সংবিধান অনুযায়ী নির্বাচন, আরেকবার সুযোগ দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবিধান অনুযায়ী আগামী জাতীয় নির্বাচন হবে বলে আবারও ঘোষণা দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের সেবা করতে এবং দারিদ্র্য ও ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়তে আওয়ামী লীগকে আরেকবার সুযোগ দিতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। চট্টগ্রামের ফটিকছড়ির সড়ক ও জনপথ বিভাগের মাঠে গতকাল বৃহস্পতিবার এক জনসভায় প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। তিনি বলেন, ‘আমরা সরকারে আসার পর পাঁচ হাজার ৭৩৬টি নির্বাচন হয়েছে। ৬৩ হাজার ৯৩৫ জন প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। একটি নির্বাচনেও ভোট কারচুপি হয়নি। আগামী জাতীয় নির্বাচনও সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে।’বিরোধী দলের সমালোচনা করে শেখ হাসিনা বলেন, ‘বিএনপি-জামায়াত ক্ষমতায় গেলে দুর্নীতি-লুটপাট, খুন-অত্যাচার বেড়ে যায়। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে আওয়ামী লীগের নৌকায় ভোট দিন। এই নৌকা দেশের স্বাধীনতা এনেছে।’ প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা যুদ্ধাপরাধীদের বিচার করার কথা দিয়েছিলাম। ইতিমধ্যে রায় ঘোষণা হয়েছে। একে একে সব যুদ্ধাপরাধীর বিচার করব। তাঁদের রক্ষার জন্য বিএনপির নেত্রী নানা কৌশল শুরু করেছেন। পঁচাত্তরে জাতির পিতাকে হত্যার পর জিয়া সামরিক শাসন জারি করে যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করলেন। তাঁদের মন্ত্রী, প্রধানমন্ত্রী করে সমাজে প্রতিষ্ঠিত করলেন।’ প্রধানমন্ত্রী বলেন, ‘গত ৫ মে ঢাকায় হেফাজত পুলিশ ও মানুষ হত্যা শুরু করল। ব্যাংক পোড়াল, গাড়ি পোড়াল। এমনকি বায়তুল মোকাররম মসজিদের ভেতরে আগুন দিল। আর বাইরে যাঁরা পবিত্র কোরআন শরিফ বিক্রি করতেন, তাঁদের কোরআন শরিফ পুড়িয়ে দিয়েছে। ইসলামের ইতিহাসে একসঙ্গে এত কোরআন শরিফ পোড়া যায়নি।’ প্রধানমন্ত্রী প্রশ্ন করে বলেন, ‘আমি বিএনপির নেত্রী ও হেফাজতে ইসলামকে জিজ্ঞেস করি, কোরআন শরিফ পুড়িয়ে কীভাবে তারা হেফাজত করবে। তারা ইসলামের নাম ভাঙিয়ে কেবল বাসে আগুন দিয়ে মানুষ হত্যা করে।’ বিরোধীদলীয় নেত্রীর সমালোচনা করে শেখ হাসিনা বলেন, ‘বিএনপি ক্ষমতায় আসা মানে লুটপাট, মানি লন্ডারিং, দুর্নীতি। জিয়াউর রহমানের মৃত্যুর পর প্রতি মাসে তাঁর ছেলেদের লেখাপড়া শেখাবেন বলে সরকারি কোষাগার থেকে টাকা নিয়েছেন। কী শিক্ষা দিয়েছেন? মানি লন্ডারিং, দুর্নীতি ও মানুষ খুনের শিক্ষা দিয়েছেন।’ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাবউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক, পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ, সাংসদ মোশাররফ হোসেন, চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী, সাংসদ আনিসুল ইসলাম মাহমুদ, মঈন উদ্দীন খান বাদল প্রমুখ।প্রধানমন্ত্রী চট্টগ্রাম নগর, জেলা ও বিভিন্ন উপজেলার বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন জনসভাস্থলে।ডুবোজাহাজ কেনার ঘোষণা: এর আগে প্রধানমন্ত্রী গতকাল বানৌজা বঙ্গবন্ধুকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদান, এমপিএ সংযোজন এবং বানৌজা দুর্জয়, নির্মূল ও সুরমার কমিশনিং উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ঘোষণা দেন, নৌবাহিনীকে ত্রিমাত্রিক বাহিনীতে পরিণত করতে ভবিষ্যতে ডুবোজাহাজ হবে। প্রধানমন্ত্রী বলেন, ‘মিয়ানমারের সঙ্গে সমুদ্র বিরোধের অবসান হওয়ায় বঙ্গোপসাগরে ২০০ নটিক্যাল মাইল পর্যন্ত আমরা অর্থনৈতিক এলাকার আইনি অধিকার পেয়েছি। ২০১৪ সালে ভারতের সঙ্গে সমুদ্রসীমার মামলার রায়েও বাংলাদেশ জয়ী হবে বলে আশা করছি।’ এর আগে বেলা সাড়ে ১১টায় প্রধানমন্ত্রী চট্টগ্রাম পৌঁছানোর পর নৌবাহিনীর প্রধান ভাইস অ্যাডমিরাল এম ফরিদ হাবিব তাঁকে স্বাগত জানান। এরপর জহুরুল হক বিমানঘাঁটিতে বোতাম টিপে প্রধানমন্ত্রী নৌবাহিনীর জন্য কেনা দুটি টহল বিমানের নামফলক উন্মোচন করেন। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর, খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীনসহ সামরিক-বেসামরিক কর্মকর্তা ও কূটনীতিকেরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জানানো হয়, নৌবাহিনীতে প্রথমবারের মতো সংযোজন হওয়া দুটি টহল বিমান মূলত বিস্তৃত সমুদ্র এলাকায় সার্বক্ষণিক নজরদারি, অনুসন্ধান ও উদ্ধার অভিযানে নিযুক্ত হবে।