড়িটি গন্তব্যে যায়। এ কারণে কিশোরগঞ্জসহ পাশের এলাকার পাঠকেরা দেরিতে পত্রিকা পেয়েছেন।মাদারীপুর প্রতিনিধি জানান, অবরোধকারীরা সকালে প্রথম আলো পত্রিকাবাহী গাড়ি এবং একটি মোটরসাইকেল ভাঙচুর করেছে।ময়মনসিংহ প্রতিনিধি জানান, গতকাল ঢাকা-ময়মনসিংহ সড়কের ভালুকায় পিকেটাররা সংবাদপত্রবাহী গাড়ি আটকে দেয়। তাই ময়মনসিংহ ও আশপাশের জেলাগুলোতে সংবাদপত্র দেরিতে পৌঁছায়।এ ছাড়া গতকাল সকালে রাজধানীর মাদারটেকে গাজী টেলিভিশনের একটি মারুতি মাইক্রোবাস পুড়িয়ে দেওয়া হয়। এক কর্মকর্তাকে আনতে ওই এলাকায় গিয়েছিল গাড়িটি।