সংবিধান থেকে বঙ্গবন্ধুর নাম মোছার সুযোগ থাকবে না: সুরঞ্জিত
সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটির কো-চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, জাতির পিতার সাংবিধানিক স্বীকৃতির বিষয়টি সংবিধানের প্রজাতন্ত্র অধ্যায়ে অন্তর্ভুক্ত করা হবে। বিষয়টি অপরিবর্তনীয় ও অলঙ্ঘনীয় করা হবে। এর ফলে সংবিধান থেকে বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার সুযোগ থাকবে না।সংবিধানে বঙ্গবন্ধুকে স্বাধীনতার ঘোষক স্বীকৃতি দেওয়া হলে ভবিষ্যতে ক্ষমতায় এসে তা পরিবর্তন করা হবে বলে বিএনপি নেতা মওদুদ আহমদের গতকাল বক্তব্য দেন। তাঁর এ বক্তব্যের জবাবে সুরঞ্জিত সেনগুপ্ত আজ সোমবার দুপুরে সংসদ ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, সংবিধান থেকে বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার সুযোগ পাবে না বিএনপি। সেটি করতে হলে দুই-তৃতীয়াংশ সংসদ সদস্যের সমর্থন লাগবে। সেই সুযোগ বিএনপি পাবে না বলেও তিনি মন্তব্য করেন।সংবিধান সংশোধনের বিরোধিতা না করে বিশেষ কমিটির সভায় যোগ দিয়ে সহযোগিতা করতে বিএনপির প্রতি আহ্বান জানান সুরঞ্জিত সেনগুপ্ত। তিনি বলেন, ‘সংবিধানের একাদশ ও দ্বাদশ সংশোধনীতে আওয়ামী লীগ অংশ নিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছিল। এখনো বিশেষ কমিটিতে আসার সুযোগ আছে। আপনারা কোনো ধরনের উসকানি না দিয়ে বিশেষ কমিটিতে এসে কথা বলুন।’ ৪০ বছর আগের মীমাংসিত বিষয় নিয়ে কথা না বলার জন্যও তিনি আহ্বান জানান।