সংবিধান ছুড়ে ফেলার মতো বক্তব্যের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবিধান ছুড়ে ফেলে দেওয়ার মতো ঔদ্ধত্য এবং ধৃষ্টতাপূর্ণ ও রাষ্ট্রদ্রোহমূলক বক্তব্য ভবিষ্যতে কেউ যাতে না দেয়, সে জন্য দেশবাসীকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।আজ রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ইকবাল সোবহান চৌধুরী ও মহাসচিব আবদুল জলিল ভূঁইয়ার নেতৃত্বে একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত্ করতে গেলে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।পঞ্চদশ সংশোধনীকে সংবিধানের রক্ষাকবচ মন্তব্য করে শেখ হাসিনা বলেন, ‘আর যাতে কেউ সংবিধান লঙ্ঘন করে অবৈধভাবে ক্ষমতা দখল করতে না পারে, এই সংশোধনীর মাধ্যমে তা নিশ্চিত করা হয়েছে। বিরোধী দলের নেত্রীর এটা পছন্দ হয়নি। ৩৫ বছর পর সংবিধান সংশোধন করে আমরা মুক্তিযুদ্ধের চেতনা পুনঃপ্রতিষ্ঠার সুযোগ পেয়েছি। কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত না দিয়ে সব ধর্মের মানুষের ধর্ম পালনের স্বাধীনতা নিশ্চিত করে সংবিধান সংশোধন করা হয়েছে। কেউ কেউ বলছেন, সংবিধানে আল্লাহর নাম দেখতে পাচ্ছেন না। যদি বিসমিল্লাহির রাহমানির রাহিম-এর মধ্যে তাঁরা আল্ল¬াহর নাম খুঁজে না পান, তাহলে তাঁদের চোখ থাকতেও অন্ধ বলা ছাড়া আর কী উপায় আছে।’শেখ হাসিনা আরও বলেন, বিরোধীদলীয় নেত্রীর সাংবিধানিক সুযোগ-সুবিধা নিয়ে বেগম খালেদা জিয়া সংবিধান ছুুড়ে ফেলার যে অশালীন বক্তব্য দিয়েছেন, তা রাষ্ট্রদ্রোহের শামিল। সংবিধান নিয়ে যাঁরা এ ধরনের বক্তব্য দিতে পারেন, তাঁদের দেশপ্রেম কতটুকু রয়েছে, তা প্রশ্নসাপেক্ষ।এ সময় সাংবাদিকদের পক্ষ থেকে অষ্টম ওয়েজ বোর্ড, সাংবাদিক কল্যাণ ফান্ড গঠন, আবাসন সমস্যাসহ বিভিন্ন সমস্যা সমাধানের দাবি জানিয়ে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দেওয়া হয়।প্রধানমন্ত্রী অষ্টম ওয়েজ বোর্ড গঠনের বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণের জন্যে তথ্যমন্ত্রীকে নির্দেশ দেন। তিনি সাংবাদিক কল্যাণ ফান্ডে ৩০ লাখ টাকা অনুদানের কথা ঘোষণা করেন। প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার জন্য নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তার ওপরও গুরুত্বারোপ করেন তিনি। সাংবাদিকদের দাবির পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী তথ্য মন্ত্রণালয়ের অধীনে একটি কল্যাণ ফান্ড গঠনেরও আশ্বাস দেন।এ সময় প্রধানমন্ত্রীর মুখ্যসচিব এম এ করিম, প্রেস সচিব আবুল কালাম আজাদ এবং সাংবাদিক নেতা মনজুরুল আহসান বুলবুল, আলতাফ মাহমুদ, উত্পল সরকার, মধুসূদন মণ্ডল, আতাউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।—বাসস।