সংবিধান আ.লীগের দলীয় ইশতেহার পরিণত হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, পঞ্চদশ সংশোধনীর পর বাংলাদেশের সংবিধান আওয়ামী লীগের দলীয় ইশতেহারে পরিণত হয়েছে। তিনি বলেন, ‘আজকের দিনটি জাতির ইতিহাসে কলঙ্কময় দিন। সংবিধান সংশোধন স্বৈরশাসন প্রবর্তনের কালো অধ্যায় সৃষ্টি করল।’বিরোধীদলীয় নেতা বলেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করায় দেশে সংঘাত অনিবার্য হয়ে উঠল। গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ পন্থায় ক্ষমতা হস্তান্তরের সব পথ বন্ধ হয়ে গেল। সরকারকে সতর্ক করে দিয়ে তিনি বলেন, ‘সংবিধান বদলের পরিণাম শুভ হবে না। তাই অবিলম্বে পঞ্চদশ সংশোধনী বাতিল করুন।’ জাতীয় সংসদে আজ বৃহস্পতিবার পঞ্চদশ সংশোধনী পাসের পর বিকেলে গুলশানের কার্যালয়ে সংবাদ সম্মেলনে খালেদা জিয়া এসব কথা বলেন। এ সময় তিনি একটি লিখিত বক্তব্য পাঠ করেন। তবে সাংবাদিকদের কোনো প্রশ্নের জবাব দেননি তিনি।বিএনপির চেয়ারপারসন বলেন, প্রধানমন্ত্রী বলেছেন সংবিধান সংশোধনের পরও যদি বিরোধী দল ন্যায্য কথা বলে, তাহলে আবারও সংশোধন করা যাবে। প্রশ্ন হলো, বিরোধী দলের ন্যায্য কথা শোনার মানসিকতা যদি থাকত, তাহলে সংবিধান সংশোধনের জন্য এত তাড়াহুড়োর করার কী ছিল? তিনি বলেন, ‘আমাদের ন্যায্য কথা হচ্ছে, সংসদে আপনাদের ব্রুট মেজরিটি রয়েছে। সেই ক্ষমতা বলে আপনারা পঞ্চদশ সংশোধনী বাতিল করুন। তত্ত্বাবধায়ক থাকবে না, দলীয় সরকারের অধীনেই নির্বাচন হবে—এই শর্ত তুলে নিন। শর্ত দিয়ে কোনো আলোচনা হয় না।’খালেদা জিয়া বলেন, গোঁজামিল ও জোড়াতালির মাধ্যমে সংবিধান সংশোধন দেখে মনে হয়েছে, সরকারের হাতে সময় কম। এ ধরনের তড়িঘড়ি ও তুঘলকি কাণ্ডের উদ্দেশ্য হলো দলীয় সরকারের অধীনে প্রহসনের নির্বাচন করা। তিনি বলেন, ‘জীবনের এই প্রান্তে এসে আমি জনগণের অধিকার রক্ষায় কঠিন সংগ্রামে অবতীর্ণ হওয়ার প্রত্যয় গ্রহণ করেছি। প্রতিটি রাজনৈতিক দল, সংগঠন, সমাজশক্তি ও ব্যক্তিকে এই সংগ্রামে শরিক হবার আহ্বান জানাচ্ছি। আসুন, রাজপথের কঠিন সংগ্রামে ষড়যন্ত্র ও অত্যাচার মোকাবিলা করে আরেকবার চূড়ান্ত বিজয় ছিনিয়ে আনি। বিজয় সুনিশ্চিত ও সন্নিকটে।’খালেদা জিয়া বলেন, আওয়ামী লীগ তাদের দলীয় স্বার্থে যখন যে প্রস্তাব ও ফর্মুলা নেওয়া প্রয়োজন, তখন সেটাই গ্রহণ করেছে। পরে প্রয়োজন ফুরিয়ে গেলে তারা নিজেদের ফর্মুলার বিরুদ্ধেই অবস্থান নিয়েছে। এবারও তারা একই ঘৃণ্য নজির স্থাপন করল। তিনি বলেন, আদালতের রায়ের অজুহাত তুলে সরকার সংবিধান সংশোধন করেছে। এ জন্য বিতর্কিত দলীয় বিচারপতি নিয়োগ দিচ্ছে। এই দলবাজ বিচারকদের তালিকায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক এক ধিক্কৃত নাম। তাঁর রায়ের অজুহাতে সরকার আজ সংশোধনের নামে সংবিধান তছনছ করল। সংবিধান সংশোধনের দায় নেওয়ার সাহস না থাকায় সরকার আদালতের ঘাড়ে বন্দুক রেখে পাখি শিকার করেছে।