সর্বোচ্চ আদালতের রায়ের আলোকে সংবিধান পুনর্মুদ্রণের কারণে কোনো ধর্মভিত্তিক দল নিষিদ্ধ হবে না। বরং সংবিধান পুনর্মুদ্রণের পর ওসব দলের সঙ্গে আলোচনা করবে সরকার। তবে জামায়াতে ইসলামীকে এ আলোচনায় আমন্ত্রণ জানানো হবে না। গতকাল সোমবার মন্ত্রিসভার বৈঠকে এ নিয়ে আলোচনা হয়েছে। বৈঠক সূত্রে এ তথ্য জানা গেছে।সূত্র জানায়, মন্ত্রিসভার বৈঠকে সংবিধান সংশোধন সম্পর্কে স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের বক্তব্যের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন। স্থানীয় সরকারমন্ত্রী বলেন, পূর্ণাঙ্গ সংবিধান ছাড়া দেশ চলতে পারে না। এ সময় প্রধানমন্ত্রী দ্রুত সংবিধান পুনর্মুদ্রণের জন্য আইন মন্ত্রণালয়কে নির্দেশ দেন। বৈঠক সূত্র জানায়, প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা কখনোই বলিনি ধর্মভিত্তিক রাজনৈতিক দল নিষিদ্ধ করা হবে। আমরা সব সময় বাহাত্তরের সংবিধানে ফিরে যাওয়ার কথা বলেছি। সব সময়ই বলে আসছি, সব সিদ্ধান্তই নেওয়া হবে বাস্তব অবস্থা বিবেচনায় নিয়ে। সংসদ যেকোনো সময় মুদ্রিত সংবিধান সংশোধন কিংবা পরিমার্জন করতে পারবে।’প্রধানমন্ত্রী বলেন, সংবিধান সংশোধনের মাধ্যমে কোনো ধর্মভিত্তিক রাজনৈতিক দলের নাম পরিবর্তন করতে হবে না। যাদের যে নাম আছে তারা সেই নামেই পরিচিত হবে। প্রধানমন্ত্রী মন্ত্রিসভার সদস্যদের উদ্দেশে বলেন, বিষয়টি নিয়ে যেন কেউ বিভ্রান্তি সৃষ্টি করতে না পারে, সেদিকে খেয়াল রাখতে হবে। এখানে ভুল বোঝাবুঝির কোনো সুযোগ নেই। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ বলেন, বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়ের জন্য খেলোয়াড়দের অভিনন্দন জানান। বৈঠকে আগামী বছরের ছুটির তালিকা অনুমোদন করা হয়। এ বিষয়ে প্রেস সচিব বলেন, ২০১১ সালে সরকারি ছুটি রয়েছে মোট ১১ দিন। এর মধ্যে নির্বাহী আদেশে আট দিন ও ঐচ্ছিক ছুটি তিন দিন।বৈঠকে মন্ত্রিসভার নেওয়া সিদ্ধান্তগুলো বাস্তবায়নের তিন মাসের অগ্রগতিবিষয়ক প্রতিবেদন পেশ করা হয়। প্রেস সচিব বলেন, এ পর্যন্ত মন্ত্রিসভায় ৪১১টি সারসংক্ষেপ উপস্থাপন করা হয়েছে। আইন ও অধ্যাদেশ হয়েছে ১৪১টি, আইন পাস হয়েছে ১২৬টি ও প্রক্রিয়াধীন আছে ২২টি। এ ছাড়া সংসদে আরও ২২টি আইন উপস্থাপন করা হবে। আর বিভিন্ন মন্ত্রণালয়ে অনুমোদন পর্যায়ে আছে ১৩টি।বৈঠকে আরও জানানো হয়, ৮৪টি মন্ত্রিসভার বৈঠকে এ পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৫৫৪টি। এর মধ্যে বাস্তবায়ন হয়েছে ৪৮৮টি। সিদ্ধান্ত বাস্তবায়নের হার ৯২ শতাংশ। অন্যদিকে বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে একই সময়ে ২৯২টি সিদ্ধান্ত নেওয়া হয়। আইন পাস হয় ৬৯টি।প্রধানমন্ত্রীর প্রেস সচিব আরও জানান, বৈঠকে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত বাংলাদেশ-ইন্দোনেশিয়া যৌথ কমিশনের দ্বিতীয় সভায় বাংলাদেশ প্রতিনিধিদলের অংশগ্রহণ-সংক্রান্ত প্রতিবেদন মন্ত্রিসভাকে অবহিত করা হয়। এ ছাড়া নিউইয়র্কে অনুষ্ঠিত জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদে অংশগ্রহণ-সংক্রান্ত প্রতিবেদন মন্ত্রিসভাকে অবহিত করা হয়। বৈঠকে সোসাইটি রেজিস্ট্রেশন অধ্যাদেশ (সংশোধন আইন, ২০১০) উত্থাপন করা হলেও পরে তা প্রত্যাহার করা হয়।