সংবিধান ও গণতন্ত্রবিরোধী কর্মকাণ্ড প্রতিহত করুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবিধান এবং গণতন্ত্রবিরোধী যেকোনো কর্মকাণ্ড সর্বশক্তি দিয়ে প্রতিহত করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল মঙ্গলবার সকালে সেনাসদর দপ্তরে জেনারেলদের সম্মেলনে তিনি এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের সংবিধান এবং গণতান্ত্রিক সরকারের প্রতি সবার পূর্ণ আনুগত্য থাকতে হবে, সংবিধান ও গণতন্ত্রকে সমুন্নত রাখতে হবে। সেনাসূত্র জানিয়েছে, সম্মেলনে সেনাবাহিনীর মেজর জেনারেল থেকে শুরু করে এর ওপরের সব কর্মকর্তা উপস্থিত ছিলেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, সকালে সেনাসদরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রীর নিরাপত্তা ও প্রতিরক্ষা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক এবং সেনাবাহিনীর প্রধান জেনারেল মোহাম্মদ আব্দুল মুবীন। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবং প্রতিরক্ষাসচিব এ সময় উপস্থিত ছিলেন। সম্প্রতি গণতান্ত্রিক ধারা ব্যাহত করার যে অপচেষ্টা হয়েছিল, তা নস্যাৎ করে দেওয়ার জন্য সম্মেলনে প্রধানমন্ত্রী সেনাবাহিনীর সব সদস্যকে সাধুবাদ জানান। তিনি কর্মকর্তাদের উচ্চমানের নৈতিকতা ও পেশাগত দক্ষতার উদাহরণ সৃষ্টিরও আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতার লক্ষ্যকে সামনে রেখে সেনাবাহিনীর উন্নয়ন ও কল্যাণে বহু পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত সরকার পরিচালনার সময় বহু কার্যক্রম গ্রহণ করা হয়েছিল। এবারও সরকার গঠনের পর থেকে এ পর্যন্ত বহু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। শেখ হাসিনা বলেন, জাতির পিতার নির্দেশে বাংলাদেশ সেনাবাহিনীর জন্য ১৯৭৪ সালে সর্বপ্রথম ‘ফোর্সেস গোল’ করা হয়েছিল। বহু বছর পর আবার ‘ফোর্সেস গোল ২০৩০’ প্রণয়ন করা হয়েছে। ফোর্সেস গোলের প্রথম পাঁচ বছর মেয়াদি ধাপের বাস্তবায়নের অংশ হিসেবে বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে অনুমোদন দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। তিনি বলেন, সেনাবাহিনী তথ্যপ্রযুক্তি নীতি বাস্তবায়নে ‘আর্মি আইটি সাপোর্ট অর্গানাইজেশন’ সহায়ক ভূমিকা রাখবে।