খালেদার প্রতি প্রধানমন্ত্রী
সংবিধান ছুড়ে ফেলার মতো ধৃষ্টতাপূর্ণ বক্তব্য প্রত্যাহার করুন
সংবিধান ছুড়ে ফেলে দেওয়ার মতো ধৃষ্টতাপূর্ণ বক্তব্য প্রত্যাহারের জন্য বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তা নাহলে জাতি ক্ষমা করবে না বলেও মন্তব্য করেছেন তিনি।আজ বুধবার গণভবনে স্বেচ্ছাসেবক লীগের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ মন্তব্য করেন।শেখ হাসিনা বলেন, ৩০ লাখ শহীদের রক্তে রঞ্জিত সংবিধানের অবমাননার জন্যে বিরোধীদলীয় নেতাকে অবশ্যই জাতির কাছে ক্ষমা চাইতে হবে। যারা স্বাধীনতা-সার্বভৌমত্বে বিশ্বাস করে না, মুক্তিযুদ্ধের বিজয়কে মেনে নিতে পারেনি, তারাই সংবিধান ছুড়ে ফেলে দেওয়ার মতো ধৃষ্টতাপূর্ণ বক্তব্য দিতে পারেন।শেখ হাসিনা আরও বলেন, ‘খালেদা জিয়ার পক্ষেই সংবিধান ছুড়ে ফেলে দেওয়ার মতো বক্তব্য দেওয়া স্বাভাবিক। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে অবৈধ বিষয়গুলোকে বাদ দিয়ে সংবিধানকে পবিত্র করা হয়েছে। গত নির্বাচনে জনগণ আমাদের সংসদে তিন-চতুর্থাংশ আসন দিয়েছিল বলেই আমরা দীর্ঘ ৩৫ বছর পর সংবিধানে মুক্তিযুদ্ধের চেতনা পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি।’প্রধানমন্ত্রী বলেন, ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদে যে তত্ত্বাবধায়ক সরকারের বিল পাস করা হয়েছিল, তা ছিল ত্রুটিপূর্ণ। বিগত তিনটি নির্বাচনে জাতি তা লক্ষ করেছে। বিরোধীদলীয় নেতা একসময় নির্দলীয়, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের বিরোধিতা করলেও এখন তত্ত্বাবধায়ক সরকারের জন্য সোচ্চার হয়েছেন। তিনি যদি তত্ত্বাবধায়ক সরকার চান, তাহলে তাঁকে স্বীকার করতে হবে ২০০৮ সালের নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু হয়েছে। তত্ত্বাবধায়ক সরকার তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে যে দুর্নীতি ও অর্থ পাচারের মামলা দিয়েছে, তাও সঠিক এবং যুক্তিযুক্ত।এ সময় আগামী সেপ্টেম্বর অথবা অক্টোবর মাসে স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন অনুষ্ঠানের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মোহাম্মদ আবু কাওসারের সভাপতিত্বে এই অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমসহ স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। বাসস।