সংবিধান অনুযায়ীই দেশ চলছে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সংবিধান অনুযায়ীই দেশ চলছে। সংবিধান নিয়ে প্রধান বিরোধী দল বিএনপি অপপ্রয়াস চালাচ্ছে। আওয়ামী লীগ কোরআন-সুন্নাহর বিরুদ্ধে কোনো আইন করেনি। আজ শনিবার বিকেলে সিরাজগঞ্জ সরকারি কলেজ মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, ‘সংবিধান নেই বলে বিরোধী দলের নেত্রী চিত্কার করছেন, কিন্তু দেশে সংবিধান আছে। সংবিধান অনুযায়ীই দেশ চলছে। বরং তাঁর স্বামী জিয়াউর রহমান সংবিধান লঙ্ঘন করে সামরিক শাসন জারি করে ক্ষমতা দখল করেছিলেন।’ শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ কোরআন-সুন্নাহর বিরুদ্ধে কোনো আইন করেনি। যাঁরা বলছেন তাঁরা মিথ্যা বলছেন। আওয়ামী লীগ মা-বোনদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য নারী অধিকার নীতিমালা করেছে। বিরোধীদলীয় নেত্রী এই নীতিমালা নিয়ে নানা কথা বলছেন। তিনি বলেন, আওয়ামী লীগ জনগণের দল। তারা জনগণের জন্য কাজ করে। দুই বছরে দুই লাখ ২৩ হাজার বেকার যুবকের কর্মসংস্থানের সমাধান করা হয়েছে। শিক্ষিত বেকারদের জন্য কর্মসংস্থান ব্যাংক সৃষ্টি করা হয়েছে। শেখ হাসিনা বলেন, সিরাজগঞ্জের নদীভাঙন রোধে ও বগুড়ার সারিয়াকান্দি পর্যন্ত ৫০০ কোটি টাকার প্রতিরক্ষামূলক কাজ হাতে নেওয়া হয়েছে। রায়পুরে রেল জংশন স্থাপনসহ আন্তনগর ট্রেন চালুর ব্যবস্থা করা হবে। মিল্কভিটার আদলে আরও একটি দুগ্ধ প্রক্রিয়াজাতকরণ কারখানা স্থাপন, মেরিন একাডেমি স্থাপন, ভেটেরিনারি কলেজ, মত্স্য কারিগরি প্রশিক্ষণকেন্দ্র স্থাপন ও শিল্পপার্ক স্থাপন করা হবে। সিরাজগঞ্জ থেকে বগুড়া পর্যন্ত রেললাইন স্থাপন করা হবে। একই সঙ্গে তিনি সিরাজগঞ্জে রাসেল শিশুপার্ক ও বিচারিক ভবন স্থাপনের ঘোষণা দেন।এর আগে প্রধানমন্ত্রী বেলা দুইটার দিকে হেলিকপ্টার যোগে সিরাজগঞ্জে সয়দাবাদ এলাকায় অবতরণ করেন। সেখানে সিরাজগঞ্জ ১৫০ মেগাওয়াট পিকিং পাওয়ার প্ল্যান্টের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে তিনি সয়দবাদ-এনায়েতপুর সাড়ে উনিশ কিলোমিটার বাইলেন সম্প্রসারণ কাজের উদ্বোধন শেষে সিরাজগঞ্জ জাতীয় জুট মিলস (কওমী জুট মিল) পুনরায় চালুর উদ্বোধন করেন।জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা মোহাম্মদ নাসিম, মত্স্য ও প্রাণিসম্পদমন্ত্রী আবদুল লতিফ বিশ্বাস, যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন, প্রধানমন্ত্রীর সংস্থাপন ও প্রশাসনবিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম, সাংসদ শফিকুল ইসলাম, চয়ন ইসলাম, তানভীর শাকিল জয়, আক্তারুজ্জামান বাবু প্রমুখ।