সংবিধান সংশোধন নিয়ে সরকারের পদক্ষেপ পর্যবেক্ষণের সিদ্ধান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবিধান সংশোধন বিষয়ে সরকার আসলে কী করতে চায়, কোন কোন অনুচ্ছেদ পরিবর্তন করতে চায়—এটা পর্যবেক্ষণ করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি, চারদলীয় জোটের শরিক ও সমমনা দলগুলো। সরকারের পদক্ষেপ দেখে জোটের শরিক ও সমমনা দলগুলোর সঙ্গে বসে কর্মসূচি নির্ধারণ করবে বিএনপি।গতকাল বুধবার রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে চারদলীয় জোট ও সমমনা দলগুলোর এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। বৈঠকে অংশ নেওয়া নেতারা এসব তথ্য জানিয়েছেন। বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। তবে সংবিধান সংশোধন বিষয়ে সরকারের সাম্প্রতিক উদ্যোগের বিষয়টিই বেশি গুরুত্ব পায়।জামায়াতে ইসলামী, ইসলামী ঐক্যজোট, খেলাফত মজলিসসহ বৈঠকে অংশ নেওয়া ধর্মভিত্তিক দলগুলো সংবিধান সংশোধন বিষয়ে বেশি উদ্বিগ্ন। কারণ সরকার বাহাত্তরের সংবিধানে ফিরে যাওয়ার কথা বলছে। এটি হলে ধর্মভিত্তিক দলগুলো রাজনীতি করার অধিকার হারাবে। বৈঠকে এই দলগুলোর নেতারা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কাছে তাঁদের উদ্বেগের কথা তুলে ধরেন।রাত নয়টায় বৈঠক শুরু হয়ে প্রায় ১১টা পর্যন্ত চলে। খালেদা জিয়ার সভাপতিত্বে বৈঠকে বিএনপির পক্ষ থেকে খোন্দকার দেলোয়ার হোসেন, নজরুল ইসলাম খান ও মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন।জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ, ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম প্রমুখ দলটির প্রতিনিধিত্ব করেন। বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান সাংসদ আন্দালিব রহমান, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনী, খেলাফত মজলিসের আমির মাওলানা মোহাম্মদ ইসহাকও বৈঠকে অংশ নেন। জোটের শরিক ছাড়াও ইসলামিক পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), ন্যাশনাল পিপলস পার্টি, লেবার পার্টি, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি প্রভৃতি ডানপন্থী দলের নেতারা বৈঠকে অংশ নেন।সূত্র জানায়, ধর্মভিত্তিক দলগুলোর নেতারা সরকারের বিরুদ্ধে কঠোর কর্মসূচি দিতে খালেদা জিয়ার প্রতি অনুরোধ জানিয়েছেন। তবে তিনি এ বিষয়ে কোনো সিদ্ধান্তের কথা জানাননি। তিনি বরং ২৫ জুলাই পল্টন ময়দানে বিএনপির ডাকা গণ-অনশন কর্মসূচিতে অংশ নিতে তাঁদের প্রতি আহ্বান জানান।শরিক দলের নেতারা জানিয়েছেন, বৈঠকে আলোচনা হয়েছে, সরকার সংবিধান সংশোধনের যে উদ্যোগ নিয়েছে, এটা অস্পষ্ট। তা ছাড়া সংসদে প্রতিনিধিত্বকারী দল জামায়াত ও বিজেপিকে এই উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত করা হয়নি। এটি সরকারের গণতান্ত্রিক আচরণের পরিচয় নয়। এ ছাড়া সংবিধানের পঞ্চম সংশোধনী বাতিল বিষয়ে সুপ্রিম কোর্টের রায়ের কপি এখনো আসেনি। এ অবস্থায় সরকার তড়িঘড়ি করে সংবিধান সংশোধনের উদ্যোগ নিয়েছে, এটা সন্দেহজনক। এ বিষয়ে নিজেদের অবস্থান পরিষ্কার না করে সরকার যে কমিটি করেছে, তাকে পর্যবেক্ষণ করার কথা বলেছেন বৈঠকে অংশ নেওয়া নেতারা।বৈঠকে কী নিয়ে আলোচনা হয়েছে, জানতে চাইলে জামায়াত নেতা আজহারুল ইসলাম প্রথম আলোকে বলেন, দেশের সার্বিক পরিস্থিতি নিয়েই আলোচনা হয়েছে। এ ক্ষেত্রে কী করণীয়, তা নিয়ে কথা হয়েছে। তবে সিদ্ধান্ত তেমন হয়নি।আপনারা কী বলেছেন? জবাবে এ টি এম আজহার বলেন, ‘আমরা দেশের সামগ্রিক অবস্থা তুলে ধরেছি। আমরা সরকারের ব্যর্থতার কথা বলেছি। বলেছি, আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো নয়, শিক্ষাপ্রতিষ্ঠানে টেন্ডারবাজি-চাঁদাবাজি চলছে। আর সরকার বিদেশিদের স্বার্থ রক্ষায় ব্যস্ত। এ অবস্থায় সরকারের বিরুদ্ধে আন্দোলনের বিকল্প নেই।’ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা আবদুল লতিফ নেজামী প্রথম আলোকে বলেন, বৈঠকে অংশ নেওয়া নেতারা ঐক্যবদ্ধ আন্দোলনের প্রয়োজনের ওপর বিশেষ জোর দিয়েছেন। শরিক দলগুলোর পক্ষ থেকে বলা হয়েছে, দুর্বল কর্মসূচি দিয়ে আওয়ামী লীগকে কাবু করা যাবে না। কঠোর কর্মসূচি দিতে হবে।খালেদা জিয়া জবাবে কী বলেছেন জানতে চাইলে মাওলানা নেজামী বলেন, তিনি সব কথা শুনেছেন। বলেছেন, ২৫ জুলাই তাঁদের কর্মসূচি আছে। এতে অংশ নিতে তিনি অনুরোধ করেছেন।বৈঠক শেষে বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, সরকার সংবিধান সংশোধনের নামে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলোপ করতে চাইছে। এভাবে প্রহসনের নির্বাচনের মাধ্যমে তারা ক্ষমতায় টিকে থাকতে চায়। ভবিষ্যতে চারদলীয় জোটসহ সরকারবিরোধী সব শক্তিকে একত্র করে আন্দোলন জোরদার করা হবে। এসব নিয়েই বৈঠকে কথা হয়েছে।এর আগে দুপুরে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে খোন্দকার দেলোয়ার বলেন, কার্যপ্রণালি বিধিতে শুধু মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থ্থায়ী কমিটি, হিসাব কমিটি, বিশেষ অধিকার কমিটিসহ স্পিকার কর্তৃক কয়েকটি কমিটি গঠনের বিধান রয়েছে। এর বাইরে কোনো কমিটি গঠনের বিধান নেই। তাই সংবিধান সংশোধনে সরকার যে কমিটি করেছে, তা সংবিধান ও কার্যপ্রণালি বিধিবহির্ভূত।