নির্বাচনকালীন সরকার-পদ্ধতি সম্পর্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমি সংবিধানে বিশ্বাস করি। যা হবে সংবিধান মোতাবেক হবে। তার থেকে একচুলও নড়া হবে না।’গতকাল রোববার গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন। দেশি পাটের জীবন- রহস্য উন্মোচনের ঘোষণা দেওয়া উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।নির্বাচনকালে সংসদ ভেঙে দেওয়া হবে কি না, এ বিষয়ে শেখ হাসিনা বলেন, এ ব্যাপারে সংবিধানে স্পষ্ট লেখা আছে। সংসদীয় সরকারব্যবস্থায় পরবর্তী নির্বাচন পর্যন্ত সংসদ থাকে। সংসদীয় সরকারব্যবস্থায় যে পদ্ধতিতে সংসদ ভাঙে-গড়ে, এখানেও সেভাবেই হবে। সংসদ ভেঙে দিলেও জরুরি অবস্থায় বা যুদ্ধকালীন সময়ে রাষ্ট্রপতি সংসদ অধিবেশন আহ্বান করতে পারেন।সংসদ না ভেঙে নির্বাচনের আয়োজন করলে সাংবিধানিক সংকট সৃষ্টি হতে পারে বলে বিরোধী দলের আশঙ্কা নাকচ করে প্রধানমন্ত্রী বলেন, ‘কোনো সাংবিধানিক সংকট হবে না। বিরোধী দল সাংবিধানিক সংকট তৈরি করতে চাইছে। কিন্তু এটা হবে না। আমরা তা চাই না।’সংবিধানের পঞ্চদশ সংশোধন অনুযায়ী, বর্তমান সংসদের মেয়াদ শেষ হওয়ার আগের তিন মাসের মধ্যে অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন হবে। বর্তমান প্রধানমন্ত্রী অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হবেন। আগামী নির্বাচন পর্যন্ত শেখ হাসিনাই প্রধানমন্ত্রী থাকবেন কি না, তা সরাসরি প্রধানমন্ত্রীর মুখ থেকে শুনতে চাইলে তিনি বলেন, এসব সংবিধানে লেখা আছে। সে অনুযায়ী সব হবে।বিএনপি আগামী দিনে ক্ষমতায় গেলে তাদের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে বলে মনে করেন কি না, এ প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, ‘কেউ এদিক-ওদিক করলে জনগণ তা মেনে নেবে না। তবে এতে শঙ্কিত হওয়ার কী আছে? আপনারা যদি ঠিক থাকেন, সব ঠিক থাকবে। আর বিএনপি থাকলে যে অবাধ নির্বাচন হয় না, তা তো প্রমাণিত।’দলীয় সরকারের অধীনে বিরোধী দলের ভোট কারচুপির আশঙ্কা সম্পর্কে জানতে চাইলে শেখ হাসিনা বলেন, ‘ভোট চুরির নিয়ত আমাদের নেই। এত কাজ করার পরও যদি জনগণ ভোট না দেয়, তাহলে তো আমাদের করার কিছু নেই। তবে ভোট চুরি করে ক্ষমতায় থাকব না।’ বিগত সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের কথা উল্লেখ করে শেখ হাসিনা সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘আমরা আপনাদের আলোর পথে নিতে চাই, আপনারা অন্ধকারে যেতে চান?’ অসাংবিধানিকভাবে যে কারও ক্ষমতা গ্রহণের বিরুদ্ধে আওয়ামী লীগ সক্রিয় থাকবে জানিয়ে তিনি বলেন, যাদের দল করার ক্ষমতা নেই, ভোটে দাঁড়াবার সাহস নেই, অথচ ক্ষমতায় যাওয়ার খায়েশ আছে, তারাই এ ধরনের সুযোগের অপেক্ষায় থাকে। তাদের জন্য জনগণ কষ্ট ভোগ করবে কেন?প্রার্থিতা বাতিলের ক্ষমতা বিলোপে নির্বাচন কমিশনের প্রস্তাব নিয়ে সৃষ্ট বিতর্ক সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, ‘এটা নির্বাচন কমিশনের ব্যাপার। তারা সংবিধান অনুযায়ী পদক্ষেপ নেবে। এটা তাদের কাছ থেকে পরিষ্কার করে নেবেন। আমরা নির্বাচন কমিশনকে ক্ষমতাশালী করেছি।’আবারও সংবিধান সংশোধন করা হবে কি না, জানতে চাইলে প্রধানমন্ত্রী তা নাকচ করে দেন। বলেন, আদালতের রায়ে সংবিধান সংশোধন করা হয়েছে। এটা নিয়ে কেন বিতর্ক হবে? তিনি বলেন, বর্তমান সরকারের সময়ে উপনির্বাচন, সিটি করপোরেশন এবং স্থানীয় সরকার নির্বাচনসহ পাঁচ হাজার ৭২৩টি নির্বাচন হয়েছে। ৬৩ হাজার ৯৪১ জন জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছেন। এসব নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন ওঠেনি। সরকার বা প্রশাসন নির্বাচন অনুষ্ঠানে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করেনি। বিরোধীদলীয় নেত্রী বিজয়ী প্রার্থীকে সঙ্গে নিয়ে বক্তব্য দেন, বর্তমান সরকারের অধীনে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হবে না। তাহলে তাঁরা জিতলেন কীভাবে?হেফাজতে ইসলামের কর্মসূচি সম্পর্কে শেখ হাসিনা বলেন, বিশ্বের ইতিহাসে কোথাও এত কোরআন শরিফ পোড়ানো হয়নি। বিএনপি ও জামায়াত এ ঘটনায় জড়িত। ইসলামের ওপর এত বড় আঘাত অতীতে কেউ করেনি। সাংবাদিকদের জন্য কল্যাণ তহবিল গঠনের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘আওয়ামী লীগ সরকারই দেশে প্রথম বেসরকারি টিভি চ্যানেল করার সুযোগ দিয়েছে। কিন্তু দুর্ভাগ্য, আমরা এতগুলো চ্যানেল দিলাম, এখন আমরাই শত্রু হয়ে গেলাম। টক শোর টক কথায় আওয়ামী লীগকে ঘায়েল করা যেন অভ্যাসে পরিণত হয়েছে।’দুর্নীতিবিরোধী অবস্থানের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘হল-মার্ক, ডেসটিনিসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগের তদন্ত চলছে। দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। হল-মার্কের সৃষ্টি হাওয়া ভবন থেকে। আমরা ব্যবস্থা নিয়েছি। চোর ধরতে গিয়ে চোর হলাম।’ বিদ্যুৎ, শিল্প, অর্থনৈতিক, শিক্ষা, যোগাযোগসহ বিভিন্ন খাতে সরকারের ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ডের কথা তুলে ধরে তিনি বলেন, অনেকে এসব দেখেও দেখতে চান না। কারণ এসব আওয়ামী লীগ করেছে। তিনি জানান, মাথাপিছু আয় বেড়ে ৯৫০ ডলার হয়েছে। দারিদ্র্যের হার কমে ২৬ শতাংশ হয়েছে। পাঁচ কোটি মানুষ দরিদ্র থেকে মধ্যবিত্তে পরিণত হয়েছে। দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা আট হাজার ৬০০ মেগাওয়াটে উন্নীত হয়েছে। সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী ফারুক খান, পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবীর নানক, বিজ্ঞানী মাকসুদুল আলম এবং প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী উপস্থিত ছিলেন।