সংবিধান সংশোধন-প্রক্রিয়ায় আদিবাসীদের স্বীকৃতির বিষয়টি অন্তর্ভুক্তির দাবি
সরকার সংবিধান সংশোধনের যে উদ্যোগ নিয়েছে, তাতে আদিবাসীদের অস্তিত্ব, পরিচয়, সংস্কৃতি ও অধিকারের স্বীকৃতির বিষয় অন্তর্ভুক্ত হতে হবে। এতে রাষ্ট্র হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা বাড়বে। আর সংবিধান সংশোধনের এ প্রক্রিয়ায় আদিবাসীদের অধিকারের স্বীকৃতি আদায়ে বাংলাদেশের আদিবাসী ফোরামের পক্ষ থেকে সহযোগিতা করা হবে।বাংলাদেশ আদিবাসী ফোরামের সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা আজ এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন। ৯ আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস সামনে রেখে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।আদিবাসীদের অধিকার নিশ্চিত করতে সংগঠনের পক্ষ থেকে ১৩ দফা দাবি তুলে ধরা হয়। এসব দাবির মধ্যে সংবিধান সংশোধনের মাধ্যমে দেশের ৪৫টি আদিবাসী জনগোষ্ঠীর সাংবিধানিক স্বীকৃতিসহ জাতীয় নীতিমালায় আদিবাসীদের স্বার্থ সংরক্ষণ, আদিবাসী-অধ্যুষিত অঞ্চলগুলোতে জাতীয় সংসদ ও স্থানীয় সরকার পরিষদ নির্বাচনে আসন সংরক্ষণ, সময়সূচিভিত্তিক পরিকল্পনার মাধ্যমে পার্বত্য চুক্তি বাস্তবায়ন সবিশেষ উল্লেখযোগ্য।পার্বত্য চুক্তি বাস্তবায়নে কোনো অগ্রগতি না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে সন্তু লারমা বলেন, বর্তমানে চুক্তি বাস্তবায়ন-প্রক্রিয়ায় প্রায় অচলাবস্থা বিরাজ করছে। চুক্তিবিরোধী ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সশস্ত্র সন্ত্রাস চালাচ্ছে। কিন্তু ইউপিডিএফের সশস্ত্র তত্পরতা বন্ধে এ পর্যন্ত কোনো উদ্যোগ নেওয়া হয়নি।সন্তু লারমা বলেন, পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হলে তার বিকল্প পথও আছে। চুক্তি বাস্তবায়নের জন্য তিন পার্বত্য জেলার বাঙালি-পাহাড়ি মিলে আন্দোলন করবে। শুধু তা-ই নয়, সমতলের যারা অসাম্প্রদায়িক, প্রগতিশীল শক্তি আছে, তাদেরও চুক্তি বাস্তবায়নের আন্দোলনে যুক্ত করা হবে।সংবিধান সংশোধনে সরকার যে উদ্যোগ নিয়েছে, তাতে আদিবাসীরা কীভাবে সহায়তা করবে জানতে চাইলে সন্তু লারমা বলেন, পার্বত্য চট্টগ্রামের প্রয়াত নেতা মানবেন্দ্র নারায়ণ লারমা যেসব প্রস্তাব রেখেছিলেন, তাসহ আরও বেশ কিছু প্রস্তাব দেওয়া হবে। আদিবাসীদের অধিকারের স্বীকৃতি না থাকায় এবং তাদের অধিকারের বিষয়টি উপেক্ষিত থাকায় মানবেন্দ্র লারমা সে সময় বেশ কিছু প্রস্তাব দিয়েছিলেন।সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গণফোরাম নেতা পঙ্কজ ভট্টাচার্য, আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং, আদিবাসী নেতা শক্তিপদ ত্রিপুরা, নেরুলা তংসং, জহিনুল কংওয়া এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মেজবাহ কামাল।