সংবাদপত্রের রাজধানী হবে দক্ষিণ এশিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমেরিকা বা ইউরোপ নয়, দক্ষিণ এশিয়া হবে আগামী দিনের সংবাদপত্রের রাজধানী। এই উপমহাদেশের সংবাদপত্রগুলো প্রচারসংখ্যা বৃদ্ধির পাশাপাশি প্রতিনিয়ত পাঠকের জন্য নতুন নতুন বিষয় উদ্ভাবন করে এগিয়ে যাবে। এমনই আশাবাদের মধ্য দিয়ে গতকাল বুধবার নয়াদিল্লিতে শেষ হলো সংবাদপত্রের আন্তর্জাতিক সংগঠন ইনমার (ইন্টারন্যাশনাল নিউজপেপার ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যাডভারটাইজিং) দক্ষিণ এশিয়া সম্মেলন।এবারের ইনমা সম্মেলনে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার ৪৭টি প্রতিষ্ঠানের দুই শতাধিক প্রতিনিধি যোগ দেন।সম্মেলনে গত মঙ্গলবার প্রথম আলোর পক্ষ থেকে একটি প্রতিবেদন উপস্থাপন করা হয়। বিষয় ছিল ‘সমাজের ইতিবাচক পরিবর্তনে সংবাদপত্রের ভূমিকা’। এই প্রতিবেদনের অংশ হিসেবে প্রথম আলোর সামাজিক কার্যক্রমের ওপর তথ্যচিত্র প্রদর্শন করা হয়। তথ্যচিত্রটি উপস্থিত সংবাদপত্রের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে বিশেষভাবে সমাদৃত হয়। তথ্যচিত্র উপস্থাপন শেষে উপস্থিত লোকজনের বিভিন্ন প্রশ্নের জবাব দেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। একই বিষয়ের ওপর প্রতিবেদন উপস্থাপন করে ভারতের হায়দরাবাদের উর্দু দৈনিক সিয়াসত ও মুম্বাইয়ের মিড ডে।এবারের সম্মেলনে পত্রিকার প্রচারসংখ্যা, বিজ্ঞাপনের নতুন ক্ষেত্র, সংবাদপত্রের সামনে ঝুঁকি ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা বলেন, আমেরিকা বা ইউরোপে ইন্টারনেটের প্রসারের কারণে সংবাদপত্রের অস্তিত্ব হুমকির মুখে পড়লেও দক্ষিণ এশিয়ায় তেমন কোনো আশঙ্কা নেই। এর পেছনে তাঁরা অনেক কারণ উল্লেখ করেন। টাইমস অব ইন্ডিয়া গ্রুপের সিইও রবি ধারিয়াল দক্ষিণ এশিয়ার সংবাদপত্রশিল্পকে সূর্যোদয়ের (সানরাইজ) শিল্প বলে উল্লেখ করেন।সম্মেলনে উপস্থিত ও সংবাদপত্রশিল্পের সঙ্গে জড়িত বিশিষ্ট ব্যক্তিদের প্রথম আলোর পক্ষ থেকে উপহার দেওয়া হয়। সম্মেলনে মতিউর রহমানের নেতৃত্বে প্রথম আলোর পাঁচ সদস্যের প্রতিনিধিদল যোগ দেয়।