প্রথম আলোর প্রথম পৃষ্ঠায় গতকাল প্রকাশিত ‘ঝুঁকিতে পারকি সৈকত’ শীর্ষক সংবাদের কিছু তথ্যের ব্যাপারে আপত্তি জানিয়েছে বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স লিমিটেড।বসুন্ধরা গ্রুপের সহকারী মহাব্যবস্থাপক হাফিজ ইমাম ইনামের সই করা পত্রে বলা হয়, কর্ণফুলী নদীর মোহনার দক্ষিণ পাড়ের জমি দেবে যাওয়া ও গাছ মরে যাওয়ার জন্য অননুমোদিত ড্রেজিংয়ের মাধ্যমে বালু উত্তোলনকে দায়ী করা হয়েছে, যা সম্পূর্ণ অসত্য, অতিরঞ্জিত ও হীন উদ্দেশ্যপ্রণোদিত। আসলে বসুন্ধরা ড্রেজিং কোম্পানি লিমিটেড সেখানে বিশেষ নল স্থাপন করে একটি আমদানি করা ড্রেজার পরীক্ষামূলক পরিচালনা করছে, যা ভবিষ্যৎ কাজের প্রস্তুতি মাত্র। এটা করা হয়েছে ভবিষ্যতে চূড়ান্ত অনুমোদন পাওয়ার সঙ্গে সঙ্গে যাতে কাজ শুরু করা যায়।এর আগে সাগরের বালু তোলার জন্য ২০০৯-২০১০ অর্থবছরে যথাযথ প্রক্রিয়া অনুসরণের মাধ্যমে বন্দর থেকে অনুমোদন নেওয়া হয়। ২০১০-২০১১ সালের জন্যও এ অনুমোদন দেওয়া হয়। ২০১১-২০১২ সালের জন্য অনুমোদন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বোর্ড সভার সিদ্ধান্তের অপেক্ষায় আছে। ফলে, ড্রেজিং অননুমোদিত বলে যে দাবি করা হচ্ছে, তা সম্পূর্ণ অসত্য ও ভিত্তিহীন।প্রতিবাদপত্রে বলা হয়, বালু উত্তোলনের পরিমাপ সম্পর্কে যে তথ্য দেওয়া হয়েছে, তার কোনো বাস্তব ভিত্তি নেই। এখানে প্রতিবেদক অতিরঞ্জিত করে মনগড়া তথ্য দিয়েছেন। বাস্তবতা হলো, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের প্রতিবেদন অনুযায়ী বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের উত্তোলিত বালুর পরিমাণ ৭০ হাজার ঘনফুট। যদি আলোচ্য এলাকায় ভূমিক্ষয় হয়ে থাকে, তা যে ড্রেজিংয়ের কারণে হয়েছে, তার কোনো সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ নেই।