সংবিধান ছুড়ে ফেলার মতো অশালীন বক্তব্য অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিরোধীদলীয় নেতা দেশের পবিত্র সংবিধান ছুড়ে ফেলে দেবেন বলে যে অশালীন বক্তব্য রেখেছেন, জাতি তা প্রত্যাশা করে না। গতকাল বৃহস্পতিবার দুপুরে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের (আইডিবি) নবনির্বাচিত কর্মকর্তারা প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে এলে তিনি এ কথা বলেন। খবর বাসসের।প্রধানমন্ত্রী বলেন, বিরোধীদলীয় নেতার স্বামী অবৈধভাবে ক্ষমতা দখল করে সঙ্গিনের খোঁচায় সংবিধান ক্ষতবিক্ষত করেছিলেন। তাই তাঁর স্ত্রী হয়ে বেগম খালেদা জিয়া সংবিধান সম্পর্কে এ ধরনের বক্তব্য রাখবেন, সেটাই স্বাভাবিক। প্রধানমন্ত্রী বলেন, যুদ্ধাপরাধী, দুর্নীতিবাজ, গ্রেনেড হামলাকারী ও অর্থ পাচারকারীদের বিচারের প্রক্রিয়া শুরু হয়েছে। এদের রক্ষা করার জন্যই বিএনপি-জামায়াত জোট অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, তাদের কোনো অপচেষ্টাই সফল হবে না। এ দেশে যুদ্ধাপরাধী, দুর্নীতিবাজ, অর্থ পাচারকারী ও গ্রেনেড হামলাকারীদের বিচার হবেই। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিজ্ঞান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি-বিষয়ক প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান, আইডিবির সভাপতি এ কে এম এ হামিদ ও সাধারণ সম্পাদক মো. শামসুর রহমান। প্রধানমন্ত্রী বলেন, ‘স্বাধীনতার পর যুদ্ধাপরাধীদের বিচার শুরু হয়েছিল। অনেকের নাগরিকত্বও বাতিল এবং অনেককে বন্দী করা হয়েছিল। কিন্তু জিয়াউর রহমান অবৈধভাবে ক্ষমতা দখল করে সামরিক আদেশবলে এসব যুদ্ধাপরাধীকে মুক্তি দেন এবং রাজনীতিতে পুনর্বাসিত করেন। এঁদের কেউ কেউ মন্ত্রী এবং সাংসদ হওয়ার সুযোগও পান।’ তিনি আরও বলেন, ‘জিয়াউর রহমান বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচারের ব্যবস্থা না করে তাঁদের বিদেশে বাংলাদেশের দূতাবাসে চাকরি দিয়ে পুরস্কৃত করেছিলেন। তাঁর স্ত্রী বেগম খালেদা জিয়া ১৫ ফেব্রুয়ারির ভোটারবিহীন নির্বাচনে বঙ্গবন্ধুর খুনি কর্নেল রশিদকে বিরোধী দলের নেতা ও আরেক খুনি হুদাকে সাংসদ করেছিলেন।’ শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর সামরিক আদেশ দিয়ে সংবিধান থেকে মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধ মুছে ফেলা হয়েছিল। চালু করা হয়েছিল হত্যা ও ক্যুর মাধ্যমে ক্ষমতাদখলের রাজনীতি।প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে স্বাধীনতার মূল্যবোধ ও মুক্তিযুদ্ধের চেতনা পুনঃপ্রতিষ্ঠিত করে সংবিধানকে কলুষমুক্ত করেছে। বিগত নির্বাচনে জনগণ মহাজোটকে বিপুলভাবে বিজয়ী করেছিল বলেই সংবিধান কলুষমুক্ত করা সম্ভব হয়েছে। তিনি এ জন্য দেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।নবনির্বাচিত কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের অবকাঠামোগত উন্নয়নে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ভূমিকা গুরুত্বপূর্ণ । তিনি মান বজায় রেখে দ্রুততার সঙ্গে সরকারের নেওয়া বিভিন্ন উন্নয়ন-কার্যক্রম বাস্তবায়নের ওপর জোর দেন। তিনি দৃঢ় আস্থা ব্যক্ত করে বলেন, ‘আত্মমর্যাদাশীল জাতি হিসেবে আমরা স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপন করব ইনশাআল্লাহ।’প্রধানমন্ত্রী বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ব্যাপক দুর্নীতি ও রাষ্ট্রীয় সম্পদ লুটপাটের কথা উল্লেখ করে বলেন, সাবেক প্রধানমন্ত্রী ও তাঁর পরিবারের সদস্যরা দুর্নীতির মাধ্যমে কালোটাকাকে সাদা করেছিলেন। বেগম জিয়ার দুই পুত্রকে লেখাপড়ার জন্য রাষ্ট্রীয় কোষাগার থেকে টাকা দেওয়া হতো।শেখ হাসিনা ২০০৪ সালে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে গ্রেনেড হামলার কথা উল্লেখ করে বলেন, ওই সময় বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা ছিল সন্দেহজনক। সাধারণত এ ধরনের ঘটনায় পুলিশ আহতদের উদ্ধারকাজে নিয়োজিত হয়। কিন্তু সেদিন পুলিশ উদ্ধার না করে আহতদের ওপর টিয়ার গ্যাস ও লাঠিচার্জ করেছিল। এ থেকেই বোঝা যায়, এ ঘটনার সঙ্গে কারা জড়িত ছিল।শেখ হাসিনা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং সমাধানের আশ্বাস দেন।