সংবিধান পরিবর্তন করায় জিয়ারও বিচার হওয়া দরকার: মুনতাসীর মামুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মুনতাসীর মামুন বলেছেন, ‘দেশে সামরিক শাসন হলো মুক্তিযুদ্ধের বিপক্ষে। কিন্তু স্বাধীনতার পর মেজর জিয়াউর রহমান গায়ের জোরে সংবিধান পরিবর্তন করেছিলেন। তাই তিনি মৃত হলেও তাঁর বিচার হওয়া দরকার।’আজ বুধবার সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ‘ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে’ এক আলোচনা সভায় মুনতাসীর মামুন এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ এ অনুষ্ঠানের আয়োজন করে। মুনতাসীর মামুন বলেন, ‘পূর্ব বাংলার জনগণ ১৯৭১ সালে যুদ্ধ চায়নি, চেয়েছিল স্বাধীনতা। কিন্তু স্বাধীনতার পরিবর্তে চাপিয়ে দেওয়া হয়েছিল যুদ্ধ। তখনই বাংলার সর্বস্তরের জনগণ স্বাধীনতার ঘোষণা দিয়েই যুদ্ধ করেছিল। আর বর্তমানেও স্বাধীনতার বিপক্ষের শক্তির সঙ্গে যুদ্ধ চলছে।’ এই যুদ্ধে জয়লাভ করতে নিজ নিজ অবস্থান থেকে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মীজানুর রহমান, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মো. আশরাফ-উল-আলম, সাধারণ সম্পাদক এ কে এম মনিরুজ্জামান বক্তব্য দেন। এ সময় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান জুনায়েদ আহমদ, বাংলা বিভাগের চেয়ারম্যান চঞ্চল কুমার বোস প্রমুখ উপস্থিত ছিলেন।