খালেদা জিয়া বলেন, সংবিধান সংশোধনের উদ্দেশ্যে গঠিত কমিটি স্বাধীনভাবে দায়িত্ব পালন করেনি। কমিটির কো-চেয়ারম্যান বলেছিলেন, তত্ত্বাবধায়ক সরকার থাকবে কি না, সে সম্পর্কে তারা কোনো মতামত কিংবা সুপারিশ করবেন না। কিন্তু প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার পর তাঁরা মত পাল্টান এবং তত্ত্বাবধায়ক সরকারের বিধান তুলে দেওয়ার সুপারিশ করেন। প্রধানমন্ত্রী ফখরুদ্দীন-মইনউদ্দীনের জরুরি অবস্থার অসাংবিধানিক সরকারকে তত্ত্বাবধায়ক সরকার হিসেবে জাহির করে তাদের অপকর্ম ও বেআইনি কার্যকলাপের বিবরণ দিয়ে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের পক্ষে যুক্তি দিচ্ছেন। এসব কুযুক্তি। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করে প্রধানমন্ত্রী দেশকে ২০০৬ সালের মতোই সংঘাতের পথে ঠেলে দিলেন। এর ফলাফল ভালো হবে না। এর দায়-দায়িত্ব প্রধানমন্ত্রীকে বহন করতে হবে।বিএনপির চেয়ারপারসন বলেন, সংবিধান নিয়ে বর্তমান সরকারের স্বেচ্ছাচারিতা, জালিয়াতি, জোচ্চুরি, প্রবঞ্চনা ও প্রতারণার কোনো শেষ নেই। অথচ ত্রয়োদশ সংশোধনী সম্পর্কে খায়রুল হকের দেওয়া আপিল বিভাগের বিভক্ত রায়ের পুরো বিবরণ এখনো আসেনি।বিএনপির চেয়ারপারসন অভিযোগ করেন, সরকার নিজেদের দুর্নীতির মামলাগুলো তুলে নিয়ে বিএনপির বিরুদ্ধে পুরোনো অপপ্রচারকে পুঁজি করে মিথ্যা মামলা দায়ের ও দলীয়করণকৃত অনুগত আদালত থেকে নির্দেশিত রায় আদায় করছে। আইনের শাসন ফিরে এলে দেখা যাবে, অপপ্রচারের ধূম্রজালের আড়ালে কারা প্রকৃতপক্ষে দুর্নীতি ও বিদেশে টাকা পাচার করেছে।সংশোধনীর পর্যালোচনা: খালেদা জিয়া বলেন, সংশোধন বিল পর্যালোচনা করে দেখা হয়েছে। এর ফলে দেশ গভীর সংকটে পড়বে। তিনি বলেন, এর ফলে সংবিধান মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে থাকল না। এটি আওয়ামী লীগের দলীয় ইশতেহারে পরিণত হলো। সংখ্যাগরিষ্ঠ জনসাধারণের ধর্মীয় অনুভূতিকে মারাত্মকভাবে আহত করা হয়েছে। দেশের নাগরিকদের রাজনৈতিক দল গঠন ও সংগঠন করার অধিকার সীমিত হয়ে পড়ছে। আদিবাসীদের পরিচিতি ও সংহতি বিপন্ন হয়েছে, নাগরিকত্ব নিয়ে বিভ্রান্তি দেখা দেবে। বৃহত্ ও ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীকে জাতীয় স্রোতধারায় একাত্ম করার প্রয়াসে বিঘ্ন ঘটবে। সমাজতন্ত্রের প্রত্যাবর্তন অর্থনীতির বিকাশকে ব্যাহত করবে। রাষ্ট্রধর্ম এবং ধর্মনিরপেক্ষতার গোঁজামিল এ দেশের মানুষকে দিক-নির্দেশনাহীন জনগোষ্ঠীতে পরিণত করবে। মুসলিম বিশ্বের সঙ্গে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক জোরদার বিলোপ করায় বৈদেশিক কর্মসংস্থানের আওতা সংকুচিত হয়ে পড়বে। মুক্তিযুদ্ধের মহিমাকে ম্লান করে দেবে। দলীয় সরকারের অধীনে প্রহসনের নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া হবে।সংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আর এ গনি, মাহাবুবুর রহমান, এম কে আনোয়ার, গয়েশ্বর চন্দ্র রায়, জমির উদ্দিন সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।