সংবাদমাধ্যমের বিকাশ ও সাংবাদিকদের অধিকার রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ: রাষ্ট্রপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতি জিল্লুর রহমান বলেছেন, শিল্প হিসেবে সংবাদমাধ্যমের বিকাশ ও সাংবাদিকদের অধিকার রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ। কোনো মহল অসত্ উদ্দেশ্যে সংবাদমাধ্যম ও সাংবাদিকদের যেন ব্যবহার করতে না পারে, সেজন্য তিনি সতর্ক থাকার আহ্বান জানান। খবর বাসসের।রাষ্ট্রপতি আজ সকালে স্থানীয় একটি হোটেলে ভোরের কাগজ আয়োজিত জহুর হোসেন চৌধুরী স্মারক বক্তৃতা অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণ দেওয়ার সময় এ কথা বলেন।অনুষ্ঠানে ‘উদীয়মান গণতন্ত্রে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক জহুর হোসেন চৌধুরী স্মারক বক্তৃতা করেন ভারতীয় সাংবাদিক কুলদীপ নায়ার। এতে তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।তথ্যপ্রযুক্তির বিকাশমান ধারায় বর্তমান বিশ্ব একটি বৈশ্বিক গ্রামে পরিণত হয়েছে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, স্বাধীন সার্বভৌম বাংলাদেশও এর বাইরে নয়। তিনি জাতীয় স্বার্থকে সর্বাধিক গুরুত্ব দিয়ে ঐক্যবদ্ধভাবে পরিবেশবান্ধব স্বপ্নের ডিজিটাল বাংলাদেশ গড়ায় এগিয়ে আসার জন্য সবার প্রতি আহ্বান জানান।গণমাধ্যমকে সমাজবদলের হাতিয়ার উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, ব্যক্তি ও সমাজের অধিকার প্রতিষ্ঠা এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আদর্শ সাংবাদিকতা অন্যতম রক্ষাকবচ। এ ক্ষেত্রে ব্যক্তি বা গোষ্ঠীর ক্ষুদ্র স্বার্থের ঊর্ধ্বে উঠে বৃহত্তম জনগোষ্ঠীর জন্য অবদান রাখতে না পারলে জাতীয় স্বার্থ সংরক্ষণ সম্ভব নয়। সাংবাদিকদের এ মানসিকতা ও মনোভাব ধরে রাখতে হবে বলে তিনি উল্লেখ করেন।জিল্লুর রহমান বলেন, তাঁর দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতায় সংবাদমাধ্যম, সাংবাদিকতা ও সাংবাদিক সম্পর্কে এটাই উপলব্ধি, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ ও পর্যবেক্ষক হিসেবে সাংবাদিকদের জহুর হোসেন চৌধুরীর মতো পেশাদার ও আদর্শবান হতে হবে। তিনি বলেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা বিকাশে আজ জহুর হোসেন চৌধুরীর মতো দেশপ্রেমে উদ্বুদ্ধ সাংবাদিকের বড়ই প্রয়োজন।স্মারক বক্তৃতায় কুলদীপ নায়ার আশা প্রকাশ করেন, এমন একদিন আসবে, যেদিন এই অঞ্চলের মানুষ তাদের আত্মপরিচয় ও সার্বভৌমত্ব বজায় রেখেই সাধারণ মানুষের কল্যাণে তাদের সম্পদ ব্যবহারের জন্য সরকারগুলোকে উদ্বুদ্ধ করবে।