‘পুলিশ পাহারায় রাস্তার কাজ’ শিরোনামে গতকাল ১৮ মে প্রকাশিত খবরের প্রতিবাদ করেছেন ঢাকা-৪ আসনের সাংসদ সানজিদা খানম। প্রতিবাদে তিনি বলেন, পুলিশ পাহারায় দয়াগঞ্জ সড়কের সংস্কারকাজ হচ্ছে না। সেখানে পুলিশকে কেউ রিকুইজিশনও দেয়নি। তিনি বলেন, তাঁর বিরুদ্ধে চাঁদা চাওয়ার যে অভিযোগ করা হয়েছে, তা সঠিক নয়। ওই সড়কের সংস্কারকাজ তিনি নিজে বন্ধও করেননি। তিনি জানান, ঠিকাদার নিম্নমানের সামগ্রী ব্যবহার করছেন, এমন অভিযোগে এলাকার লোকজন বিক্ষোভ প্রদর্শন করে কাজ বন্ধ করতে বলেন। এতে ক্ষুব্ধ হয়ে ঠিকাদার তাঁর সুনাম ক্ষুণ্ন করতে মিথ্যা অভিযোগ করেন। তিনি বলেন, তাঁর নিজের ও জনগণের প্রতিবাদ নিম্নমানের কাজের বিরুদ্ধে। এখানে কেউই কোনো রকম চাঁদা দাবি করেনি। ঠিকাদার তাঁর বিরুদ্ধে মিথ্যা সংবাদ পরিবেশন করতে পারেন—এমন আশঙ্কায় হাবিবুর রহমান নামের এক ব্যক্তি আগেই থানায় সাধারণ ডায়েরি করেছিলেন বলে তিনি প্রতিবাদে উল্লেখ করেন।প্রতিবেদকের বক্তব্য: প্রকাশিত প্রতিবেদনটিতে সাংসদ ছাড়াও সংশ্লিষ্ট সবার বক্তব্য ছাপা হয়েছে। সাংসদ নিজেই প্রতিবেদককে বলেছেন, তিনি নিজে সড়ক নির্মাণকাজ বন্ধ করে দিয়েছেন। কাজ বন্ধ করতে তিনি সিটি করপোরেশনকে চিঠিও দিয়েছেন। এসব চিঠির কপি ও সাংসদের বক্তব্যের রেকর্ড প্রতিবেদকের হাতে রয়েছে। এ ছাড়া এ ঘটনায় ঠিকাদার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করলে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখানে পুলিশ মোতায়েন করেন। প্রথম আলোতে ভারপ্রাপ্ত কর্মকর্তার বক্তব্য ও পুলিশ পাহারায় কাজের ছবি ছাপা হয়েছে।