সংবিধান পুনর্মুদ্রণের কাজ শিগগিরই শুরু হচ্ছে: আইনমন্ত্রী
শিগগিরই সংবিধান পুনর্মুদ্রণের কাজ শুরু হচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী শফিক আহমেদ। তিনি বলেছেন, আপিল বিভাগের রায়ের আলোকে বাহাত্তরের মূল সংবিধানের বাতিল হওয়া অনুচ্ছেদগুলো সংযোজন করেই সংবিধান পুনর্মুদ্রণ করা হবে।ডেনমার্কের নবনিযুক্ত রাষ্ট্রদূত সভেন্ড ওলিংয়ের সঙ্গে গতকাল সোমবার নিজ মন্ত্রণালয়ে বৈঠক শেষে আইনমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।শফিক আহমেদ বলেন, সুপ্রিম কোর্ট পঞ্চম সংশোধনী বাতিল করে রায় দেওয়ায় পঞ্চম সংশোধনীর মাধ্যমে মূল সংবিধানের যেসব বিষয় ও বিধান বাতিল করা হয়েছিল, সেগুলো স্বয়ংক্রিয়ভাবে প্রতিস্থাপিত হবে। প্রতিস্থাপিত বিষয়গুলো নিয়েই সংবিধান পুনর্মুদ্রণ করা হবে।আইনমন্ত্রী বলেন, আদালতের রায়ের আলোকে সংবিধানের বাতিল হওয়া অনুচ্ছেদগুলো সংযোজন করা, আর সংবিধান সংশোধন করা এক বিষয় নয়। এ বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বিএনপির মহাসচিবের বোঝার ক্ষেত্রে কিছুটা ফারাক (গ্যাপ) হয়েছে। পুনর্মুদ্রণের সঙ্গে সংবিধান সংশোধনবিষয়ক বিশেষ কমিটির কার্যক্রমের কোনো সম্পর্ক নেই।সংবিধান পুনর্মুদ্রণের বিষয়ে প্রধান বিচারপতির বক্তব্য প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, প্রধান বিচারপতি যা বলেছেন, তা সংবিধান সংশোধনের কথা নয়, তিনি পুনর্মুদ্রণের কথা বলেছেন। শফিক আহমেদ বলেন, সংবিধান সমর্থন করে না এমন আইন বাতিলের বিধান আছে। পঞ্চম সংশোধনীর মাধ্যমে সামরিক শাসনকে বৈধতা দেওয়া হয়েছিল। কিন্তু সংবিধানে সামরিক শাসনের কোনো বিধান নেই। তাই সংসদও সামরিক শাসনকে অনুমোদন দিতে পারে না। কাজেই সামরিক ফরমান দিয়ে সংবিধানে আনা পরিবর্তনকে সংসদও বৈধতা দিতে পারে না।সংবিধানের পুনর্মুদ্রণ সংসদের অধিকার ক্ষুণ্ন করবে না মন্তব্য করে আইনমন্ত্রী বলেন, সংবিধান পুনর্মুদ্রণের পর তাতে কোনো বিষয় সংযোজন বা বিয়োজনের প্রয়োজন হলে সংবিধান সংশোধন কমিটির সুপারিশের ভিত্তিতে সংসদ সে ব্যাপারে সিদ্ধান্ত নেবে।এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, পঞ্চম সংশোধনীর বিষয়ে সর্বোচ্চ আদালতের রায়ের কপি প্রকাশের পরপরই তা স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হয়ে গেছে।বাহাত্তরের মূল সংবিধানের বিলুপ্ত ধারাগুলো প্রতিস্থাপিত হলে দেশে ধর্মভিত্তিক রাজনৈতিক দল থাকবে কি না প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, মূল সংবিধানের আলোকে দেশে ধর্মভিত্তিক রাজনৈতিক দলের কোনো সুযোগ নেই। তবে সংবিধান মুদ্রণ হওয়ার পর নির্বাচন কমিশনের দায়িত্ব হবে কোন কোন রাজনৈতিক দলের আদর্শ ও লক্ষ্য-উদ্দেশ্য সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক, সেটা পরীক্ষা-নিরীক্ষা করে ব্যবস্থা নেওয়া। নির্বাচন কমিশন হয়তো ওইসব রাজনৈতিক দলকে চিঠি দেবে—সংবিধান মেনে তাদের গঠনতন্ত্র সংশোধনের জন্য।রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক: বৈঠকের বিষয়ে আইনমন্ত্রী বলেন, রাষ্ট্রদূতকে আইন মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম, জাতীয় মানবাধিকার কমিশন ও দুর্নীতি দমন কমিশনকে অধিকতর শক্তিশালী করতে সরকারের পরিকল্পনা ও কর্মসূচি সম্পর্কে অবহিত করেছেন তাঁরা।ডেনমার্কের রাষ্ট্রদূত বিচারব্যবস্থার সংস্কার, জাতীয় মানবাধিকার কমিশন, দুর্নীতি দমন কমিশনকে অধিকতর শক্তিশালী করতে সরকারের নেওয়া কার্যক্রম ও পরিকল্পনায় সন্তোষ প্রকাশ করেন। জাতীয় মানবাধিকার কমিশনকে অধিকতর শক্তিশালী এবং বিচারকদের প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রসারিত করার ক্ষেত্রে তিনি তাঁর সরকারের অধিকতর সহযোগিতার আশ্বাস দেন।