সংবিধান সংশোধন করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, সংসদের মেয়াদ থাকা অবস্থায় নির্বাচন হলে তা নিরপেক্ষ হবে না। কারণ, বর্তমান সাংসদ ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে সমান সুযোগ (লেভেল প্লেইং ফিল্ড) থাকবে না। বর্তমান এমপি প্রশাসনের কাছে অধিক গুরুত্ব পাবে। এই অসংগতি দূর করতে সংবিধান সংশোধন করতে হবে। আজ শনিবার রাজধানীর তোপখানা রোডে ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মেনন এসব কথা বলেন।ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার উদাহরণ টেনে ওয়ার্কার্স পার্টির সভাপতি বলেন, এসব দেশে সংসদের সময়সীমা পার হওয়ার পর বা আগে সংসদ ভেঙে দিয়ে নির্বাচন হয়। তাই অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সংবিধানে এ ধারা সংশোধন করতে হবে।বর্তমান সংবিধান অনুযায়ী, সংসদের সময়সীমা শেষ হওয়ার তিন মাস আগে সংসদ নির্বাচনের বিধান রাখা হয়েছে।সংকট এড়াতে সংলাপের ওপর জোর দেন ওয়ার্কার্স পার্টির সভাপতি। তিনি বলেন, বিরোধী দল তাদের নির্বাচনকালীন সরকারের রূপরেখা সংসদের বাইরে বা ভেতরে দিতে পারে। ২০০৫ সালে আমরা সংসদের বাইরে প্রস্তাব দিয়েছিলাম। রাশেদ খান মেনন বলেন, ‘সংলাপ হবে, বিএনপিকে সংলাপে আসতে হবে। দুই-এক মাসের মধ্যে সংলাপ হতে হবে।’ মেনন বলেন, নির্বাচনকালীন জনপ্রশাসন, স্বরাষ্ট্র, স্থানীয় সরকার ও মন্ত্রিপরিষদ বিভাগ নির্বাচন কমিশনের নির্দেশে অনুযায়ী চললে নির্বাচনের নিরপেক্ষতা থাকবে। এ ছাড়া বিরোধী দলকে ওই অন্তর্বর্তীকালীন সরকারে অন্তর্ভুক্ত করা যেতে পারে।