৮ নভেম্বর ২০১০ স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের আন্তব্যাচ আইন বিভাগ বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হলো বিশ্ববিদ্যালয়ের নিজস্ব সম্মেলনকক্ষে। প্রতিযোগিতায় মৌলিক অধিকার, রাষ্ট্র পরিচালনার মূলনীতি, আইনের শাসনসহ বিভিন্ন সাংবিধানিক বিষয় প্রাধান্য পায়। আইন বিভাগ আয়োজিত এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের বিষয় ছিল ‘বাংলাদেশের সংবিধানে জরুরি অবস্থার বিধানের প্রয়োজন আছে’।অভ্যন্তরীণ গোলযোগ ও দুর্যোগপূর্ণ সময়ে জরুরি অবস্থা বিধানের প্রয়োজনীয়তা তুলে ধরে বিতর্কের বিষয়ের পক্ষে অবস্থান নেন চতুর্থ ব্যাচের এ্যনিসা পারভীন, ফাহমিদা আফসানা, জান্নাতুন নূর। অন্য দিকে তৃতীয় ব্যাচের (বিজয়ী দল) ইফফাত আরা, হামিদুর রহমান, তিথী আখতার জরুরি অবস্থার বিধানকে সংবিধান থেকে বাতিলকরণের পক্ষে বলতে গিয়ে এই বিধানের ব্যাপক অপব্যবহারের সুযোগকে তুলে ধরেন। প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন ইফফাত আরা।ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের আইন বিভাগের উপদেষ্টা আসিফ নজরুল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডালিয়া পারভীন এবং স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের প্রভাষক জিনাত আমিন প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন।