সংবিধান নিয়ে বক্তব্যটা ছিল রাজনৈতিক: আমিনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনী বলেছেন, ‘যে বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমাকে হাইকোর্টে তলব করা হয়েছে, তা ছিল একটি রাজনৈতিক বক্তব্য। এ জাতীয় বক্তব্যের আক্ষরিক বাস্তবায়ন অতীতে কখন হয়নি, ভবিষ্যতেও হবে না।’আজ শনিবার সকালে লালবাগে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।১৪ জুলাই দলের এক আলোচনা সভায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার একটি বক্তব্যের সূত্র ধরে তিনি বলেছিলেন, ‘সংশোধিত সংবিধানকে শুধু ছুড়ে ফেলা নয়, ডাস্টবিনে ফেলতে হবে।’ এ বক্তব্যের ব্যাপারে নিজের অবস্থান ব্যাখ্যা করতে আমিনী আজ সংবাদ সম্মেলন ডাকেন। আমিনী দাবি করেন, তিনি পুরো সংবিধান ডাস্টবিনে ফেলে দেওয়ার কথা বোঝাননি। তিনি সংবিধানের পঞ্চদশ সংশোধনীর অংশটি ছুড়ে ফেলে দেওয়ার কথা বলেছেন। এখানে সংবিধান শব্দটি রূপক অর্থে ব্যবহার হয়েছে।মুফতি আমিনী বলেন, রূপক অর্থে ব্যবহার হয় এমন শব্দ আমাদের রাজনীতিবিদেরা হরহামেশাই বলে থাকেন। যেমন আদালতের কাঁধে বন্দুক রেখে সরকার এ কাজ করছে। এর অর্থ এই নয় যে আসলে সরকার আদালতের কাঁধে বন্দুক রেখেছে।ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান বলেন, ‘আমাকেও আওয়ামী লীগের অনেক নেতা বুড়িগঙ্গায় নিক্ষেপের হুমকি দিয়েছিলেন। তাহলে তাঁদের বিরুদ্ধেও কি আমার হত্যা মামলা করতে হয় না?’সংবাদ সম্মেলনে দলের মহাসচিব আবদুল লতিফ নেজামী, খেলাফত আন্দোলনের আমির আহমদুল্লাহ আশরাফ, মহাসচিব জাফরুল্লাহ খান, খেলাফত মজলিসের নায়েবে আমির মুজিবুর রহমার পেশওয়ারী প্রমুখ উপস্থিত ছিলেন।প্রসঙ্গত, সংবিধান ডাস্টবিনে ছুড়ে ফেলার বক্তব্য দেওয়ায় আমিনীকে ২৭ জুলাই আদালতে হাজির হতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আদালত ওই দিন আমিনীকে তাঁর বক্তব্যের ব্যাখ্যা দিতে নির্দেশ দিয়েছেন।ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবীর আমিনীর ওই বক্তব্যের পরিপ্রেক্ষিতে রিট আবেদনটি করেন।