সংবিধান নিয়ে প্রধানমন্ত্রীর কাছে মওদুদের ব্যাখ্যা দাবি
দেশের সংবিধান এখন কোনটি, সে বিষয়ে প্রধানমন্ত্রীর ব্যাখ্যা দাবি করেছেন বিএনপির সাংসদ মওদুদ আহমদ। আজ রোববার সংসদের অধিবেশনের শুরুতেই পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ দাবি করেন।দুই দিন বিরতির পর আজ বিকেল পাঁচটা ১০ মিনিটে স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়।মওদুদ আহমদ বলেন, ‘দেশে সংবিধান নিয়ে বিভ্রান্তি রয়েছে। সংবিধান সংশোধন করার ক্ষমতা আদালতের নেই। আইনমন্ত্রী সুপ্রিম কোর্টের রায়ের আলোকে সংবিধান পুনর্মুদ্রণ করেছেন। সেটাকে তিনি মূল সংবিধান বলছেন। এ নিয়ে আইনমন্ত্রীর সঙ্গে সুরঞ্জিত বাবুর সংঘাত তৈরি হয়েছে। এখন দেশে কোনো সংবিধান নেই। খসড়া সংবিধান অবৈধ। এই খসড়া মন্ত্রিসভায় অনুমোদন করা হয়নি। এই সংবিধান দিয়ে দেশ চলবে, এটা অবাস্তব। তাই দেশে এখন কোন সংবিধান রয়েছে, সে বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে ব্যাখ্যা দাবি করছি।’এরপর আইনমন্ত্রী শফিক আহমেদ বলেন, সামরিক ফরমান দিয়ে সংবিধান পরিবর্তন করা যায় না। সংবিধান সংশোধনের একমাত্র এখতিয়ার সংসদের। কিন্তু জিয়াউর রহমান সামরিক ফরমান দিয়ে সংবিধান পরিবর্তন করেছিলেন। সুপ্রিম কোর্ট সংবিধানের অসাংবিধানিক অংশ বাদ দিতে বলেছেন। মন্ত্রণালয় সে রায় অনুযায়ী সংবিধান পুনর্মুদ্রণ করেছে।