সংবিধান ও প্রচলিত আইনে ফতোয়ার স্থান নেই: রোকন উদ্দিন মাহমুদ
‘আমাদের সংবিধান, প্রচলিত ও প্রণীত আইনে ফতোয়ার কোনো স্থান নেই।’ এটা অসাংবিধানিক ও আইনবহির্ভূত বলে অভিমত দিয়েছেন অ্যামিকাস কিউরি রোকন উদ্দিন মাহমুদ। ফতোয়া অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে করা আপিল শুনানিতে অংশ নিয়ে আজ বৃহস্পতিবার তিনি এ মত ব্যক্ত করেন। প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্বে ছয় বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চে অষ্টম দিনের মতো এ বিষয়ে শুনানি চলছে।রোকন উদ্দিন মাহমুদ আরও বলেন, ‘কোনো ইমাম ও মাওলানা সাহেবের ফতোয়া দেওয়ার এখতিয়ার নেই। ইসলামি শরিয়া অ্যাক্ট-১৯৩৭ অনুসারে মুসলমানদের পারিবারিক ক্ষেত্রে মুসলিম আইন প্রযোজ্য হবে। বিবাহ, সম্পত্তি ও উত্তরাধিকার—এ তিনটি ক্ষেত্রে মুসলিম শরিয়া প্রযোজ্য। তবে এতেও পরিবর্তন এসেছে। ফতোয়া হচ্ছে মত। ইসলামি আইনে নির্দিষ্ট জ্ঞানের অধিকারীরাই মত দিতে পারেন। কিন্তু আমাদের দেশে ইমাম, মোয়াজ্জিনদেরও ফতোয়া দিতে দেখা যায়।’ এর আগে শুনানিতে অংশ নিয়ে আইনজীবী এম আমীর-উল ইসলাম বলেন, ফতোয়া কোনো কর্তৃপক্ষীয় বিষয় নয়। ধর্ম সম্পর্কে জানলে মা-বাবা, আত্মীয়-স্বজন, আলেমরা মত দিতে পারেন। এটা বাধ্যবাধকতার বিষয় নয়।ফতোয়াকে জ্ঞান উল্লেখ করে তিনি বলেন, ইসলামে মুক্ত জ্ঞান, মুক্ত ফয়সালা সবার জন্য উন্মুক্ত। মত দেওয়ার ক্ষেত্রে সুনির্দিষ্ট ব্যক্তি থাকতে পারে না। এ ক্ষেত্রে আইন অনুযায়ী কারও স্বাধীনতা, জীবনের স্বাধীনতা, পারিবারিক স্বাধীনতা, মৌলিক অধিকারে আঘাত এলে তা গ্রহণযোগ্য নয়। যেকোনো জ্ঞানী ব্যক্তি যিনি ধর্ম সম্পর্কে জানেন, তাঁর কাছ থেকে আমরা ফয়সালা পেতে পারি।বিচারপতিদের শপথের বিষয়বস্তু তুলে ধরে তিনি বলেন, হাইকোর্টের স্যুয়োমটো রুল জারির ক্ষমতা রয়েছে।