সংবিধান রক্ষার জন্য আন্দোলনের ডাক খালেদার
বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া বলেছেন, ‘বর্তমান সরকার সংবিধান-পরিপন্থী কাজ করে চলছে। সংবিধান থেকে শহীদ জিয়াউর রহমানের নাম মুছে ফেলতে চাইছে। দেশ ও সংবিধান রক্ষার জন্য আমরা আন্দোলনের ডাক দিব। আশা করি আপনারা যোগ দেবেন।’খালেদা জিয়া বলেন, আওয়ামী লীগ সরকার ’৯৬ সালে যখন ক্ষমতায় ছিল তখন শেয়ারবাজারে ধস নেমেছিল। তারা ক্ষমতায় আসার পরে আবারও শেয়ারবাজারে একই অবস্থা হয়েছে।আজ রোববার বিকেলে গাজীপুর সদর উপজেলার কোনাবাড়ী কলেজ মাঠে জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খালেদা জিয়া বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার আগে চালের দাম ১০ টাকা করবে বলেছিল, কিন্তু করতে পারেনি। ঘরে ঘরে চাকরি দেবে বলেছিল, তা-ও দিতে পারেনি। গ্যাস-বিদ্যুতের সমস্যাও রয়ে গেছে। তিনি আরও বলেন, ‘এ সরকার দেশের সার্বভৌমত্ব অন্যের হাতে তুলে দিতে চায়। যার কারণে আমরা দেশ বাঁচাও, মানুষ বাঁচাও আন্দোলনের ডাক দিয়েছিলাম।’বিরোধীদলীয় নেতা বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার আমলে আমাকে বিদেশে পাঠানোর চেষ্টা করা হয়েছিল। আমার ছেলেদের ওপর নির্যাতন করা হয়েছে। কিন্তু আমি দেশ ছেড়ে যাইনি। তাই আপন-পর না চিনলে পস্তাবেন।’ সাংবাদিকদের উদ্দেশ করে খালেদা জিয়া বলেন, ‘আপনারা অনেক কষ্ট করে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করেন। কিন্তু সেগুলো এখন বাদ দিয়ে প্রচার করতে বাধ্য করা হয় আপনাদেরকে।’ তিনি বলেন, এ সরকার প্রতি পদে পদে ব্যর্থ হচ্ছে। শুধু লুটপাটে সফলতা রয়েছে।খালেদা বলেন, ‘নির্বাচনে কারচুপির জন্য ই-ভোটিং চালু হচ্ছে। কিন্তু আমরা তাদের তা করতে দেব না।’সমাবেশে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ, শ্রমিক দলের সভাপতি ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাফরুল হাসনাতসহ জেলা ও উপজেলার নেতারা। এতে সভাপতিত্ব করেন গাজীপুর জেলা শ্রমিক দলের সভাপতি সালাহ উদ্দিন সরকার।