সংসদীয় কমিটির সুপারিশ
সংবাদপত্রের প্রচারসংখ্যা নির্ধারণে শক্তিশালী নীতিমালা প্রণয়ন
সংবাদপত্রের সঠিক প্রচারসংখ্যা নির্ধারণের জন্য অডিট ব্যুরো সার্কুলেশনের জন্য একটি শক্তিশালী নীতিমালা প্রণয়নের সুপারিশ করেছে তথ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি।আজ বুধবার সংসদ ভবনে কমিটির সভাপতি ওবায়দুল কাদেরের সভাপতিত্বে এক বৈঠকে সংবাদপত্রের প্রচারসংখ্যা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।ঢাকা থেকে প্রকাশিত পত্রিকাগুলোর বর্তমান প্রচারসংখ্যার হিসাব সম্পর্কেও জানতে চেয়েছে কমিটি। সভায় জানানো হয়, সারা দেশে ২৯০টি দৈনিক পত্রিকা প্রকাশিত হয়। যার মধ্যে ঢাকা থেকে প্রকাশিত হয় ৯৬টি। এ পত্রিকার সবগুলো যে মানসম্মত, তা বলা যায় না। এসব পত্রিকার কারণে সাংবাদিকতার মানও খারাপ হয়ে যাচ্ছে বলে বৈঠকে জানানো হয়।কমিটির সভাপতি ওবায়দুল কাদের সংসদ ভবনের মিডিয়া সেন্টারে এক প্রেস ব্রিফিংয়ে বলেন, পত্রিকা প্রকাশের ক্ষেত্রে একটি স্বচ্ছ নীতিমালা করতে বলা হয়েছে। দেখা গেছে, অনেক সময় ব্যক্তিগত কিংবা দলীয় প্রভাব খাটিয়ে অনেকে পত্রিকা প্রকাশ করে— এটা দুঃখজনক।ওবায়দুল কাদের বলেন, সরকারি টেলিভিশন বিটিভিতে যেসব চলচ্চিত্র প্রচার করা হয়, তা নিয়েও অনিয়মের অভিযোগ এসেছে। কোন প্রযোজকের সিনেমা প্রচার করা হবে, সেটা নিয়ে একটা সিন্ডিকেট এই বাণিজ্য করে। সভায় এ ব্যাপারে বিটিভিকে সতর্ক করে দেওয়া হয়েছে। সে সঙ্গে কারা এর সঙ্গে জড়িত, সেটিও খতিয়ে দেখতে বিটিভির মহাপরিচালককে বলা হয়েছে। বেসরকারি টিভি চ্যানেলগুলোতে বিটিভির সংবাদ প্রচার সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি আলোচনার ভিত্তিতে নিষ্পত্তি হতে পারে। কারণ, বিটিভির অনেক সংবাদের মান ভালো নয়। বর্তমান সময়ে সংবাদও একটি পণ্য হিসেবে বিবেচিত হয়। সেখানে কেন একজন খারাপ মানের পণ্য বাজারে ছাড়বে। এ সময় তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ, শাহিন মনোয়ারা হক, রেজা আলী, সুকুমার রঞ্জন ঘোষ, বি এম মোজাম্মেল হক, আনিছুল ইসলাম মণ্ডল ও মো. শাহরিয়ার আলম সভায় উপস্থিত ছিলেন।