সংবিধান সংশোধন কমিটির প্রথম বৈঠক ২৯ জুলাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবিধান সংশোধনসংক্রান্ত বিশেষ কমিটির প্রথম বৈঠক আগামী ২৯ জুলাই সংসদ ভবনে অনুষ্ঠিত হবে। আজ বৃহস্পতিবার বিকেলে সংসদ ভবনে কমিটির পক্ষ থেকে সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।ব্রিফিংয়ে কমিটির চেয়ারপারসন সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী জানান, কমিটিতে বিএনপির অন্তর্ভুক্তির রাস্তা বন্ধ হয়ে যায়নি। তাদের কাছ থেকে কারও নাম প্রস্তাব করা হলে তা সংসদে উপস্থাপন করে কমিটিতে অন্তর্ভুক্ত করা সম্ভব। আজ এই কমিটির পক্ষ থেকে প্রথম আনুষ্ঠানিক ব্রিফিং করা হয়। এতে সাজেদা চৌধুরী ছাড়া কমিটির কো-চেয়ারপরসন সুরঞ্জিত সেনগুপ্ত, সদস্য ফজলে রাব্বি মিয়া, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু ও হাছান মাহমুদ উপস্থিত ছিলেন।সংবিধান সংশোধনের উদ্দেশ্য সম্পর্কে সাজেদা চৌধুরী জানান, জনগণের সার্বভৌম ক্ষমতা পুনরায় প্রতিষ্ঠা করা, অবৈধভাবে রাষ্ট্রীয় ক্ষমতা দখল বন্ধ করা, আদালতের রায় বাস্তবায়ন করা, মুক্তিযুদ্ধের চেতনা সংরক্ষণ করা এবং মহাজোটের নির্বাচনী অঙ্গীকার পূরণ করার জন্য সংবিধান সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে।সাজেদা চৌধুরী বলেন, ‘আমাদের মূল সংবিধান ও বর্তমান সংবিধানের মধ্যে অনেক পার্থক্য তৈরি হয়েছে। এটা ঠিক করার জন্য সংবিধান সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। জনগণকে আস্থায় নিয়ে সংবিধান সংশোধন করা হবে। কমিটি প্রয়োজনে আইন বিশেষজ্ঞদের ডেকে তাঁদের পরামর্শ গ্রহণ করবে।’ সে জন্য ২৯ জুলাইয়ের বৈঠকে উপস্থিত থাকার জন্য আইনমন্ত্রী শফিক আহমেদকে বিশেষ আমন্ত্রণ জানানো হয়েছে।সংবিধান সংশোধন করলে অবৈধভাবে ক্ষমতা দখলের সুযোগ বন্ধ হবে কি না, জানতে চাইলে সাজেদা চৌধুরী বলেন, ‘হ্যাঁ হবে।’ এ প্রসঙ্গে তিনি জিয়াউর রহমানকে উদ্দেশ করে বলেন, ‘উনি ক্ষমতা দখল করে ইচ্ছেমতো সংবিধানকে ক্ষত-বিক্ষত করেছেন। আমরা সেই ক্ষত সারিয়ে সুন্দর সংবিধান দেওয়ার চেষ্টা করব।’সংবিধান সংশোধন কমিটিকে অসাংবিধানিক বলে বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন যে মন্তব্য করেছেন, সে সম্পর্কে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, এটা তিনি বিদ্বেষপ্রসূত হয়ে বলে থাকতে পারেন। তাঁরা যখন সংবিধান সংশোধন করেছিলেন, তখনো কার্যপ্রণালী বিধির ২৬৬ ধারা অনুযায়ী কমিটি গঠিত হয়েছিল। এখনো তাই হয়েছে।