সংবিধান অনুযায়ী পার্বত্য জেলার লোকজন ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের তিন পার্বত্য জেলার লোকজনকে সংবিধান অনুযায়ী ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠী হিসেবে উল্লেখ করা হয়েছে। কাজেই তাদের পরিচয় সেভাবেই থাকবে। পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি আজ বৃহস্পতিবার এক আন্তমন্ত্রণালয় বৈঠক শেষে তাঁর দপ্তরে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন।দীপু মনি বলেন, পার্বত্য চুক্তির বাস্তবায়ন, অগ্রগতি ও পার্বত্য চট্টগ্রামের অধিবাসীদের নিয়ে বিভিন্ন জায়গায় যে বিতর্ক শুরু হয়েছে, সেটা নিরসনের জন্য বৈঠকে আলোচনা হয়েছে।পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীগুলোকে বিভিন্ন বিতর্কে জড়িয়ে ফেলা হচ্ছে। বাংলাদেশের সংবিধানে প্রত্যেক নাগরিকের সমান সুযোগ ও সমান অধিকারের কথা বলা আছে। পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে বিশেষ সুবিধা দেওয়া ব্যবস্থা হচ্ছে। আমরা চাই, প্রত্যেক নাগরিক সমান সুযোগ-সুবিধা পাক।’দীপু মনি বলেন, ‘দেশের ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর রয়েছে স্বতন্ত্র সাংস্কৃতিক ও জাতিগত বৈশিষ্ট্য। তাদের পরিচয় সংবিধানে যেভাবে উল্লেখ রয়েছে, সেভাবেই থাকবে। সেই বৈশিষ্ট্যগুলো আমাদের বাংলাদেশের যে বৈশিষ্ট্য রয়েছে, তার সৌন্দর্যকে বাড়ায়। কাজেই সেই বৈশিষ্ট্যগুলোকে বাদ দেওয়া কিংবা কমিয়ে ফেলার তো কোনো প্রশ্নই আসে না। বরং তারা যেন তাদের স্বাতন্ত্র্য আরও সমৃদ্ধ করতে পারে, তাদের যেন সুবিধাবঞ্চিত থাকতে না হয়, সে জন্য ঐক্যবদ্ধভাবে সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।’দীপু মনির সভাপতিত্বে বৈঠকে আইনমন্ত্রী শফিক আহমেদ, তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ, বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী জি এম কাদের, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফসারুল আমীন এবং পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদারসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।